প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ১৬:৩১ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৬ ১৬:৪৫ পিএম
প্লেনের ককপিট। ছবি: এই সময় অনলাইন
বিমানের ককপিটে বসে পাইলট নেশাগ্রস্ত—এমন কথা শুনলে আঁতকে ওঠাই স্বাভাবিক। ভারতের বেসামরিক বিমান চলাচল খাতে সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। মদ্যপান করলে পরীক্ষায় ধরা পড়ার ভয় থাকলেও গাঁজা বা ড্রাগ শনাক্ত করা কঠিন, আর এই সুযোগটিই নিচ্ছেন এক শ্রেণির পাইলট। বিশেষ করে তরুণ পাইলটদের মধ্যে গাঁজা সেবনের প্রবণতা বাড়ছে বলে দাবি করেছেন খোদ সিনিয়র পাইলটরাই।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময় অনলাইন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে।
ঘটনার সূত্রপাত গত ৪ আগস্ট ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে। ওডিশার আকাশে অবস্থানকালে বিমানটি হঠাৎ করেই প্রায় ৩০০ ফুট নিচে নেমে আসে। আকস্মিক এই ঝাঁকুনিতে বিমানের ভেতরে থাকা কেবিন ক্রু ও যাত্রীসহ অন্তত ১৭ জন আহত হন। পরে তদন্ত ও মেডিক্যাল পরীক্ষায় জানা যায়, ওই ফ্লাইটের প্রধান পাইলট গাঁজা সেবন করেছিলেন। এছাড়া তিনি নিয়মিত ঘুমের ওষুধও খেতেন বলে জানা গেছে।
সিনিয়র পাইলটদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, টেক-অফের কিছুক্ষণ পরই নেশার ঘোরে ককপিটের মেঝেতে বসে পড়েছিলেন ওই পাইলট। মাঝেমধ্যে টালমাটাল অবস্থায় কো-পাইলটের সিটের পেছনে গিয়ে দাঁড়াচ্ছিলেন। সেখানে থাকা বিভিন্ন কন্ট্রোল-লিভারে বেসামাল পাইলটের হাতের ধাক্কা লেগে তিনবার ‘হাইড্রলিক ফেলিওর’ (যান্ত্রিক গোলযোগ) ঘটে বলে ধারণা করা হচ্ছে।
তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বিমানটি যখন দ্রুত নিচে নামছিল, তখন নেশাগ্রস্ত ওই পাইলট নিজেও ককপিটে ছিটকে পড়েন। যদিও সংকটের মুহূর্তে কো-পাইলটকে তিনি যে নির্দেশনা দিয়েছিলেন, তা সঠিক ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
উড়োজাহাজটি ৩০০ ফুট নিচে নেমে আসার সময় মাত্র ২-৩ মিনিটের ব্যবধানে ককপিটে অন্তত ১১টি অ্যালার্ম (সতর্ক সংকেত) বেজে ওঠে। হাইড্রলিক ফেলিওরের কারণে বিমানের অটো-পাইলট সিস্টেম বিকল হয়ে যায় এবং ভেতরের বায়ুচাপও বিঘ্নিত হতে শুরু করে। তবে সৌভাগ্যবশত বড় কোনো বিপর্যয় ঘটেনি; দ্রুতই সব সিস্টেম আবার সচল হয়ে যায়।
অবসরপ্রাপ্ত এয়ার ইন্ডিয়া পাইলট সুমন্ত রায়চৌধুরী প্রশ্ন তুলেছেন, “নিয়ম অনুযায়ী পরিস্থিতি সামাল দিতে ভুবনেশ্বর বা কলকাতায় জরুরি অবতরণ করানোর কথা ছিল। কিন্তু আহত যাত্রীদের নিয়ে কেন পাইলট দিল্লিতেই গেলেন, তা রহস্যজনক। হয়তো নেশার ঘোরে ছিলেন বলেই এমনটা করেছেন।”
পাইলটদের মতে, ফ্লাইটে ওঠার আগে নিয়মিত ‘ব্রেদলাইজার’ টেস্ট হয়, যেখানে মদ্যপান করলে সহজেই ধরা পড়ে। ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা গত এক বছরে মদ্যপানের অভিযোগে দুই পাইলটের লাইসেন্স বাতিল করেছে।
ক্যাপ্টেন সুমন্ত জানান, মদ খেলে ধরা পড়ার ভয় থাকে, কিন্তু গাঁজা বা কোকেন খেলে তা শনাক্ত করার সহজ কোনো যন্ত্র নেই। প্রতিটি ফ্লাইটের আগে পাইলটদের রক্ত বা ইউরিন টেস্ট করাও সম্ভব নয়। ফুকেট-দিল্লি ফ্লাইটে এই দুর্ঘটনা না ঘটলে হয়তো ওই পাইলট যে মাদকাসক্ত ছিলেন, তা জানাই যেত না।
অভিযুক্ত পাইলট অবশ্য মাদকের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, অতিরিক্ত ডিউটির কারণে ঘুম না হওয়া এবং বিশেষ কিছু ওষুধের প্রভাবে তার নারকো-টেস্ট ‘পজিটিভ’ এসেছে।
ডিজিসিএ-র নিয়ম অনুযায়ী, মাদক সেবন করে ধরা পড়লে পাইলটকে প্রথমে পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব) পাঠাতে হবে। তবে সিনিয়র পাইলটদের আশঙ্কা, এই কলঙ্কজনক ঘটনায় অভিযুক্ত পাইলট তার চাকরি ও পেশাদারী মর্যাদা চিরতরে হারাতে পারেন।