কয়েক দশকের মধ্যে ইউরোপে প্রথম পূর্ণ সূর্যগ্রহণ দেখতে লাখ লাখ মানুষের সমাগম। ছবি: পিবিএস
প্রায় ৩০ বছরের মধ্যে সবচেয়ে নাটকীয় সূর্যগ্রহণের সাক্ষী হলো যুক্তরাজ্য ও ইউরোপ। বিরল এই মহাজাগতিক দৃশ্য দেখতে বিভিন্ন দেশে জড়ো হন লাখো মানুষ।
যুক্তরাজ্যে দেখা মিলেছিল আংশিক সূর্যগ্রহণ। স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু পর গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। তখন দেশটির বেশিরভাগ অঞ্চলে চাঁদ সূর্যের ৯০ শতাংশেরও বেশি অংশ ঢেকে ফেলে।
তবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও স্পেনের কিছু এলাকায় দেখা যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সেখানে কয়েক মিনিটের জন্য দিনের আলো অনেকটাই নিভে গিয়ে চারপাশে নেমে আসে অন্ধকার। মনে হচ্ছিলো দিনের বেলাতেই সন্ধ্যা নেমে এসেছে।
বিরল এই মুহূর্তের সাক্ষী থাকতে যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন খোলা জায়গায় জড়ো হতে থাকেন মানুষ। গ্রহণের চূড়ান্ত মুহূর্তে দর্শকদের উচ্ছ্বাস, বিস্ময় ও করতালিতে মুখর হয়ে ওঠে বিভিন্ন স্থান। এই দৃশ্যকে মহাবিশ্বের অসাধারণত্বের এক অনন্য স্মারক বলছেন জ্যোতির্বিজ্ঞানপ্রেমীরা।
বিবিসি বলছে, সূর্যের পূর্ণগ্রাস গ্রহণের পথ শুরু হয়েছিল রাশিয়ার সাইবেরিয়ার উত্তর প্রান্ত থেকে। এরপর আর্কটিক মহাসাগরের ওপর দিয়ে এগিয়ে আইসল্যান্ডে পৌঁছায় সেটি। পরে দক্ষিণমুখী হয়ে ইউরোপের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে।
যুক্তরাজ্যে উত্তর স্কটল্যান্ডে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে আংশিক গ্রহণ শুরু হয়। ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে শুরু হয় প্রায় ৬টা ২০ মিনিটে।
শুরুতে খুব একটা বোঝা না গেলেও আকাশ পরিষ্কার থাকা এলাকাগুলোতে মানুষ ধীরে ধীরে দেখতে পান, চাঁদ যেন সূর্যের ওপর থেকে একটি অংশ ‘কেটে’ নিচ্ছে।
মধ্য ও দক্ষিণ ইংল্যান্ড এবং ওয়েলসের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকায় গ্রহণের চমৎকার দৃশ্য উপভোগ করেন মানুষ। উত্তর ইংল্যান্ড, স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডে আকাশ কিছুটা মেঘলা থাকলেও বিখ্যাত বিভিন্ন স্থানে মানুষের ভিড় কমেনি।
গ্রহণ দেখার জন্য বিশেষ সোলার গ্লাসের চাহিদাও ছিল তুঙ্গে। অনেক দোকানে এসব গ্লাস শেষ হয়ে যায়। এরপরও নিরাপদে গ্রহণ দেখার জন্য অনেকে ছিদ্রযুক্ত রান্নাঘরের ঝাঁঝরি, সিরিয়ালের বাক্স কিংবা কাগজও ব্যবহার করেন অনেকেই।
যুক্তরাজ্যের বিভিন্ন গ্রহণ ছিল প্রায় ৯০ শতাংশ। কর্নওয়ালে এই হার ছিল প্রায় ৯৫ শতাংশ।
স্পেনের কিছু এলাকায় অবশ্য দেখা যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে সূর্য, চাঁদ ও পৃথিবী পুরোপুরি এক সরলরেখায় চলে আসে।
স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আ কোরুনিয়ায় এই দৃশ্য দেখতে হাজার হাজার কিলোমিটার দূর থেকে ছুটে যান চিলির বিজ্ঞানী ইয়াসমিন ক্যাত্রিচেও। পূর্ণগ্রাসের মুহূর্তের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, সেখানে সবাই উচ্ছ্বাসে চিৎকার করছিলেন এবং একে অপরের সঙ্গে আনন্দ ভাগ করে নিচ্ছিলেন।
তার ভাষায়, “এই অনুভূতি প্রকাশ করার মতো কোনো শব্দ নেই। মহাবিশ্ব সত্যিই অসাধারণ”।
পৃথিবীর কোথাও না কোথাও প্রায় প্রতি ১৮ মাসে একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটে। কিন্তু নির্দিষ্ট কোনো স্থান থেকে এমন গ্রহণ দেখা অত্যন্ত বিরল- গড়ে প্রায় ৪০০ বছরে একবার।
পূর্ণগ্রাস স্থায়ী হয় দুই মিনিটেরও কম সময়। কিন্তু দর্শকদের কাছে মুহূর্তটি হয়ে ওঠে আজীবন মনে রাখার মতো অভিজ্ঞতা।
বিজ্ঞানীদের মতে, সূর্যগ্রহণের এই দৃশ্য সম্ভব হওয়ার পেছনেও রয়েছে এক বিস্ময়কর মহাজাগতিক কাকতাল। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার, যা চাঁদের দূরত্বের প্রায় ৪০০ গুণ। একইভাবে সূর্যের ব্যাস চাঁদের ব্যাসের প্রায় ৪০০ গুণ। ফলে পৃথিবী থেকে দুটিকে প্রায় একই আকারের মনে হয়- যার কারণেই চাঁদ কখনো পুরো সূর্যকে ঢেকে দিতে পারে।
চাঁদ সামান্য ছোট হলে কিংবা পৃথিবী থেকে তার কক্ষপথের দূরত্ব একটু বেশি হলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়তো কখনোই দেখা যেত না।
এদিকে ২০২৬ থেকে ২০২৮ সালকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ‘সোনালি সময়’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আগামী কয়েক বছরে বিশ্বজুড়ে তিনটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। তবে এর কোনোটিই যুক্তরাজ্য থেকে দেখা যাবে না।
যুক্তরাজ্যে ২০২৭ সালে একটি আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে, যেখানে কিছু অঞ্চলে সূর্যের প্রায় ৪৫ শতাংশ ঢেকে যাবে। দেশটিতে আজকের চেয়ে বেশি মাত্রার সূর্যগ্রহণ দেখতে আরও কয়েক দশক অপেক্ষা করতে হবে।
২০৮১ সালে যুক্তরাজ্যের কিছু এলাকায় সূর্যের প্রায় ৯৯ শতাংশ ঢেকে যাবে। আর দেশটির পরবর্তী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে ২০৯০ সালে।