প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ২১:৫৭ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৬ ২২:১২ পিএম
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের লোগো। ছবি: যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট
যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশী ও বিদেশিদের ওপর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি বেড়েই চলেছে। অবৈধ অভিবাসীদের বিতাড়নের পাশাপাশি এবার বৈধ ভিসা বাতিলের ক্ষেত্রেও কঠোর অবস্থান নিয়েছে তার সরকার।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের অধীনে এখন পর্যন্ত ১ লাখ ৭৫ হাজারের বেশি বিদেশি নাগরিকের যুক্তরাষ্ট্র ভিসা বাতিল করা হয়েছে। অভিবাসন নীতিতে এই ব্যাপক কঠোরতার ফলে হাজার হাজার মানুষের ভ্রমণ ও যুক্তরাষ্ট্রে বসবাসের আইনি অধিকার কেড়ে নেওয়া হয়েছে।
পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, ভিসা বাতিলের এই বিশাল সংখ্যার পেছনে মূলত ফৌজদারি অপরাধের সঙ্গে জড়িত থাকার বিষয়টিকে দায়ী করা হয়েছে। এর পাশাপাশি ভিসার শর্ত ভঙ্গ করা, প্রতারণা, সহিংসতার উস্কানি দেওয়া এবং জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টি করার মতো বিষয়গুলোকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, ‘আমাদের নিয়মিত যাচাই-বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই ভিসাগুলো বাতিল করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হলোÑ ভিসা পাওয়া ব্যক্তিরা যেন শর্ত মেনে চলেন এবং কোনোভাবেই যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিপদের কারণ না হন।’ ভিসা বাতিলের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছেÑ হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, চুরি এবং মাদক সংক্রান্ত অপরাধ।
কিছু সুনির্দিষ্ট ঘটনার উদাহরণ দিয়ে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বাতিল হওয়া ভিসার তালিকায় এমন কিছু ব্যক্তি রয়েছেন, যাদের বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ, মানব পাচার এবং শিশু যৌন নির্যাতনের মতো ভয়ংকর অভিযোগ রয়েছে। এ ছাড়া উত্তর আফ্রিকার একটি যুক্তরাষ্ট্রের দূতাবাস শতাধিক ব্যক্তির ভিসা বাতিল করেছে। এসব ব্যক্তি মূলত ‘বার্থ ট্যুরিজম’ বা জন্ম পর্যটনের সঙ্গে জড়িত ছিলেন। অভিযোগ রয়েছে, তারা কেবল সন্তান জন্ম দিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভের উদ্দেশ্যেই সে দেশে এসেছিলেন।
ভিসা বাতিলের কারণ হিসেবে রাজনৈতিক সহিংসতায় সমর্থন দেওয়ার বিষয়টিও উঠে এসেছে। বিবৃতিতে জানানো হয়, গত বছর প্রখ্যাত রক্ষণশীল অধিকারকর্মী চার্লি কার্কের হত্যাকাণ্ডের পর যারা উল্লাস প্রকাশ করেছিলেন, এমন কিছু বিদেশির ভিসাও বাতিল করা হয়েছে। এদের মধ্যে একজন মন্তব্য করেছিলেন, ‘ফ্যাসিবাদীরা মারা গেলে ডেমোক্র্যাটরা অভিযোগ করে না।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘মার্কিন ভিসা কোনো অধিকার নয়Ñ এটি একটি সুযোগ। যারা এই সুযোগের অপব্যবহার করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।’
গত জানুয়ারিতেও রেকর্ড এক লাখ ভিসা বাতিল করেছিল ট্রাম্প প্রশাসন। তবে বর্তমান সরকারের ভিসা দেওয়ার ক্ষেত্রে এই কড়াকড়ি, বিশেষ করে সামাজিক মাধ্যম ঘেঁটে যাচাই-বাছাই করার বিষয়টির তীব্র নিন্দা জানিয়েছেন মানবাধিকারকর্মীরা। তাদের মতে, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ অভিবাসীদের ওপর নজরদারি বাড়ানোর পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতাকে চরম হুমকির মুখে ফেলছে।