প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১৬:৪০ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৬ ১৬:৪০ পিএম
বাশার আল-আসাদ। ছবি: বিবিসি
সিরিয়ার ক্ষমতাচ্যুত নেতা বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
প্রায় ১৪ বছর ধরে চলা যুদ্ধে হত্যা, নির্যাতন ও নির্বিচারে গ্রেপ্তারের মতো অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর মঙ্গলবার দেশটির আদালতে তার অনুপস্থিতিতে (ইন অ্যাবসেনশিয়া) এই রায় দেওয়া হয়।
এদিন সাবেক সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে চলা একটি মামলার শুনানিতে আসাদের বিরুদ্ধে শিশুসহ একাধিক ব্যক্তিকে পূর্বপরিকল্পিত ও ইচ্ছাকৃতভাবে হত্যার পাশাপাশি নির্যাতন, নির্বিচারে গ্রেপ্তার এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের রায় দেন আদালত।
এ সময় আসাদ সরকারের নিরাপত্তা কর্মকর্তা আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়।
এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
ক্ষমতাচ্যুত হওয়ার পর আসাদের বিরুদ্ধে এটিই প্রথম কোনো আদালতের দেওয়া দণ্ড।
২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহীদের আকস্মিক অভিযানের মুখে ক্ষমতা হারান বাশার আল আসাদ। এর মধ্য দিয়ে সিরিয়ায় তার পরিবারের কয়েক দশকের কঠোর শাসনের অবসান ঘটে।
একই সঙ্গে দেশটিতে চলা ভয়াবহ যুদ্ধেরও অবসান ঘটে, যাতে কয়েক লাখ মানুষ নিহত হয়েছেন।
বিদ্রোহী যোদ্ধারা দামেস্কের দিকে অগ্রসর হওয়ার সেই সময়ে রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়ে যান আসাদ। বর্তমানে তিনি রাশিয়ার রাজধানী মস্কোতে অবস্থান করছেন বলে জানিয়েছে রয়টার্স।
২০০০ সালে ক্ষমতায় আসেন আসাদ
১৯৬৫ সালে জন্ম নেওয়া বাশার আল-আসাদ ২০০০ সালে তার বাবা হাফেজ আল-আসাদের মৃত্যুর পর সিরিয়ার প্রেসিডেন্ট হন। এরপর তিনি পরিবারের শাসন অব্যাহত রাখেন এবং সুন্নি মুসলিম-অধ্যুষিত দেশটিতে আলাওয়ি সম্প্রদায়ের প্রভাব বজায় রাখেন।
তার শাসনামলে সিরিয়া ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে অবস্থান ধরে রাখে এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরোধী অবস্থানে ছিল।
আসাদের শাসনের প্রথম দিকটি ইরাক যুদ্ধ ও লেবাননের সংকটের প্রভাবে গড়ে উঠলেও পরবর্তী সময়ে সিরিয়ার গৃহযুদ্ধই তার শাসনের প্রধান বৈশিষ্ট্য হয়ে ওঠে।
২০১১ সালে গণতন্ত্রের দাবিতে আরব বসন্তের ঢেউয়ে সিরিয়ার মানুষ রাস্তায় নেমে আসেন। সরকার বিক্ষোভ দমনে প্রাণঘাতী শক্তি প্রয়োগ করলে পরিস্থিতি দ্রুত সহিংসতায় রূপ নেয়। ধীরে ধীরে তা পূর্ণাঙ্গ গৃহযুদ্ধে পরিণত হয়।
প্রায় ১৪ বছর ধরে চলা সেই যুদ্ধে কয়েক লাখ মানুষ প্রাণ হারান এবং বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হন।
২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহীদের অভিযানের মুখে আসাদ সরকারের পতন ঘটে। এরপর তিনি সিরিয়া ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেন।