এক শিশুকে আসনে বসিয়ে সিটবেল্ট বাঁধাতে ব্যর্থ হয়ে টার্মিনালে ফিরে যেতে হলো বিমানকে। গত সপ্তাহের এ ঘটনায়, বিমানবন্দরের রানওয়ে বন্ধের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে পুরো ফ্লাইট। ছবি: সংগৃহীত
এক শিশুকে আসনে বসিয়ে সিটবেল্ট বাঁধাতে ব্যর্থ হয়ে টার্মিনালে ফিরে যেতে হলো বিমানকে। গত সপ্তাহের এ ঘটনায়, বিমানবন্দরের রানওয়ে বন্ধের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে পুরো ফ্লাইট।
ঘটনাটি ঘটেছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ভিক্টোরিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে। টরন্টোভিত্তিক বিমান সংস্থা পোর্টার এয়ারলাইনস গত রবিবার জানায়, শিশুটিকে আসনে বসিয়ে সিটবেল্ট বাঁধাতে অভিভাবক ও ফ্লাইটের ক্রুরা বারবার চেষ্টা করেন। তবে কোনোভাবেই শিশুটিকে নিরাপদে আসনে বসানো সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত ভিক্টোরিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে উড়োজাহাজটি ফিরিয়ে নেওয়া হয়। এরপর শিশুটি ও তার অভিভাবককে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। তাদের লাগেজও উড়োজাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়।
পোর্টার জানায়, গত সপ্তাহে বৃহস্পতিবারের ওই টরন্টোগামী ফ্লাইট থেকে অভিভাবক, শিশু এবং তাদের লাগেজ সরাতে গিয়ে প্রয়োজনের তুলনায় অনেক বেশি সময় লেগে যায়। এ অবস্থায় উড়োজাহাজটির বাকি যাত্রীদেরও বিমান থেকে নামিয়ে দিতে হয় এবং শেষ পর্যন্ত ফ্লাইটটি বাতিল করা হয়। ঘটনায় ভোগান্তিতে পড়া অন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে পোর্টার এয়ারলাইনস। পরে তাদের পরদিনের একটি ফ্লাইটে পুনরায় বুকিং দেওয়া হয়।