× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিল্লির পর রাঁচি, ফের ছাত্র আন্দোলনে উত্তপ্ত ভারত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ১৭:৫২ পিএম

আপডেট : ১০ আগস্ট ২০২৬ ১৯:২৫ পিএম

স্বচ্ছ পরীক্ষা পদ্ধতির দাবিতে রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে চলা এই আন্দোলনের অংশ হিসেবে সোমবার বিধানসভা অভিমুখে মিছিলের ঘোষণা দেন চাকরিপ্রত্যাশীরা। ছবি: দ্য হিন্দু

স্বচ্ছ পরীক্ষা পদ্ধতির দাবিতে রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে চলা এই আন্দোলনের অংশ হিসেবে সোমবার বিধানসভা অভিমুখে মিছিলের ঘোষণা দেন চাকরিপ্রত্যাশীরা। ছবি: দ্য হিন্দু

ভারতের ঝাড়খণ্ডে সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ফের চলছে প্রতিবাদ ও বিক্ষোভ। দিল্লির পর রাঁচিতে চলা এই আন্দোলনেও শিক্ষার্থী এবং চাকরিপ্রত্যাশীদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। এমনটাই উঠে দেশে দেশটির বিভিন্ন গণমাধ্যমে। 

স্বচ্ছ পরীক্ষা পদ্ধতির দাবিতে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে চলা এই আন্দোলনের অংশ হিসেবে সোমবার বিধানসভা অভিমুখে মিছিলের ঘোষণা দেন চাকরিপ্রত্যাশীরা। কর্মসূচি অনুযায়ী, সোমবার ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের হাতাহাতি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনকারীদরে ওপর জলকামান ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ, করা হয় লাঠিচার্জও। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন বিক্ষোভকারী।

এদিকে নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে গত ৯ দিন ধরে অনশনরত ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার (জেএলকেএম) নেতা দেবেন্দ্র নাথ মাহতোও মিছিলে যোগ দেন। অনশনে এ পর্যন্ত তার ১০.৫ কেজি ওজন কমেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

অ্যাম্বুলেন্সে করে মিছিলস্থলে আসার পর স্ট্রেচারে করে মিছিলে অংশ নেন তিনি। এ সময় তার হাতে সাবেক মুখ্যমন্ত্রী শিবু সোরেনের একটি ছবিও ছিল।

সোমবার সকাল থেকেই রাঁচির পুরোনো বিধানসভা ভবনের সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে নতুন বিধানসভা ভবনের দিকে মিছিল শুরু হয়। প্রায় তিন কিলোমিটার দূরে জগন্নাথ মন্দিরের কাছে পুলিশ প্রথমে তাদের আটকে দেয়। পরে বিক্ষোভকারীরা একের পর এক ব্যারিকেড টপকে এগিয়ে যেতে থাকেন।

পুলিশের জলকামান ব্যবহারের পরও আন্দোলনকারীরা পিছু হটেননি। একপর্যায়ে তৃতীয় ব্যারিকেডও ভেঙে ফেলেন তারা। এরপর পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয় এবং পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে, পাশাপাশি লাঠিচার্জও করা হয়।

তবে সিটি ডিএসপি অজয় আরিয়ান দাবি করেছেন, বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের নির্দেশ ছিল না। ভিড় নিয়ন্ত্রণে পুলিশ শুধু তাদের পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে।


তিনি বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাঁদানে গ্যাসও ব্যবহার করা হয়েছে, যাতে বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে”।

অন্যদিকে, আন্দোলনকারী নেতা দেবেন্দ্র নাথ মাহতো অভিযোগ করেছেন, সরকার তাদের কণ্ঠরোধ করতে জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করছে।

তিনি বলেন, “এই আন্দোলন থামবে না। এটি এখন গণআন্দোলনে পরিণত হয়েছে। আমরা সামনে এগিয়ে যাব।”

সমঝোতা হলেও আন্দোলন অব্যাহত

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আন্দোলনকারীদের আশ্বাস দিয়েছেন, স্বচ্ছতার সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করা হবে। তবে শিক্ষার্থীরা বলছেন, তাদের মূল দাবি- জেএসএসসি-সিজিএল পরীক্ষার অনিয়মের বিষয়ে সিবিআই তদন্ত- এখনও পূরণ হয়নি।

এ বিষয়ে ঝাড়খণ্ডের মন্ত্রী দীপিকা পাণ্ডে সিং বলেন, “গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করার অধিকার সবার রয়েছে। তবে পরীক্ষা বাতিলের বিষয়ে সরকারকে সাংবিধানিক ও আইনি সীমার মধ্যে থেকেই সিদ্ধান্ত নিতে হবে”।

তার দাবি, শিক্ষার্থীদের সঙ্গে গত কয়েক দিন ধরে সরকারের আলোচনা চলছে এবং রাজ্য সরকারের সক্ষমতার মধ্যে থাকা দাবিগুলো মেনে নেওয়া হয়েছে।

এর আগে রবিবার প্রায় ছয় ঘণ্টার আলোচনার পর ১৪তম ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) প্রিলিমিনারি পরীক্ষা এবং ২০২৩ ও ২০২৫ সালের জেপিএসসির ব্যাকলগ পরীক্ষা বাতিল করতে সম্মত হয় ঝাড়খণ্ড সরকার।

কিন্তু তারপরও জেএসএসসি-সিজিএল পরীক্ষায় কথিত অনিয়মের তদন্তে কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) তদন্তের দাবিতে অনড় রয়েছেন আন্দোলনকারীরা।

তাদের দাবি, এই পরীক্ষা বাতিলসহ ব্ল্যাকলিস্টেড প্রতিষ্ঠান টিএসআর ডাটা প্রসেসিং প্রাইভেট লিমিটেড এজেন্সির সঙ্গে সংশ্লিষ্ট সব পরীক্ষাও বাতিল করতে হবে।

নিয়োগ পরীক্ষায় অনিয়মের ঘটনায় সোমবার সাবেক জেপিএসসি চেয়ারম্যান এল. খিয়াংতেকে গ্রেপ্তার করেছে ঝাড়খণ্ড সিআইডি।

এদিকে, বিধানসভা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রাঁচিতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিধানসভা ভবনের ৭৫০ মিটারের মধ্যে পাঁচজনের বেশি মানুষের জমায়েত, মিছিল, সভা ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। পরিস্থিতি নজরদারিতে ড্রোনও ব্যবহার করছে পুলিশ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা