প্রবা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২২ ১২:৫১ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২২ ১৩:০৯ পিএম
ছবি: আলজাজিরা
চলতি মাসের শেষে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে চীনের সেনারা রাশিয়া যাবে বলে জানিয়েছে বেইজিংয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আলজাজিরা জানিয়েছে, চীন ছাড়াও এ মহড়ায় ভারত, বেলারুশ, মঙ্গোলিয়া, তাজিকিস্তানসহ অন্যান্য দেশও অংশ নেবে।
গত মাসে ভস্টক (পূর্ব) নামে একটি সামরিক মহড়া পরিচালনার ঘোষণা দেয় মস্কো। সেখানে বেশ কিছু দেশ অংশ নেওয়ার কথা জানানো হয়। যার একটি হল চীন।
মস্কো বলেছে, আগামী ৩০ আগস্ট থেকে পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত এ সামরিক মহড়া করার পরিকল্পনা রয়েছে।
প্রতিরক্ষা বিষয়ে মস্কো ও বেইজিংয়ের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক রয়েছে।
এরই মধ্যে ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর আন্তর্জাতিক মহলের নিন্দা ও নিষেধাজ্ঞার মুখে পড়েছে রাশিয়া। তবে নিন্দা জানানো থেকে বিরত থেকেছে বেইজিং। ওই অভিযান সত্ত্বেও নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে অনন্য এক উচ্চতায় নিয়ে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করে উভয় দেশ ।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ সামরিক মহড়ায় অংশগ্রহণের উদ্দেশ্য হল অংশগ্রহণকারী দেশগুলোর সেনাবাহিনীর সঙ্গে বাস্তবিক এবং বন্ধুত্বপূর্ণ সহযোগিতাকে আরও গভীর করা।
অংশগ্রহণকারী পক্ষগুলোর মধ্যে কৌশলগত সহযোগিতার স্তরকে উন্নত করা এবং বিভিন্ন নিরাপত্তা হুমকির জবাব দেওয়ার সক্ষমতাকে জোরদার করা।
বেইজিং বলেছে, যৌথ মহড়ায় অংশ নেওয়ার সিদ্ধান্ত বর্তমান আন্তর্জাতিক এবং আঞ্চলিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত নয়।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সময়ে এসে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ট হয়েছে। যে কারণে ইউক্রেনে অভিযান শুরু করলে মস্কোকে পশ্চিমারা নিষেধাজ্ঞা দিলেও তার তোয়াক্কা না করে তাদের বন্ধুত্বের 'কোনো সীমা নেই' বলে জানায় বেইজিং।
এক বছর আগেও একই মাসে রাশিয়া এবং চীন উত্তর-মধ্য চীনে দশ হাজারেরও বেশি সেনা নিয়ে যৌথ সামরিক মহড়া পরিচালনা করে। এরপর অক্টোবরে জাপান সমুদ্রে মস্কো, বেইজিং পরিচালনা করে যৌথ নৌ মহড়া।
চলতি বছরে ভস্টক সামরিক মহড়া এ দুই দেশের পরিচালিত দ্বিতীয় সামরিক মহড়া।
প্রবা/এনএস