× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তুরস্ক, সৌদি, পাকিস্তান চুক্তি সই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১২:০২ পিএম

আপডেট : ০৮ আগস্ট ২০২৬ ১৪:০৯ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে নিরাপত্তার বন্ধন শক্তিশালী করতে শুক্রবার মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। ছবি: এএফপি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে নিরাপত্তার বন্ধন শক্তিশালী করতে শুক্রবার মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। ছবি: এএফপি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে নিরাপত্তার বন্ধন শক্তিশালী করতে শুক্রবার মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। ইরান যুদ্ধের কারণে উপসাগরীয় তেলসমৃদ্ধ দেশগুলো ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে। এই হামলা নিয়ে উদ্বেগে থাকা সুন্নি মুসলিম প্রধান ও মার্কিন মিত্র এই তিন দেশ নিজেদের সুরক্ষায় চুক্তি সই করল। খবর রয়টার্স/ আল জাজিরার।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে অভিযান শুরুর পর থেকে ইরান ও এর মিত্ররা সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা চালিয়ে আসছে এবং তাদের জ্বালানি সরবরাহে অবরোধ আরোপ করছে। এতে দেশগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। 

এক যৌথ বিবৃতিতে দেশগুলো বলেছে, চুক্তির উদ্দেশ্য হলো যেকোনো আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ জোরদার করা। এতে বলা হয়েছে যে, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র আক্রমণ সবার ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। 

যদিও বিবৃতিতে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা’শীর্ষক এই চুক্তির অধীনে প্রত্যেকে কী ধরনের প্রতিশ্রুতি বা বাধ্যবাধকতা মেনে নিয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট কিছু বলা হয়নি। তবে এতে বলা হয়েছে যে, এই চুক্তির লক্ষ্য নিজেদের সম্মিলিত নিরাপত্তা শক্তিশালী করা এবং এ অঞ্চলে ও এর বাইরে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়ানো।

এক তুর্কি কর্মকর্তা বলেছেন, চুক্তিটি প্রতিরক্ষামূলক প্রকৃতির, এটি কোনো নির্দিষ্ট পক্ষের বিরুদ্ধে করা হয়নি, অঞ্চলের অন্যান্য দেশের জন্যও এ চুক্তি উন্মুক্ত এবং বিদ্যমান কোনো দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় চুক্তিকে বাতিল বা প্রতিস্থাপন করে এটি করা হয়নি।

মুসলিম প্রধান এই তিন দেশ ইসরায়েল এবং বিপ্লবী শিয়া মতাদর্শী ইরানের ক্রমাগত আগ্রাসী সামরিক অবস্থানের কারণে উদ্বিগ্ন। তাদের দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র এই আঞ্চলের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে।

খবরে বলা হয়েছে, চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত প্রধান সুন্নি মুসলিম শক্তিগুলোর মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে। তবে চুক্তির আওতায় তিন দেশ ঠিক কী ধরনের সামরিক প্রতিশ্রুতি দেবে এবং মধ্যপ্রাচ্যের চলমান সংকটে এর কী প্রভাব পড়বে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। 

চুক্তি স্বাক্ষরকারী তুরস্কের রয়েছে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী। সৌদি আরব উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর একটি। দেশটিতে ইসলামের পবিত্রতম স্থানগুলো অবস্থিত এবং এটি বিশ্বের অন্যতম শীর্ষ তেল রপ্তানিকারক। আর পাকিস্তানই একমাত্র পারমাণবিক অস্ত্রধারী মুসলিম দেশ।

চুক্তি স্বাক্ষরের উদ্দেশে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সেনাপ্রধান আসিম মুনিরকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার জেদ্দায় পৌঁছেন এবং মক্কায় ওমরাহ পালন করেন। অন্যদিকে শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জেদ্দার উদ্দেশে রওনা হন। পরে তারা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। 

২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর সংঘাত উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা দুর্বলতাও সামনে নিয়ে এসেছে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে নৌ চলাচল ব্যাহত হয়েছে। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হতো।

সংবাদদাতারা বলছেন, প্রস্তাবিত চুক্তিটি প্রায় এক বছর ধরে চলা আলোচনার ফল। জানুয়ারিতে রয়টার্সের এক প্রতিবেদনে এ আলোচনা সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছিল। ওই সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, আঞ্চলিক সহযোগিতা ও স্থিতিশীলতা জোরদারে আঙ্কারা একটি বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা প্লাটফর্মের পক্ষে।

এরই মধ্যে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি রয়েছে। ওই চুক্তি অনুযায়ী, এক দেশের ওপর হামলাকে উভয় দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হয় এবং এতে ‘সব ধরনের সামরিক উপায়’ ব্যবহারের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তবে বাস্তবে পাকিস্তান ইরানের সঙ্গে যুদ্ধে সরাসরি সামরিকভাবে জড়িয়ে পড়া এড়িয়ে চলেছে। বরং দেশটি ইরানের সঙ্গে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পাকিস্তানের সামরিক বাহিনী ও সরকার এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে পাক পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফরের লক্ষ্য হলো দেশটির সঙ্গে সম্পর্ক আরও ‘সংহত’ করা। পাকিস্তানের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিতে সেনাপ্রধান আসিম মুনিরের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। 

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে প্রায় তিন বছর ধরে মধ্যপ্রাচ্য কার্যত সংঘাতের আগুনে জ্বলছে। এ সময়ে অঞ্চলের প্রায় প্রতিটি দেশই সীমান্তপারের হামলা, ক্ষেপণাস্ত্র অথবা ড্রোন হামলার মুখোমুখি হয়েছে। মধ্যপ্রাচ্যের সীমানায় থাকা তুরস্ক ও পাকিস্তান এখন পর্যন্ত বড় ধরনের সরাসরি হামলা থেকে রক্ষা পেয়েছে। তবে নিজেদের নিরাপত্তা ও অর্থনীতির জন্য হুমকি হয়ে ওঠা সংঘাত দ্রুত প্রশমিত করতে চায় উভয় দেশ।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা