× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

থাইল্যান্ডে দাদা-দাদিকে হত্যার পর স্কুলে গুলি, সন্দেহভাজনসহ নিহত ৮

বিবিসি

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ১৭:২৩ পিএম

থাইল্যান্ডের একটি স্কুলে শুক্রবার বন্দুক হামলায় সন্দেহভাজন কিশোর হামলাকারীসহ অন্তত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ছবি: বিবিসি

থাইল্যান্ডের একটি স্কুলে শুক্রবার বন্দুক হামলায় সন্দেহভাজন কিশোর হামলাকারীসহ অন্তত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ছবি: বিবিসি

থাইল্যান্ডের একটি স্কুলে বন্দুক হামলায় সন্দেহভাজন কিশোর হামলাকারীসহ অন্তত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে পাঁচজনই স্কুলটির শিক্ষক।

রাজধানী ব্যাংককের একেবারে পাশেই অবস্থিত ননতাবুরি প্রদেশের ব্যাং ক্রুয়াই জেলায় ডেবসিরিন ননতাবুরি স্কুলে স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টার কিছু পর হামলাটি হয়। কর্তৃপক্ষ বলছে, সন্দেহভাজন হামলাকারী ১৪ বছর বয়সী এক কিশোর, যে স্কুলে যাওয়ার আগে নিজের বাড়িতে তার দাদা-দাদিকে হত্যা করে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, পুলিশ হামলাকারীকে স্কুলটিরই একজন শিক্ষার্থী হিসেবে শনাক্ত করেছে। পুলিশ জানিয়েছে, সে যে ৯ মিলিমিটার পিস্তল ব্যবহার করেছে সেটি তার দাদার ছিল। এ ছাড়া তার কাছে আরও অন্তত ৩৪ রাউন্ড গুলি পাওয়া গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।

সন্দেহভাজন হামলাকারীর মৃত্যু হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। সে নিজের গুলিতেই মারা গেছে বলে জানানো হয়েছে। কর্তৃপক্ষ বলছে, তার উদ্দেশ্য কী ছিল তা তারা এখনেও জানে না।

এই ঘটনায় ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে ৯ জনের অবস্থা ‘গুরুতর’ বলে জানিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল।

একটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের একসঙ্গে আশ্রয় নেওয়ার দৃশ্যের একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে গুলির শব্দের মতো শোনায়, এমন বিস্ফোরণধ্বনি শোনা যাচ্ছে। ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরা ডেস্ক ও চেয়ারের নিচে ঝুঁকে আশ্রয় নিচ্ছে এবং একে অপরের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে।

বন্দুক হামলার পর স্কুল কর্তৃপক্ষ ‘জরুরি পরিস্থিতি’ ঘোষণা করে শুক্র ও শনিবারের সব কার্যক্রম বাতিল ঘোষণা করেছে। ফেসবুকে একটি পোস্টে, স্কুলটি রক্তদানের জন্যও আহ্বান জানিয়েছে।

এদিকে সন্দেহভাজন হামলাকারী কিশোরের ঘনিষ্ঠ এক বন্ধুর কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ বলছে, ছেলেটি ‘পড়াশোনার চাপে’ ভুগছিল বলে ধারণা করা হচ্ছে। তবে স্কুলের একজন শিক্ষক বলেছেন, ছেলেটি ‘ভালো ছাত্র ছিল, তার পড়াশোনার রেকর্ডও ভালো ছিল’ এবং তাকে আক্রমণাত্মক হিসেবে কখনও মনে হয়নি।

হামলায় ব্যবহৃত বন্দুকটি হামলাকারীর দাদার নামে নিবন্ধিত ছিল এবং বন্দুকধারী এপ্রিল মাসে ইনস্টাগ্রামে এটি প্রদর্শন করেছিল। হামলার পর কর্তৃপক্ষ হামলাকারীর বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি মৃতদেহ খুঁজে পাওয়ার পরই পুলিশ তার দাদা-দাদিকে হত্যার বিষয়টি জানতে পারে। ছেলেটি তাদের সঙ্গেই থাকত।

থাইল্যান্ডের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী পোলাপি সুওয়ানচাওয়ি জানান, পুলিশ ওই কিশোরের বাড়ি থেকে যে প্রমাণ সংগ্রহ করেছে, তাতে জানা গেছে যে সে একজন আসক্ত গেমার ছিল। সেই সঙ্গে রয়্যাল থাই পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তারা গুলির ঘটনার কারণ উদঘাটন ও বিচারিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তদন্ত পরিচালনা করছে।

চলতি বছর থাইল্যান্ডে এটি স্কুলে গুলির দ্বিতীয় ঘটনা। ফেব্রুয়ারিতে দক্ষিণ থাইল্যান্ডে একটি স্কুল অবরোধের সময় ১৮ বছর বয়সী একজন বন্দুকধারীর গুলিতে এক স্কুলপ্রধান ও এক ছাত্রী নিহত হয়। ২০২২ সালের অক্টোবরে পূর্বাঞ্চলীয় নং বুয়া লামফু প্রদেশের ৩৪ বছর বয়সী এক বাসিন্দা ৩৭ জনকে হত্যা করেন, যাদের অধিকাংশই ছিল প্রাক-প্রাথমিক স্তরের শিশু।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা