× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ

ট্রাম্পকে ধাঁধায় ফেলে দিয়েছেন ইরানি নেতারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ১৯:৪৫ পিএম

আপডেট : ০৬ আগস্ট ২০২৬ ১৯:৪৭ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

তা হলে কি ইরানের বর্তমান নেতৃত্বকে বুঝতে পারছেন না যুক্তরাষ্ট্রের মহাশক্তিধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার একটি অভিযোগ থেকে সেটাই মনে হচ্ছে। 

গত সোমবার তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে ইরান ‘অবিশ্বাস্য রকমের প্রতারণা’ করছে। গত সপ্তাহে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তারা শুধু আমার ক্ষোভই বাড়াচ্ছেন। তারা শুধুই আমাকে রাগাচ্ছেন।’ তার এ ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রতিদ্বন্দ্বী তেহরানের নেতাদের আচরণ বুঝতে না পারারই একটি নতুন লক্ষণ।

অথচ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই নিজেকে প্রতিদ্বন্দ্বীদের দুর্বলতা চেনার এবং তা কাজে লাগানোর একজন দক্ষ কারিগর বলে মনে করেন। কিন্তু ইরানের নেতারা এবার তাকে পুরোপুরি ধাঁধায় ফেলে দিয়েছেন। বলা যায়, তাকে বোতলবন্দি করে ফেলেছেন। 

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য সামনে হয়তো আরও বড় হতাশা অপেক্ষা করছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার বিষয়ে একটি নতুন চুক্তি খুব কাছাকাছি। কিন্তু সেখানে শুল্ক আদায়ের বিষয়ে নিজেদের দাবিতে অনড় ইরান। ধারণা করা হচ্ছে, ইরানের এই দাবি মেনে নিয়েই চুক্তি করতে হবে প্রেসিডেন্ট ট্রাম্পকে। 

খবরে বলা হয়েছে, ইরানের সঙ্গে একটি সুবিধাজনক চুক্তি করতে না পারার খেসারত ট্রাম্পকে রাজনৈতিকভাবে দিতে হচ্ছে। বিশেষ করে যুদ্ধ নিয়ে ক্লান্ত ভোটারদের কাছে তার জনপ্রিয়তা কমছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ওই নৌপথ নিয়ে চলমান দ্বন্দ্ব বিশ্ববাজারে তেলের দামকে অস্থিতিশীল করে তুলেছে, যার মাশুল দিতে হচ্ছে যুক্তরাষ্ট্রের ভোক্তা ও বিশ্ব অর্থনীতিকে।

অবশ্য ইরানকে বুঝতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে ট্রাম্পই যে প্রথম এমন সংকটে পড়েছেন তা নয়। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে প্রত্যেক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকেই এমন বিপদে পড়তে হয়েছে। ইরানের ধোঁয়াশাপূর্ণ শাসনকাঠামো এবং দেশটির রাজনৈতিক নেতৃত্বের মানসিকতা বোঝার চেষ্টা করেছেন তারা। কিন্তু তাদের বেশিরভাগই ব্যর্থ হয়েছেন, কেউ কেউ বড় ধরনের রাজনৈতিক ক্ষতির শিকারও হয়েছেন।

সাবেক সিআইএ বিশ্লেষক ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পর্ষদের কর্মকর্তা কেনেথ পোলাক মনে করেন, যুক্তরাষ্ট্রের বিগত প্রেসিডেন্টদের মধ্যে ডোনাল্ড ট্রাম্পই হয়তো ইরানের নেতৃত্বকে সবচেয়ে কম বুঝতে পেরেছেন। কয়েক দশক ধরে ইরানকে নিয়ে গবেষণা করা এ বিশ্লেষক বলেন, অনেক দিক থেকেই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের তৈরি হওয়া দীর্ঘদিনের হতাশার এক চরম প্রতীক হলেন ট্রাম্প। তিনি একদিকে ইরানের সঙ্গে চুক্তি করার জন্য সবচেয়ে বেশি ব্যাকুল ছিলেন, আরেকদিকে দেশটির বিরুদ্ধে সবচেয়ে বেশি শক্তিও প্রয়োগ করেছেন। কিন্তু দেখলেন, কোনো পথেই তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি।

প্রেসিডেন্ট ট্রাম্প প্রায়ই এমনভাবে কথা বলেন, যেন ব্যাপক শক্তি প্রয়োগ করলেই খুব দ্রুত একটি চুক্তি করা সম্ভব। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েলের সঙ্গে মিলে হামলা চালানোর মাধ্যমে তেহরান-ওয়াশিংটন যুদ্ধ শুরু হয়। ওই হামলায় দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্বে থাকা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ইরানের জনগণকে তাদের সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং শাসনভার নিজেদের হাতে তুলে নেওয়ার আহ্বান জানান ট্রাম্প। তবে ট্রাম্পের আশা অনুযায়ী ইরানে কোনো গণঅভ্যুত্থান ঘটেনি। উল্টো দেশটির কট্টরপন্থী সরকার নিজেদের অবস্থান আরও শক্ত করেছে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র বিদ্বেষের ওপর ভিত্তি করে গড়ে ওঠা ইরানের রাজনৈতিক ব্যবস্থায় দেশটির কোনো নেতাই ওয়াশিংটনের সঙ্গে বড় কোনো সমঝোতা বা সম্পর্ক পুনরুদ্ধারে আগ্রহী নন। মাসের পর মাস ইরানের বর্তমান শাসকগোষ্ঠীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের লেনদেন চললেও, দেশটির শাসনব্যবস্থা সম্পর্কে তিনি এখনও কোনো স্পষ্ট ধারণা পাননি বলেই মনে হচ্ছে।

ওয়াশিংটনের ব্রুকিংস ইনস্টিটিউশনের ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্রনীতি বিষয়ক পরিচালক সুজান ম্যালোনি বলেন, কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের আদর্শিক প্রতিশ্রুতি এবং তাদের গভীরভাবে গেঁথে থাকা প্রাতিষ্ঠানিক ক্ষমতার কাঠামোকে ক্রমাগত অবমূল্যায়ন করে এসেছেন। এ ব্যর্থতার একটি বড় কারণ, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে ইরানের শীর্ষ নেতাদের সরাসরি যোগাযোগের অভাব। কোনো যুক্তরাষ্ট্রের কর্মকর্তা কখনোই ইরানের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, সদ্যপ্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনি কিংবা তার ছেলে মোজতবা খামেনির সঙ্গে সশরীরে সাক্ষাৎ করার সুযোগ পাননি। সুজান ম্যালোনির মতে, চলমান যুদ্ধ ইরানের ধর্মীয় ও সামরিক নেতৃত্বের ক্ষমতা আরও শক্তিশালী করেছে। ফলে দেশটিতে এই মুহূর্তে বিকল্প কোনো শক্তিশালী ক্ষমতা কেন্দ্র গড়ে ওঠার পথ রুদ্ধ।

যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক ডেনিস রস বলেন, ইরান প্রতিনিয়ত ওয়াশিংটনকে কূটনীতিতে টেক্কা দিয়ে যাচ্ছে এবং যুদ্ধ শেষ করার জন্য ট্রাম্পের স্পষ্ট অধৈর্য মনোভাব ইরানের কৌশলকে আরও সহজ করে তুলেছে। আর সে কারণে তেহরানের বিরুদ্ধে কড়া অবস্থান, সর্বোচ্চ চাপ প্রয়োগ ও আলোচনার প্রস্তাব-সব কৌশল ব্যবহার করেও কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা