আনাদোলু
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ২১:০২ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৬ ২১:১৬ পিএম
জেরুজালেমের পরিচয় এবং শহরটির ইসলামি ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোকে লক্ষ্য করে ইসরায়েলের কথিত ক্রমবর্ধমান অবৈধ পদক্ষেপের প্রেক্ষাপটে যৌথ অবস্থান নির্ধারণে বুধবার জর্ডানে বৈঠকে বসেছেন আরব ও মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। ছবি: আনাদোলু
জেরুজালেমের ইসলামি ও খ্রিষ্টান পবিত্র স্থানগুলোকে লক্ষ্য করে ইসরায়েলের ক্রমবর্ধমান অবৈধ পদক্ষেপের প্রেক্ষাপটে যৌথ অবস্থান নির্ধারণে বৈঠক করেছেন আরব ও মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।
জর্ডানে বুধবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেট্রার জানিয়েছে, বৈঠকে জেরুজালেমে ইসরায়েলের নীতি ও পদক্ষেপ মোকাবিলায় গঠিত আরব মন্ত্রীপর্যায়ের কমিটির সদস্যরা, আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত এবং তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন।
বৈঠকে জেরুজালেম এবং এর পবিত্র স্থানগুলোর সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে ইসরায়েলের নীতি ও কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি অভিন্ন অবস্থান গ্রহণের বিষয়েও মতবিনিময় করা হয়।
বৈঠকের উদ্বোধনী বক্তব্যে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি বলেন, "জেরুজালেম ক্রমবর্ধমান ঝুঁকির মুখে রয়েছে এবং শহরটির ইসলামি ও খ্রিস্টান পবিত্র স্থানগুলো নজিরবিহীন হুমকির সম্মুখীন।"
তিনি অভিযোগ করেন, পূর্ব জেরুজালেমে বসতি নির্মাণ, ভূমি সংযুক্তিকরণ, সম্পত্তি জব্দ, ফিলিস্তিনিদের ওপর বিধিনিষেধ আরোপ এবং শহরটিকে ফিলিস্তিনি ভূখণ্ডের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করার মাধ্যমে ইসরায়েল সেখানে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করছে।
সাফাদির ভাষ্য, এসব পদক্ষেপ জেরুজালেমের পরিচয়, ইতিহাস, বর্তমান ও ভবিষ্যৎকে লক্ষ্য করে নেওয়া একটি পরিকল্পনার অংশ।
তিনি আরও অভিযোগ করেন, ইসরায়েল ইসলামি ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর পবিত্রতা লঙ্ঘন করছে এবং মুসলিম ও খ্রিস্টানদের ধর্মীয় উপাসনার স্বাধীনতা সীমিত করছে।
এ ছাড়া খ্রিষ্টান ধর্মযাজক ও গির্জাগুলোও উগ্রপন্থী হামলা এবং গির্জার সম্পত্তি ও জমি দখলের উদ্দেশ্যে প্রণীত কথিত অবৈধ আইনগত পদক্ষেপের মুখে রয়েছে বলে তিনি দাবি করেন।
আল-আকসা মসজিদকে লক্ষ্য করে ইসরায়েলের নীতি আরও তীব্র হয়েছে উল্লেখ করে সাফাদি অভিযোগ করেন, মসজিদটির ইসলামি পরিচয় দুর্বল করা এবং এর দীর্ঘদিনের ঐতিহাসিক ও আইনগত স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টা চলছে।
তার মতে, জেরুজালেমে ইসরায়েলের পদক্ষেপ পশ্চিম তীরে দখলদারিত্ব সুসংহত করার বৃহত্তর নীতির অংশ, যা দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানকে দুর্বল করছে। তিনি বলেন, ন্যায়সঙ্গত শান্তির একমাত্র পথ হলো এই দ্বি-রাষ্ট্র সমাধান।
মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি জেরুজালেমের আরব, ইসলামি ও খ্রিস্টান পরিচয় পরিবর্তনের যেকোনো উদ্যোগ প্রত্যাখ্যান করেন। একই সঙ্গে শহরটির পবিত্র স্থানগুলোর ওপর জর্ডানের হাশেমি তত্ত্বাবধানের প্রতি কায়রোর সমর্থন পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, বসতি সম্প্রসারণ এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা দ্বি-রাষ্ট্র সমাধানকে ক্ষতিগ্রস্ত করছে। পাশাপাশি গাজা উপত্যকা, অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার যেকোনো প্রচেষ্টাও মিশর প্রত্যাখ্যান করে।
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান গাজায় ইসরায়েলের অব্যাহত পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে একতরফা ইসরায়েলি ব্যবস্থা, বসতি সম্প্রসারণ এবং পবিত্র স্থানগুলোর মর্যাদা পরিবর্তনের প্রচেষ্টা অবৈধ ও অকার্যকর।
তিনি পুনর্ব্যক্ত করেন, পূর্ব জেরুজালেমই ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী এবং পবিত্র স্থানগুলোর সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাফ অভিযোগ করেন, ইসরায়েল জেরুজালেমকে 'ইহুদিকরণ' এবং শহরটির আরব, ইসলামি ও খ্রিস্টান পরিচয় মুছে ফেলার পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। তিনি শহরটি রক্ষায় সমন্বিত আরব ও আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগের আহ্বান জানান।
তিউনিসিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আলী নাফতি বলেন, জেরুজালেমের পরিচয় সংরক্ষণ এবং এর ইসলামি ও খ্রিষ্টান পবিত্র স্থানগুলোর সুরক্ষা নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব। তিনি বসতি সম্প্রসারণ, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং শহরটির ঐতিহাসিক, আইনগত ও জনসংখ্যাগত চরিত্র পরিবর্তনের যেকোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আল-আকসা মসজিদ/আল-হারাম আল-শরিফে 'উগ্রপন্থী' ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ধারাবাহিক অনুপ্রবেশের নিন্দা জানিয়ে বলেন, এসব কর্মকাণ্ড জেরুজালেমের ধর্মীয় ও ঐতিহাসিক মর্যাদাকে ক্ষুণ্ন করছে এবং বৃহত্তর সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে।
তিনি বলেন, "অধিকৃত পূর্ব জেরুজালেম কিংবা এর ইসলামি ও খ্রিষ্টান পবিত্র স্থানগুলোর চরিত্র বা মর্যাদা পরিবর্তনের উদ্দেশ্যে নেওয়া সব পদক্ষেপই অকার্যকর ও বাতিল।"
এ ছাড়া অবৈধ বসতি সম্প্রসারণ, বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং বিশেষ করে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর চলমান নিপীড়ন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
ইসহাক দার আরব ও মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে জেরুজালেম ও এর পবিত্র স্থানগুলোর সুরক্ষা, ইসরায়েলের বসতি কার্যক্রম প্রত্যাখ্যান, গাজার শান্তি পরিকল্পনা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর প্রস্তাব বাস্তবায়নে সমর্থন এবং ফিলিস্তিনি জনগণের সুরক্ষায় কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানান।
ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইনও জেরুজালেমে ইসরায়েলের পদক্ষেপ, আল-আকসা মসজিদে অনুপ্রবেশ, বসতি সম্প্রসারণ এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির নিন্দা জানান। তিনি শহরটির ঐতিহাসিক ও আইনগত মর্যাদা রক্ষায় আরব ও আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানান এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি ইরাকের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
জেরুজালেমবিষয়ক এই কমিটিতে জর্ডান, তিউনিসিয়া, আলজেরিয়া, সৌদি আরব, সোমালিয়া, ইরাক, কাতার, মিশর ও মরক্কোর পাশাপাশি আরব লীগের মহাসচিব অন্তর্ভুক্ত রয়েছেন।
জেরুজালেমের ইসলামি ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর অভিভাবক হিসেবে নিজেদের ভূমিকার অংশ হিসেবে জর্ডান এই বৈঠকের আয়োজন করে।
আরব ও মুসলিম দেশগুলোর দাবি, জেরুজালেমে ইসরায়েলের চলমান পদক্ষেপ শহরটির পরিচয়, ধর্মীয় ঐতিহ্য এবং দীর্ঘদিনের ঐতিহাসিক স্থিতাবস্থার জন্য হুমকি হয়ে উঠেছে।