× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের দরকষাকষির ক্ষমতা অনেকটাই দুর্বল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ১০:১১ এএম

আপডেট : ০৫ আগস্ট ২০২৬ ১০:১৫ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

ইরানের সঙ্গে চলমান সংঘাতে বারবার নিজের অবস্থান বদলানোর কারণে যুক্তরাষ্ট্রের দরকষাকষির ক্ষমতা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। আসন্ন মধ্যবর্তী নির্বাচন, জ্বালানি তেলের চড়া দাম এবং দেশে যুদ্ধবিরোধী জনমতের কারণে প্রবল চাপে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, মুখ রক্ষার জন্য তিনি যত দ্রুত সম্ভব ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছতে চাইছেন। এক বিশ্লেষণী প্রতিবেদনে এমন মূল্যায়ন করেছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

কাতারের জর্জটাউন ইউনিভার্সিটির অধ্যাপক পল মাসগ্রেভ কাতারভিত্তিক আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ট্রাম্প সম্ভবত ‘চলতি সপ্তাহেই’ ইরানের সঙ্গে কোনো একটা সমঝোতায় পৌঁছতে চাইছেন।

বর্তমানে হরমুজ প্রণালী বা পারমাণবিক চুক্তির মতো ইস্যুগুলোর চেয়েও যুক্তরাষ্ট্রের কাছে প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছেÑ কীভাবে সম্মান বাঁচিয়ে এই সংঘাত থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসা যায়। একই সঙ্গে দুই পক্ষ এমন কোনো চুক্তিতে পৌঁছতে পারে কি না, যা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে অন্তত গ্রহণযোগ্য হবে, সেটিই এখন বড় প্রশ্ন।

অধ্যাপক মাসগ্রেভ বলেন, ‘ইরানের প্রেসিডেন্টের মুঠোয় এখন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প এই ফাঁদ থেকে বেরিয়ে আসতে চাইছেন, কিন্তু কাজটা তার জন্য মোটেও সহজ হবে না। কারণ, চাইলেই বেরিয়ে আসতে গেলে তাকে পরাজিত হিসেবে দেখা হবে।’

নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন। এর আগে দেশটিতে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী, পাশাপাশি ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ মার্কিনিদের কাছে চরম অজনপ্রিয়। মাসগ্রেভ উল্লেখ করেন, নভেম্বরের নির্বাচনের আগে এই পুরো পরিস্থিতি ও আখ্যান নিজেদের পক্ষে ঘুরিয়ে দেওয়ার কোনো পথই কার্যত ট্রাম্পের সামনে খোলা নেই।

অন্যদিকে, দীর্ঘমেয়াদি সংঘাত ও নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও তেহরানের কৌশল বেশ স্পষ্ট। তারা ভালো করেই জানেÑ যুক্তরাষ্ট্রকে যত বেশি চাপে ফেলা যাবে, সম্ভাব্য চুক্তির ক্ষেত্রে তেহরান তত বেশি সুবিধা আদায় করতে পারবে।

চূড়ান্ত বিচারে, যুক্তরাষ্ট্রের দরকষাকষির মূল হাতিয়ার হলো সামরিক সংঘাত আরও বৃদ্ধির হুমকি দেওয়া এবং বৈশ্বিক পুঁজি ও বাজারে ইরানের প্রবেশাধিকার আটকে রাখা। কিন্তু অধ্যাপক মাসগ্রেভের মতে, ট্রাম্প যেভাবে বারবার কঠিন হুমকি দিয়েও শেষ মুহূর্তে পিছু হটেছেন, তা যুক্তরাষ্ট্রের সেই শক্তি বা সুবিধাজনক অবস্থানকেই মারাত্মকভাবে দুর্বল করে দিয়েছে।

পারমাণবিক অস্ত্র তৈরির সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে একতরফা সামরিক অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল দুই পক্ষের মধ্যে প্রথমে ১৪ দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। অনেক আলোচনা ও বিতর্কের পর ১৭ জুন ইসলামাবাদ সমঝোতা স্মারকে ইলেকট্রনিক সই করেন ইরান ও যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্ট। কিন্তু ৭ জুলাই দুই দেশই যুদ্ধবিরতি ভেঙে আবার পাল্টাপাল্টি হামলা শুরু করে। এরপর থেকে অনিয়মিত হারে হামলা-প্রতিহামলা অব্যাহত রয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা