প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ২০:০৩ পিএম
অসহ্য গরমের মাঝে একটুখানি শীতল পরশ আর স্বস্তির খোঁজে রাজধানী সিউলের জনপ্রিয় চেওংগিয়েচেন খালের জলে শরীর জুড়িয়ে নিচ্ছেন নগরবাসী। ছবি: দ্য গার্ডিয়ান
দক্ষিণ কোরিয়ায় চলছে স্মরণকালের ভয়াবহ তাপদাহ। ১২২ বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়ার পর এবার রাজধানী সিউলের দিকে ধেয়ে আসছে এই তাপপ্রবাহ।
পরিস্থিতি সামাল দিতে সিউলে প্রথমবারের মতো ‘চরম তাপদাহের সতর্কতা’ জারি করা হয়েছে।
গত মে মাস থেকে এ পর্যন্ত দেশটিতে গরমজনিত কারণে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে এবং চিকিৎসা নিয়েছেন দুই হাজারের বেশি মানুষ। খবর দ্য গার্ডিয়ানের।
দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ইয়াংসানে রবিবার তাপমাত্রা ৪২.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা দেশটির ইতিহাসে রেকর্ডকৃত সর্বোচ্চ তাপমাত্রা। এখন এই তাপপ্রবাহ পশ্চিম দিকে অগ্রসর হয়ে ৯০ লাখ মানুষের শহর সিউলের ওপর দিয়ে বইতে শুরু করেছে। সিউলের তাপমাত্রা মঙ্গলবার ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে।
প্রেসিডেন্ট লি জে মিউং মঙ্গলবার মন্ত্রিসভার এক জরুরি বৈঠকে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে ও শীতাতপ যন্ত্রের বাড়তি চাহিদার কারণে বিদ্যুৎ ব্যবস্থা পরিদর্শনের নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, “চরম আবহাওয়া এখন প্রায় স্বাভাবিক ঘটনায় পরিণত হওয়ায় আমাদের জাতীয় দুর্যোগ মোকাবিলা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে।”
সিউল কর্তৃপক্ষ এরই মধ্যে জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে। শহরের তাপমাত্রা কমাতে ২০০টি ট্রাক শহরের প্রায় দুই হাজার কিলোমিটার রাস্তায় দিনে ছয়বার পর্যন্ত পানি ছিটাচ্ছে। এ ছাড়া বয়স্ক, প্রতিবন্ধী ও দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত প্রায় ৬৩ হাজার ঝুঁকিপূর্ণ মানুষের স্বাস্থ্য পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন নার্সরা। ড্রোন উড়িয়েও বিভিন্ন এলাকায় সচেতনতামূলক বার্তা প্রচার করা হচ্ছে।
তীব্র এই গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষেরা। কোরিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, কোরীয় উপদ্বীপের ওপর উচ্চচাপ বলয় ও পরিষ্কার আকাশে সরাসরি সূর্যের প্রখর তাপের কারণেই এই অবস্থা সৃষ্টি হয়েছে। পাশাপাশি ঘূর্ণিঝড় ডলফিনের গতিপথের ওপর নির্ভর করছে আগামী দিনগুলোতে ভ্যাপসা গরম আরও বাড়বে, নাকি সাময়িক বৃষ্টির দেখা মিলবে।
বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণেই বিশ্বজুড়ে এমন চরম আবহাওয়া এখন আরও তীব্র ও ঘন ঘন আঘাত হানছে।