প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ২২:০৩ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৬ ২২:০৫ পিএম
রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলের জনপ্রিয় পর্যটনকেন্দ্র জেলেনঝিকে সোমবার ড্রোনটি আঘাত হানার পর বিকট বিস্ফোরণ হয়। ছবি: ভিডিও থেকে
রাশিয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি সমুদ্রসৈকতে ইউক্রেনীয় ড্রোন হামলায় তিন শিশুসহ অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে মস্কো।
দেশটির কৃষ্ণসাগর উপকূলের জনপ্রিয় পর্যটনকেন্দ্র জেলেনঝিকে স্থানীয় সময় সোমবার এ হামলা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
তবে এ ঘটনায় ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের দাবি, ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানো হয় না।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনটির লক্ষ্যবস্তু সম্ভবত সৈকত থেকে প্রায় ২৫ মাইল (৪০ কিলোমিটার) দূরে থাকা একটি রুশ নৌঘাঁটি ছিল।
রয়টার্সের যাচাই করা সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে দেখা যায়, একটি ড্রোন জেলেনঝিকের কাছে ব্যস্ত সমুদ্রসৈকত এলাকায় আঘাত হানার পর বিকট বিস্ফোরণ হয়।
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ ঘটনাটিকে মর্মান্তিক আখ্যা দিয়ে বলেন, “এটি ছিল কিয়েভ সরকারের পক্ষ থেকে বেসামরিক মানুষের ওপর পরিকল্পিত হামলা, যার সঙ্গে কোনো সামরিক স্থাপনার সম্পর্ক নেই”।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, জেলেনঝিকের অন্তর্গত আরখিপো-ওসিপোভকা অবকাশকেন্দ্রে বিস্ফোরণের পর বিশেষায়িত মেডিক্যাল দুর্যোগ মোকাবিলা দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে তিন শিশুসহ ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা, রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাসকে বলেন, “ইউক্রেন সন্ত্রাসী কর্মকাণ্ডের আশ্রয় নিয়েছে”।
প্রসঙ্গত, গত মাসেও রাশিয়া অভিযোগ করেছিল যে, ইউক্রেনীয় বাহিনীর হামলায় রাশিয়ার নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া অঞ্চলের একটি অবকাশকেন্দ্রে চার শিশুসহ ১১ জন নিহত হয়েছেন।
অন্যদিকে, রাশিয়াও যুদ্ধের শুরু থেকে কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। এসব হামলায় হাজারো বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যাদের অধিকাংশই ইউক্রেনীয়।
তবে সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনও রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার ড্রোন হামলা বাড়িয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তু হিসেবে তেল শোধনাগার, গুদাম ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোকে বেছে নেওয়া হচ্ছে। কিয়েভের দাবি, এর মাধ্যমে রাশিয়ার জনগণকে যুদ্ধের মূল্য উপলব্ধি করানোই তাদের উদ্দেশ্য।