আনাদোলু
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ১৭:৩৫ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৬ ১৭:৩৯ পিএম
ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের উপকূলে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। ছবি: বিবিসি
ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের উপকূলে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগুন লাগার ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় রবিবার পর্যন্ত ৪১ জন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ফেরিটি পূর্ব জাভা প্রদেশের সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসারের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার সময় নৌযানটিতে যাত্রী ও ক্রুসহ মোট ২৭১ জন আরোহী ছিলেন। এখন পর্যন্ত ২২৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
ইংরেজি দৈনিক জাকার্তা গ্লোবের প্রতিবেদন অনুযায়ী, উদ্ধারকারী দলগুলো যাত্রীদের সরিয়ে নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে। আগুনের শিখা থেকে বাঁচতে অনেক যাত্রীকে সমুদ্রে ঝাঁপ দিতে দেখা গেছে।
সুরাবায়া অনুসন্ধান ও উদ্ধার (সার্চ অ্যান্ড রেসকিউ) কার্যালয়ের প্রধান নানং সিগিত জানান, কাছাকাছি থাকা বেশ কয়েকটি জাহাজ উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, ফেরিটি নিকটতম স্থলভাগ বুরুয়ান সাপুদি দ্বীপ থেকে প্রায় ১৯ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ফেরির ওপরের ডেক থেকে ঘন কালো ধোঁয়া উড়ছে এবং আগুন দ্রুত পুরো নৌযানে ছড়িয়ে পড়ছে। এ সময় লাইফ জ্যাকেট পরিহিত যাত্রীদের ফেরির এক পাশে আতঙ্কিত অবস্থায় জড়ো হতে দেখা যায়।