× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানে তুষারধস: নিখোঁজ নির্মল পুরজাসহ ১০ পর্বতারোহীর মৃত্যু

ইউএনবি

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ১৬:৩৯ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২৬ ১৬:৪৩ পিএম

মাউন্ট এভারেস্টের চূড়ায় নির্মল পূর্জা। ছবি: ইনস্টাগ্রাম

মাউন্ট এভারেস্টের চূড়ায় নির্মল পূর্জা। ছবি: ইনস্টাগ্রাম

পাকিস্তানের ব্রড পিকে ভয়াবহ তুষারধসে নিখোঁজ হওয়া বিশ্বখ্যাত ব্রিটিশ-নেপালি পর্বতারোহী নির্মল পুরজা (নিমস দাই) ও তার দলের ৯ সদস্য নিহত হয়েছেন। 

নির্মল পুরজার নিজস্ব অভিযাত্রী প্রতিষ্ঠান এলিট এক্সপেড শনিবার এই তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে এলিট এক্সপেড জানায়, পর্বতারোহণ বিশ্ব তাদের অন্যতম শ্রেষ্ঠ এক সদস্যকে হারিয়েছে। দুর্ঘটনায় নিহত অন্য পর্বতারোহীদের প্রতিও গভীর শোক প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। শোকবার্তায় তারা উল্লেখ করে, “এই অকল্পনীয় ক্ষতির বেদনা লাঘব করার মতো কোনো শব্দ আমাদের জানা নেই।”

পাকিস্তানের ব্রড পিক আরোহণের সময় ১০ সদস্যের এই পর্বতারোহী দলটি বৃহস্পতিবার তুষারধসের কবলে পড়ে নিখোঁজ হন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধারকারী হেলিকপ্টার উড্ডয়ন ব্যাহত হয়। পরবর্তীতে শুক্রবার উদ্ধারকারীরা চারজনের মরদেহ শনাক্ত করেন, যার মধ্যে তিনটি উদ্ধার করা সম্ভব হয়েছে। পাকিস্তান সামরিক বাহিনীর হেলিকপ্টারের সহায়তায় শনিবার থেকে বাকিদের সন্ধানে পুনরায় অভিযান শুরু হয়।

পাকিস্তানের আলপাইন ক্লাবের সভাপতি ইরফান আরশাদ খান বলেন, “পর্বতের টানে বিভিন্ন দেশ থেকে একত্রিত হওয়া এই সাহসী পর্বতারোহীদের মৃত্যু বিশ্ব পর্বতারোহণ অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।”

এ সময় তিনি উদ্ধার অভিযানে অংশ নেওয়া পাকিস্তানের সামরিক ও বেসামরিক উদ্ধারকারী এবং শেরপাদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, “পর্বতের সৌন্দর্য আমাদের অনুপ্রাণিত করে। তবে একই সঙ্গে এ ধরনের দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, হিমালয় ও কারাকোরামের দুর্গম পর্বতে অভিযান চালানো কতটা ঝুঁকিপূর্ণ।”

এর আগে, শনিবার পুলিশ কর্মকর্তা তাহির খান জানান, ওমানের পর্বতারোহী নাথিরা আহমেদের মরদেহ পাকিস্তানের ইসলামাবাদে পাঠানো হচ্ছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পর্বতারোহী ম্যালোরি গেইস ও নেপালের বাহাদুর গুরুঙের মরদেহ পাকিস্তানের উত্তরাঞ্চলের গিলগিট-বালতিস্তান অঞ্চলের প্রধান শহর স্কার্দুর একটি হাসপাতালে রাখা হয়েছে।

গেইসের পরিবারের এক বিবৃতিতে বলা হয়, “ম্যালোরি একজন প্রাণবন্ত মানুষ ছিলেন। তাকে তার পরিবার ও বন্ধুরা গভীরভাবে ভালোবাসতেন। তাকে আমাদের ভীষণ মনে পড়বে।”

এই অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন নেপালে জন্ম নেওয়া সাবেক ব্রিটিশ সেনাসদস্য নির্মল পুরজা, যিনি ‘নিমস দাই’ নামেই অধিক পরিচিত ছিলেন। ২০১৯ সালে তিনি মাত্র ১৮৯ দিনে বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করে বিশ্বরেকর্ড গড়েন। তার এই অসাধারণ কীর্তি নিয়ে ‘ফোরটিন পিকস: নাথিং ইজ ইম্পসিবল’ নামে একটি প্রামাণ্যচিত্রও নির্মিত করেছিল নেটফ্লিক্স।

পুরজার প্রতিষ্ঠান তাকে স্মরণ করে জানায়, তিনি এমন একজন মানুষ ছিলেন, যিনি নিজের সাহস, বিনয়ের মাধ্যমে লাখো মানুষকে অনুপ্রাণিত করেছেন। তিনি এই বিশ্বাসে অটল ছিলেন যে মানুষের সামর্থ্য আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি।

অপরদিকে, ম্যালোরি গেইস প্রথমবারের মতো পাকিস্তানে ৮ হাজার মিটার উচ্চতার পর্বতশৃঙ্গে আরোহণের চেষ্টা করছিলেন। এছাড়া মুভিং মাউন্টেইনস ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির গাইড, ভূগোলবিদ ও পাহাড়ি বা উঁচু অঞ্চলের আলোকচিত্রী সাখির জন্য এটিই তার জীবনের শেষ পর্বত অভিযান হওয়ার কথা ছিল। তিনি বিশ্বের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পর্বতশৃঙ্গে আরোহণ করেছেন।

উত্তর পাকিস্তানে তুষারধস, বরফ ও পাথর ধসে পড়া এবং অতিরিক্ত উচ্চতা ও দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার কারণে পর্বতারোহণ অভিযানে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা