ইরানের রাজধানী তেহরানের আজাদি স্কয়ারে প্রদর্শিত একটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে দ্রুত একটি সমঝোতা হলে যুক্তরাষ্ট্র আপাতত ইরানের ওপর নতুন করে হামলা চালাবে না।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শনিবার গভীর রাতে এ বিষয়ে একটি পোস্ট দেন।
পোস্টে ট্রাম্প জানান, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ একটি চুক্তি সম্পন্ন করার জন্য সময় চেয়েছে। ওই চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালি ‘অবিলম্বে, সম্পূর্ণ এবং পুরোপুরি’ খুলে দেওয়া হবে এবং ‘ইরানের পারমাণবিক হুমকির অবসান’ ঘটবে। তবে সৌদি আরবের যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র যুবরাজ ও মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প এ মন্তব্য করেন। কোন দেশগুলো এ অনুরোধ করেছে, তা তিনি উল্লেখ করেননি।
যুক্তরাষ্ট্রের মিত্র দেশ সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলার পর করা ওই পোস্টে তিনি দেশগুলোর নাম উল্লেখ করেননি।
ট্রাম্প লিখেছেন, “এই অনুরোধের ভিত্তিতে আমি বিশ্বের ভবিষ্যৎ কল্যাণ এবং একই সঙ্গে একটি সফল ও সমৃদ্ধ ইরানের টিকে থাকার স্বার্থে হামলা বাতিল করতে সম্মত হয়েছি। তবে শর্ত হলো, দ্রুত একটি চুক্তি করতে হবে।”
তিনি আরও দাবি করেন, “এই প্রতিশ্রুতিতে ইসরায়েলও আমার সঙ্গে রয়েছে।”
এ বিষয়ে ট্রাম্পের বক্তব্য নিয়ে রবিবার ইসরায়েলে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সংলাপের ওপর জোর সৌদি আরবের
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, ট্রাম্পের সঙ্গে ফোনালাপে যুবরাজ মোহাম্মদ বিন সালমান মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে সংলাপকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা রয়টার্সকে দুই নেতার ফোনালাপের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাননি।
বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার হুমকির পর ট্রাম্পের এ অবস্থান চলমান সংঘাতে উত্তেজনা প্রশমনের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে।
হরমুজ প্রণালি ঘিরে উদ্বেগ
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পাঁচ মাস আগে যে যুদ্ধ শুরু করেছিল, তার প্রভাব উপসাগরীয় অঞ্চল থেকে লোহিত সাগর হয়ে মিসরের ভূমধ্যসাগরীয় উপকূল পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো।
ইরান কার্যত এই নৌপথে চলাচল ব্যাপকভাবে সীমিত করে দেওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং বৈশ্বিক মূল্যস্ফীতির আশঙ্কাও বেড়েছে।
ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ জানিয়েছে, দেশটির কয়েকজন সামরিক কর্মকর্তা পরিচয় গোপন রেখে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছেন।
তাদের ভাষ্য, এটি উপসাগরীয় আরব দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করার উদ্দেশ্যে দেওয়া ‘আরেকটি নতুন মিথ্যা’।
তাদের দাবি, যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়াক বা পিছু হটুক সব ধরনের পরিস্থিতির জন্যই ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।
তারা আরও সতর্ক করে বলেন, সংঘাত এড়ানো সম্ভব না হলে যুদ্ধক্ষেত্রেই এর পরিণতি নির্ধারিত হবে।
এর আগে তেহরান যুক্তরাষ্ট্রকে যেকোনো ‘হঠকারী পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সতর্ক করেছিল, ইরানের কোনো লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা হলে তার জবাব হবে কঠোর ও সিদ্ধান্তমূলক।