আনাদোলু
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ১৩:৩২ পিএম
জাপানের কুমানোতো প্রিফেকচারে শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ঘরবাড়ি। ছবি: আনাদোলু
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুমানোতো প্রিফেকচারে গত সপ্তাহে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম রবিবার জানিয়েছে, প্রাণহানির সংখ্যা বাড়ার পাশাপাশি এখনো হাজার হাজার মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে-র প্রতিবেদন অনুযায়ী, কর্তৃপক্ষ এখন পর্যন্ত ৩৬ জনের মৃত্যু নিশ্চিত করেছে। এছাড়া গত মঙ্গলবারের ৭.১ মাত্রার ওই শক্তিশালী কম্পনে বাকি দুজনের মৃত্যু হয়েছে কি না, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।
প্রশাসনের দেওয়া তথ্যমতে, ভূমিকম্পে ৩ হাজার ৪০০-এরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ২১০টি আশ্রয়কেন্দ্রে ৯ হাজার ২০০-এর বেশি মানুষ অবস্থান করছেন। কুমানোতোর অন্তত ৬৯হাজার পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি সরবরাহ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত চিকিৎসা কেন্দ্রগুলো পুনরায় সচল করার চেষ্টা চলছে।
এদিকে, শনিবার কুমানোতোর কিছু এলাকায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হিটস্ট্রোকের উপসর্গ নিয়ে অন্তত ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনো পাওয়া যায়নি। বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিদর্শন ও যাচাই-বাছাই চলছে, ফলে ক্ষতিগ্রস্ত ভবনের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
প্রিফেকচারাল সরকার জানিয়েছে, ভূমিকম্পের পরপরই একটি ‘আয়ন’ শপিং মলে বিস্ফোরণে সাতজন কর্মী নিহত এবং পাঁচজন আহত হন। সেখানে শনিবার তল্লাশি ও উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
ভৌগোলিক অবস্থানের কারণে জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত হওয়ায় বিশ্বের ৬.০ বা তার বেশি মাত্রার ভূমিকম্পগুলোর প্রায় ২০ শতাংশই জাপানে অনুভূত হয়।