নুরুল ওয়াহিদ, স্পেন থেকে
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ২০:৪০ পিএম
স্পেন সীমান্তে নিয়ন্ত্রণ জোরদার করেছে ফ্রান্স। ছবি: আনাদুলু এজেন্সি
স্পেনের উত্তর আফ্রিকান স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতাকে কেন্দ্র করে সৃষ্ট অভিবাসন সংকট ইউরোপজুড়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। সংকটে এখন পর্যন্ত অন্তত ৬৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।
পরিস্থিতির জেরে স্পেন সীমান্তে নজরদারি ও তল্লাশি জোরদারের ঘোষণা দিয়েছে ফ্রান্স। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং যানবাহন ও যাত্রীদের পরিচয়পত্র যাচাই বাড়ানো হচ্ছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে মরক্কো সীমান্তসংলগ্ন সেউতায় ৫০ থেকে ৬০ হাজার মানুষ প্রবেশের চেষ্টা করেন। এতে সীমান্তে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, পদদলিত হওয়া এবং সাগরপথে পারাপারের সময় ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৬৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পেন সেনাবাহিনী, সিভিল গার্ড ও জাতীয় পুলিশ মোতায়েন বাড়িয়েছে। সরকার জানিয়েছে, ৪৮ হাজারের বেশি অভিবাসী ইতোমধ্যে মরক্কোতে ফিরে গেছেন বা তাদের ফেরত পাঠানো হয়েছে। সর্বশেষ রাতে বড় ধরনের নতুন অনুপ্রবেশের ঘটনা না ঘটলেও সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।
ফ্রান্সের বাড়তি কড়াকড়ি
সেউতার পরিস্থিতির প্রভাব ইউরোপের অভ্যন্তরে ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় স্পেন সীমান্তে নিয়ন্ত্রণ জোরদার করেছে ফ্রান্স। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত পুরোপুরি বন্ধ করা হচ্ছে না। তবে অতিরিক্ত পুলিশ মোতায়েন, পরিচয়পত্র যাচাই, যানবাহন তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে।
ফ্রান্সের মতে, অনিয়মিত অভিবাসন, মানবপাচার এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। ফলে সীমান্ত পারাপারে যাত্রী ও পণ্যবাহী ট্রাককে আগের তুলনায় বেশি সময় অপেক্ষা করতে হতে পারে।
সমুদ্রপথেও কড়া নিরাপত্তা
স্পেন সরকার সেউতার উপকূলে নতুন ভাসমান সামুদ্রিক নিরাপত্তা প্রতিবন্ধক স্থাপনের কাজ শুরু করেছে। প্রায় ৫০০ মিটার দীর্ঘ এই ভাসমান বাধার উদ্দেশ্য হলো সাগরপথে অনিয়মিত অনুপ্রবেশ ঠেকানো। পাশাপাশি উপকূলে টহল জোরদার করা হয়েছে এবং উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে।
শেনজেন ব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ
ফ্রান্স ও স্পেন উভয়ই শেনজেন অঞ্চলের সদস্য। এই ব্যবস্থায় সাধারণত সদস্য দেশগুলোর মধ্যে অবাধ যাতায়াতের সুযোগ রয়েছে। তবে জাতীয় নিরাপত্তা বা বড় ধরনের সংকটের সময় সদস্য রাষ্ট্রগুলো সাময়িকভাবে সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করতে পারে। ফ্রান্স সেই বিধান ব্যবহার করেই বর্তমান পদক্ষেপ নিয়েছে।
বিশ্লেষকদের মতে, অভিবাসন সংকট এখন শুধু মানবিক সমস্যা নয়, এটি ইউরোপের নিরাপত্তা, অর্থনীতি এবং রাজনীতির অন্যতম বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। সীমান্তে কড়াকড়ি স্বল্পমেয়াদে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়ক হলেও দীর্ঘমেয়াদে সংকট সমাধানে ইউরোপীয় ইউনিয়নকে সমন্বিত অভিবাসন নীতি এবং উৎসদেশগুলোর সঙ্গে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নিতে হবে।
মানবিক সংকটের আশঙ্কা
জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। তাদের মতে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার আইন ও শরণার্থী সুরক্ষার নীতিমালাও সমানভাবে অনুসরণ করা জরুরি।
সেউতার সর্বশেষ পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও ইউরোপীয় দেশগুলো এখনও সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটিই এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রধান নজর।