সিউতা পুলিশ ও স্প্যানিশ সৈন্যরা শনিবার সকালে অবৈধ অনুপ্রবেশকারীদের মরক্কো সীমান্তের দিকে নিয়ে যাচ্ছেন। ছবি: রয়টার্স
স্পেনের উত্তর আফ্রিকায় অবস্থিত স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় কয়েক দিনের মধ্যে ব্যাপক অভিবাসী অনুপ্রবেশকে কেন্দ্র করে দেশটির সঙ্গে শেনজেন চুক্তির অবাধ চলাচল ব্যবস্থা সাময়িকভাবে স্থগিত করেছে ইতালি।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং দুই উপপ্রধানমন্ত্রী আন্তোনিও তাজানি ও মাত্তেও সালভিনির আনুষ্ঠানিক ঘোষণার পর শুক্রবার ইতালীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী মাত্তেও পিয়ানতেদোসির সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে সিদ্ধান্তটি চূড়ান্ত অনুমোদন পায়।
এই ঘটনার জেরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) স্বরাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক আহ্বানের দাবি জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এ ঘটনায় কিছু সদস্য দেশের প্রতিক্রিয়াকে তিনি ‘স্বার্থপর, বিভাজনমূলক এবং আইনবহির্ভূত’ বলে মন্তব্য করেছেন।
এক বিবৃতিতে শুক্রবার সানচেজ জানান, সীমান্ত পেরিয়ে সেউতায় প্রবেশ করা অভিবাসীদের প্রায় সবাইকে ইতোমধ্যে মরক্কোতে ফেরত পাঠানো হয়েছে। এর ফলে ইউরোপের মূল ভূখণ্ডে তাদের অননুমোদিত প্রবেশ ঠেকানো সম্ভব হয়েছে বলেও তিনি দাবি করেন।
স্পেন সরকারের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৪৮ হাজারেরও বেশি মানুষ স্বেচ্ছায় মরক্কোতে ফিরে গেছেন। তবে এই ঘটনা মাদ্রিদের জন্য রাজনৈতিক সংকট তৈরি করেছে। ইইউর কয়েকটি দেশ স্পেনকে সাময়িকভাবে শেনজেন মুক্ত চলাচল ব্যবস্থা থেকে স্থগিত করার আহ্বানও জানিয়েছে।
এরই মধ্যে ইতালি ঘোষণা দেয়, তারা স্পেনের সঙ্গে শেনজেন ব্যবস্থার কার্যকারিতা সাময়িকভাবে স্থগিত করবে। যদিও সেউতা ও স্পেনের আরেক উত্তর আফ্রিকান অঞ্চল মেলিলা শেনজেনের বিশেষ বিধানের আওতায় পরিচালিত হয়, যেখানে ইউরোপের মূল ভূখণ্ডে অবাধ প্রবেশের সুযোগ নেই।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি এ পরিস্থিতির জন্য স্পেন সরকারের অভিবাসন নীতিকে দায়ী করেছেন।
তার অভিযোগ, অনথিভুক্ত অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের বৈধতা দেওয়ার স্পেনের উদ্যোগ মানবপাচারকে উৎসাহিত করেছে এবং সেটি ছিল ‘সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত’।
গত বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনে মরক্কো থেকে ৫০ হাজারের বেশি মানুষ সেউতায় প্রবেশের চেষ্টা করেন। এ সময় অন্তত ৬৭ জনের মৃত্যু হয়। কেউ সাগরে ডুবে, আবার কেউ সীমান্তের ঢেউরোধী বাঁধ পার হওয়ার সময় পদদলিত হয়ে প্রাণ হারান।
তবে স্পেন সরকারের দাবি শুক্রবারেই প্রায় ৪৮ হাজার অভিবাসী ফেরত গেছেন। শনিবার সকালেও সেউতায় অবস্থানকারী অনেক অভিবাসী মরক্কোতে ফিরে যান। সীমান্ত এলাকায় স্পেন অতিরিক্ত পুলিশ ও সামরিক বাহিনী মোতায়েন করেছে।
স্পেন সরকার জানিয়েছে, বর্তমানে সেউতার পরিস্থিতি শান্ত রয়েছে। নতুন করে সীমান্ত অতিক্রমের ঘটনা কার্যত বন্ধ হয়েছে এবং মরক্কোর দিকে প্রত্যাবর্তন অব্যাহত রয়েছে। সীমান্তে নিরাপত্তা জোরদারে সমুদ্রে ভাসমান প্রতিবন্ধক ও বয়া স্থাপনের কাজও চলছে।
ইতালি-স্পেন এই ইস্যুতে সমগ্র ইউরোপজুড়ে ব্যাপক মেরূকরণ শুরু হয়েছে। ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, ডেনমার্ক, চেক প্রজাতন্ত্র ও সুইডেন প্রকাশ্যে ইতালির অবস্থানকে সমর্থন জানিয়েছে।
ফিনল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, স্পেন শেনজেন এলাকার বহিঃসীমান্ত রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। অন্যদিকে, ইউরোপীয় কমিশনের স্বরাষ্ট্রবিষয়ক কমিশনার জানান যে সেউতা ও মেলিয়ার ক্ষেত্রে শেনজেন সীমান্ত বিধির বিশেষ নিয়ম এখনো কার্যকর রয়েছে।
আগামী সাধারণ নির্বাচনের মুখে থাকা ইতালিতে এই সিদ্ধান্ত যেমন রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে, তেমনি ফ্রান্সের ‘ন্যাশনাল র্যালি’, জার্মানির ‘এএফডি’ ও যুক্তরাজ্যের ‘রিফর্ম ইউকে’-র মতো ইউরোপীয় ডানপন্থি দলগুলো ইতালির এই পদক্ষেপকে সাদরে স্বাগত জানিয়েছে।