নুরুল ওয়াহিদ, স্পেন থেকে
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১৮:০৪ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৬ ১৮:৫৬ পিএম
সমুদ্র ও স্থলপথে অভিবাসীরা স্প্যানিশ ছিটমহল সেউটায় প্রবেশের চেষ্টা চালিয়ে যাওয়ার মধ্যে কয়েকজন অভিবাসী মরক্কোর দিকে ফিরে যাচ্ছেন। ছবি: রয়টার্স/ফাবিয়ান বিমার
উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউটায় মাত্র ২৪ ঘণ্টায় প্রায় ৪৯ হাজার অনিয়মিত অভিবাসী প্রবেশ করেছেন বলে দাবি করেছে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মরক্কো থেকে সমুদ্র ও স্থলপথে একযোগে সীমান্ত অতিক্রমের এ ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন।
নজিরবিহীন এ পরিস্থিতিতে অতিরিক্ত সেনা ও পুলিশ মোতায়েন করেছে স্পেন সরকার। সংকট মোকাবিলায় শুক্রবার সেউটা সফর করেছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। খবর রয়টার্স, এএফপির।
স্প্যানিশ কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানায়, বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় সমুদ্র ও স্থলপথে হাজার হাজার মানুষ সেউটায় প্রবেশ করেন। তবে ফরাসি বার্তা সংস্থা এএফপি স্প্যানিশ পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, প্রবেশকারীর সংখ্যা প্রায় ৪০ হাজার। যদিও সংখ্যায় কিছু পার্থক্য রয়েছে, তবু সংশ্লিষ্টরা একমত যে এটি সাম্প্রতিক সময়ে সেউটার সবচেয়ে বড় অভিবাসন সংকট।
সীমান্ত অতিক্রমের সময় অনেক অভিবাসী উত্তাল সমুদ্র সাঁতরে সেউটায় পৌঁছানোর চেষ্টা করেন। আবার অনেকে সীমান্তের বেড়া টপকে প্রবেশের চেষ্টা করেন। এতে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। স্পেনের সিভিল গার্ড, সামুদ্রিক উদ্ধার সংস্থা ও রেড ক্রস দিনভর উদ্ধার অভিযান চালিয়ে সমুদ্রে ভাসমান অনেক অভিবাসীকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার রাতেই অতিরিক্ত সেনা ও পুলিশ মোতায়েন করা হয়। শুক্রবার সকালে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সেউটা সফর করে সীমান্তে দায়িত্বরত নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মার্লাস্কা। বৈঠকে সীমান্ত নিরাপত্তা জোরদার, উদ্ধার কার্যক্রম এবং মানবিক সহায়তা নিয়ে আলোচনা হয়।
স্থানীয় প্রশাসনের দাবি, সাম্প্রতিক ঢলের আগেই কয়েক দিনের মধ্যে দেড় হাজারের বেশি অভিবাসী সেউটায় পৌঁছেছিলেন। নতুন করে হাজারো মানুষের আগমনে শহরটির অস্থায়ী অভিবাসী আশ্রয়কেন্দ্রগুলো সম্পূর্ণ ধারণক্ষমতা অতিক্রম করেছে। বর্তমানে শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে প্রবেশের অপেক্ষায় রয়েছেন এবং অনেককে খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে। পরিস্থিতিকে ‘অত্যন্ত গুরুতর’ আখ্যা দিয়ে স্থানীয় সরকার স্পেনের কেন্দ্রীয় সরকারের কাছে জরুরি সহায়তা চেয়েছে।
সেউটার স্থানীয় সরকারের মুখপাত্র আলেহান্দ্রো রামিরেস বলেন, “সমুদ্রপথে অভিবাসীদের এই নজিরবিহীন প্রবাহ মোকাবিলায় রাষ্ট্রের পক্ষ থেকে ‘ব্যতিক্রমী ও তাৎক্ষণিক’ ব্যবস্থা গ্রহণ জরুরি।”
তিনি বলেন, “আশ্রয়কেন্দ্রের ওপর চাপ কমাতে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক অভিবাসীদের দ্রুত স্পেনের মূল ভূখণ্ডে স্থানান্তরের বিকল্প নেই।”
এদিকে স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মার্লাস্কা বলেছেন, “মরক্কোর সঙ্গে সমন্বয় করে অনিয়মিতভাবে সেউটায় প্রবেশকারীদের দ্রুত ফেরত পাঠানোর ব্যবস্থা বাস্তবায়নে কাজ চলছে।”
তিনি বলেন, “সীমান্ত নিয়ন্ত্রণে মরক্কো সরকার সহযোগিতা করছে এবং দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।”
তবে পরিস্থিতি মোকাবিলায় আইনি জটিলতাও তৈরি হয়েছে। স্পেনের সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক রায়ে সমুদ্রপথে সেউটায় পৌঁছানো অভিবাসীদের তাৎক্ষণিকভাবে মরক্কোতে ফেরত পাঠানো যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের মতে, এ কারণে আশ্রয়কেন্দ্রগুলোর ওপর চাপ আরও বেড়েছে এবং সংকট দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
অধিকারকর্মীদের তথ্য অনুযায়ী, সীমান্ত অতিক্রমের চেষ্টা করা ব্যক্তিদের বেশিরভাগই মরক্কোর নাগরিক। এছাড়া ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মরক্কোতে অবস্থানরত কিছু আলজেরীয় নাগরিকও এই পথে প্রবেশের চেষ্টা করছেন।
বৃহস্পতিবার রাতে মরক্কোর সীমান্তবর্তী শহর ফনিদেকে হাজারো তরুণ জড়ো হন। তাদের অনেকেই শুনেছিলেন, সেউটা সীমান্ত খুলে দেওয়া হয়েছে। যদিও এ ধরনের তথ্যের সত্যতা এখনো নিশ্চিত হয়নি, তবু এটিকে বিপুলসংখ্যক মানুষের একযোগে সীমান্তে জড়ো হওয়ার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এ ঘটনা ২০২১ সালের সেউটা সীমান্ত সংকটের চেয়েও বড় আকার ধারণ করেছে। সে সময় মরক্কোর সীমান্ত নিয়ন্ত্রণ শিথিল হওয়ার সুযোগে মাত্র দুই দিনে ১০ হাজারের বেশি মানুষ সেউটায় প্রবেশ করেছিলেন। এবার কয়েক গুণ বেশি মানুষের প্রবেশের দাবি সামনে আসায় ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত নিরাপত্তা, অভিবাসন নীতি এবং মানবিক দায়বদ্ধতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, সেউটা ও মেলিয়া উত্তর আফ্রিকায় মরক্কোর ভেতরে অবস্থিত স্পেনের দুটি স্বায়ত্তশাসিত শহর। এই দুটি শহরই আফ্রিকার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একমাত্র স্থলসীমান্ত। উন্নত জীবনের আশায় আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বহু মানুষ প্রতিবছর এই দুই সীমান্ত দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করেন। ফলে শহর দুটি দীর্ঘদিন ধরেই ইউরোপের অভিবাসন সংকটের অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত।