প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১৭:৫৯ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৬ ১৭:৫৯ পিএম
মাউন্ট এভারেস্টের চূড়ায় নির্মল পূর্জা। ছবি: ইনস্টাগ্রাম/@nimsdai
পাকিস্তানের উত্তরাঞ্চলে ব্রড পিক পর্বতশৃঙ্গ আরোহণের সময় ভয়াবহ তুষারধসে নামকরা নেপালি পর্বতারোহী নির্মল পূর্জাসহ ১০ জন নিখোঁজ হয়েছেন।
পাকিস্তান আলপাইন ক্লাব (এসিপি) শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে এক বিবৃতিতে এসিপি জানায়, কারাকোরাম পর্বতমালায় অবস্থিত ৮ হাজার ৪৭ মিটার উচ্চতার ব্রড পিকে আরোহণের সময় এই দুর্ঘটনার কবলে পড়ে দলটি। দুর্ঘটনার পর থেকে নির্মল পূর্জার নেতৃত্বাধীন ওই দলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
অভিযানকারী এই দলে মোট ১০ জন সদস্য ছিলেন। নিখোঁজদের মধ্যে পাঁচজন নেপালি, একজন পাকিস্তানি, একজন ওমানি, একজন যুক্তরাষ্ট্র এবং একজন চীনা নাগরিক রয়েছেন। অন্যজনও একজন বিদেশি পর্যটক বলে জানা গেছে।
৪৩ বছর বয়সি নির্মল পূর্জা একজন বিশ্বখ্যাত পর্বতারোহী। ব্রিটিশ সেনাবাহিনীর ব্রিগেড অব গুর্খাস এবং রয়্যাল মেরিনসের স্পেশাল বোট স্কোয়াড্রনে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। ২০১৯ সালে মাত্র ৬ মাস ৬ দিনে বিশ্বের ১৪টি আট হাজার মিটারের বেশি উচ্চতার শৃঙ্গ জয় করে তিনি বিশ্ব রেকর্ড গড়েছিলেন। এছাড়া ২০২১ সালে প্রথম ব্যক্তি হিসেবে শীতকালে কে-টু শৃঙ্গ জয়ের গৌরব অর্জন করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া সর্বশেষ পোস্টে নির্মল লিখেছিলেন, অক্সিজেন সিলিন্ডার ছাড়াই দ্বিতীয়বারের মতো বিশ্বের ১৪টি ‘সুপার পিক’ আরোহনকারী প্রথম ব্যক্তি হওয়ার লক্ষ্য নিয়ে তিনি ব্রড পিক অভিযানে নেমেছেন।
ব্রড পিক বিশ্বের দ্বাদশ সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। কারিগরিভাবে এটি আরোহণ করা অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়। ১৯৫৭ সালে অস্ট্রিয়ার একটি দল প্রথম এই শৃঙ্গ জয় করেছিল।
আলপাইন ক্লাব জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে পাকিস্তান সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। হেলিকপ্টারগুলোতে দক্ষ উদ্ধারকর্মী এবং বিশেষ সরঞ্জাম পাঠানো হয়েছে। দুর্গম ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।