× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শর্তসাপেক্ষে অস্ত্র ছাড়তে রাজি হামাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১৩:৪১ পিএম

আপডেট : ৩১ জুলাই ২০২৬ ১৪:৪৫ পিএম

গাজায় নিরস্ত্রীকরণ পরিকল্পনা বাস্তবায়নে রাজি হয়েছে হামাস। ছবি: রয়টার্স

গাজায় নিরস্ত্রীকরণ পরিকল্পনা বাস্তবায়নে রাজি হয়েছে হামাস। ছবি: রয়টার্স

গাজায় নিরস্ত্রীকরণ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে হামাসসহ অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী শর্তসাপেক্ষে একটি চুক্তিতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ চুক্তিকে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার পথে ‘একটি ঐতিহাসিক অগ্রগতি’ বলে অভিহিত করেছেন।

আল জাজিরা বৃহস্পতিবারের এই চুক্তির একটি অনুলিপি পেয়েছে। এতে বলা হয়েছে, নিরস্ত্রীকরণের বিস্তারিত রোডম্যাপ ১৪ দিনের মধ্যে প্রস্তুত করতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক যাচাইকারী সংস্থার অনুমোদন এবং সংশ্লিষ্ট সব পক্ষের সম্মতিতে সময় বাড়ানো যাবে।

হামাসের আলোচক দলের সদস্য গাজি হামাদ আল জাজিরাকে বলেন, “আলোচনাগুলো ছিল অত্যন্ত কঠিন। বাস্তবসম্মত এবং সর্বোত্তম একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করেছি।”

তবে তিনি স্পষ্ট করে বলেন, “ইসরায়েল যদি নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে, তাহলে হামাসও চুক্তির কোনো অংশ কার্যকর করবে না।” তিনি জানান, নিরস্ত্রীকরণ নির্ভর করবে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং পুনর্গঠন কার্যক্রমে অগ্রগতির ওপর।

এ বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্রাম্প জানান, গাজার ভবিষ্যৎ প্রশাসন তদারকির জন্য গঠিত বোর্ড অব পিস-এর উদ্যোগে এই সমঝোতা সম্ভব হয়েছে।

তিনি ট্রুথ সোশ্যালে লিখেছেন, “এই চুক্তি গাজায় একটি নতুন ফিলিস্তিনি সরকারের পথ খুলে দেবে, যা বোর্ড অব পিসের সঙ্গে ঘনিষ্ঠভাবে ফিলিস্তিনি জনগণের কল্যাণে কাজ করবে। একই সঙ্গে গাজা আর সন্ত্রাসী হামলার ঘাঁটি না হওয়ায় ইসরায়েলও তার প্রাপ্য নিরাপত্তা পাবে।”

চুক্তি অনুযায়ী, গাজায় প্রথমে একটি ন্যাশনাল কমিটি এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স) প্রবেশ করবে। এরপর ন্যাশনাল কমিটি অস্ত্রের তালিকা প্রণয়ন ও সংরক্ষণের দায়িত্ব নেবে। পুরো প্রক্রিয়া আন্তর্জাতিক যাচাই কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং এতে ফিলিস্তিনি গোষ্ঠীগুলো অংশ নেবে।

চুক্তিতে আরও বলা হয়েছে, গাজা থেকে ইসরায়েলি সেনা ধাপে ধাপে প্রত্যাহারের সঙ্গে নিরস্ত্রীকরণ কার্যক্রম সমান্তরালভাবে চলবে। কোনও অস্ত্র ইসরায়েল বা অন্য কোনো অ-ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তর করা হবে না। গাজার সব অস্ত্রের একমাত্র দায়িত্বে থাকবে ন্যাশনাল কমিটি।

বোর্ড অব পিসের এক কর্মকর্তা আল জাজিরাকে নিশ্চিত করেছেন, হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী তাদের অস্ত্র ন্যাশনাল কমিটির কাছে হস্তান্তর করবে। প্রথমে পুলিশের ব্যবহৃত অস্ত্র, পরে ভারি অস্ত্র নিষ্ক্রিয় করা হবে। পরিকল্পনা অনুযায়ী গাজায় সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ করতে হবে, যদিও পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগবে।

বোর্ড অব পিসের প্রতিনিধি নিকোলাই ম্লাদেনভ বলেন, “এই সমঝোতায় পৌঁছাতে কয়েক মাস ধরে আলোচনা হয়েছে। এমন অনেক সময় এসেছে, যখন মনে হয়েছিল চুক্তি আর হবে না।”

এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাস্তবায়ন। সেনা প্রত্যাহার এবং অস্ত্র নিষ্ক্রিয়করণকে একই গতিতে এগোতে হবে এবং পুরো প্রক্রিয়া কার্যকরভাবে যাচাই করতে হবে।”

ট্রাম্প জানান, এই নিরস্ত্রীকরণ হবে ধাপে ধাপে এবং এটি গত অক্টোবরে তার মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তিরই অংশ। তার দাবি, সেই যুদ্ধবিরতি ইসরায়েল-গাজা যুদ্ধের অবসান ঘটানোর উদ্দেশ্যে হয়েছিল।

ট্রাম্প বলেন, নিরস্ত্রীকরণ সম্পন্ন হলে ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করবে। এরপর আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী এবং একটি নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনী সেখানে দায়িত্ব নেবে।

তিনি বলেন, ‘এই চুক্তির মাধ্যমে গাজা শেষ পর্যন্ত এমন একটি নতুন ফিলিস্তিনি সরকারের হাতে যাবে, যারা জনগণের স্বার্থেই কাজ করবে।’

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং পুরো উপত্যকা ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল একাধিকবার তা লঙ্ঘন করেছে বলে অভিযোগ রয়েছে। এতে আরও ১ হাজার ২০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবারও ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হন, যাদের মধ্যে দুই শিশু ছিল।

তবে গাজাভিত্তিক আরেক সশস্ত্র সংগঠন প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ জানিয়েছে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত চুক্তির খবর পুরোপুরি সঠিক নয়। তারা খসড়া চুক্তির কিছু ভাষা নিয়েও আপত্তি জানিয়েছে।

এর আগে, গত ৬ জুলাই প্রায় দুই দশক ধরে গাজার প্রশাসনিক দায়িত্বে থাকা নিজেদের পরিচালিত শাসন কাঠামো বিলুপ্ত করার ঘোষণা দেয় হামাস।

ওয়াশিংটন থেকে আল জাজিরার সাংবাদিক অ্যালান ফিশার জানান, পরিকল্পনা অনুযায়ী হামাস ও অন্যান্য গোষ্ঠী অঞ্চলভিত্তিক ধাপে ধাপে অস্ত্র জমা দেবে। একই সঙ্গে নতুন ফিলিস্তিনি পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হবে।

সামরিক বিশ্লেষক নিদাল আবু জায়েদ বলেন, সামরিক দৃষ্টিকোণ থেকে অস্ত্র তালিকাভুক্ত ও সংরক্ষণের কাজ কোনো নিরপেক্ষ তৃতীয় পক্ষ করতে পারে। কিন্তু নিরস্ত্রীকরণ সাধারণত প্রতিপক্ষের মাধ্যমে হয়, আর ফিলিস্তিনি গোষ্ঠীগুলো কখনোই শত্রুপক্ষের কাছে অস্ত্র সমর্পণে সম্মত হবে না।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা