নুরুল ওয়াহিদ, স্পেন থেকে
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ১৯:২৪ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৬ ১৯:৩৩ পিএম
মরক্কো থেকে সাঁতরে স্পেনে ১৫০০ অভিবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
আফ্রিকা মহাদেশে অবস্থিত স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতায় নতুন করে অভিবাসন সংকট দেখা দিয়েছে।
গত এক সপ্তাহে মরক্কো থেকে সাঁতরে বা সমুদ্রপথে দেড় হাজারেরও বেশি অভিবাসী সেউতায় এসেছেন। বিপুল সংখ্যক মানুষ আসায় শহরটির আশ্রয়কেন্দ্র ও মানবিক সহায়তা ব্যবস্থা বেশ চাপে পড়েছে।
উদ্ভূত পরিস্থিতিকে ‘মানবিক ও নিরাপত্তাজনিত জরুরি অবস্থা’ হিসেবে বর্ণনা করে সেউতার প্রেসিডেন্ট হুয়ান হেসুস ভিভাস স্পেনের কেন্দ্রীয় সরকারের কাছে ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণার জোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রতিদিন শত শত অভিবাসীর আগমনে স্থানীয় প্রশাসনের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে অপ্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত আশ্রয়কেন্দ্রগুলো তাদের ধারণক্ষমতার বহু গুণ বেশি চাপে রয়েছে।
তবে স্পেন সরকার এখন পর্যন্ত জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেনি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মার্লাস্কা সেউতা সফরের ঘোষণা দিয়েছেন এবং সীমান্ত নিরাপত্তা জোরদার, অতিরিক্ত জনবল মোতায়েন ও মানবিক সহায়তা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, বিদ্যমান আইনি কাঠামোর মধ্যেই পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে।
সেউতা আফ্রিকা মহাদেশে অবস্থিত হলেও এটি স্পেন এবং ইউরোপীয় ইউনিয়নের অংশ। তাই মরক্কো থেকে সেউতায় প্রবেশ মানেই ইউরোপীয় ইউনিয়নের ভূখণ্ডে প্রবেশ। উন্নত জীবনের আশায় প্রতিবছর বহু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে সেখানে পৌঁছানোর চেষ্টা করেন।
বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি ২০২১ সালের বড় অভিবাসন সংকটের স্মৃতি ফিরিয়ে এনেছে। সে সময় মাত্র কয়েক দিনের মধ্যে প্রায় ১০ হাজার অভিবাসী সেউতায় প্রবেশ করেছিলেন। যদিও এবারের সংখ্যা তুলনামূলক কম, তবুও ধারাবাহিকভাবে অভিবাসীর সংখ্যা বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ যাত্রার কারণে প্রাণহানির ঘটনাও ঘটছে। স্থানীয় কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সমুদ্র থেকে একাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে, যা সংকটের মানবিক দিকটিকে আরও গভীর করেছে।