প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ২১:৪১ পিএম
টানা ২৪ ঘণ্টারও বেশি উড়ল এয়ারবাস এ৩৫০। ছবি: রয়টার্স
বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক ননস্টপ যাত্রীবাহী ফ্লাইট চালুর পথে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস।
অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে ফ্রান্সের তুলুজ পর্যন্ত টানা ২৪ ঘণ্টা ২৪ মিনিট উড়ে সফলভাবে পরীক্ষামূলক যাত্রা সম্পন্ন করেছে বিশেষভাবে পরিবর্তিত একটি এ৩৫০-১০০০ইউএলআর উড়োজাহাজ। রেকর্ড গড়ার লক্ষ্যে তৈরি এই পরীক্ষামূলক উড্ডয়ন বিশ্বজুড়ে বিমান প্রেমীদের ব্যাপক আগ্রহের জন্ম দেয়।
রয়টার্স জানায়, গত মঙ্গলবার শেষ হওয়া ফ্লাইটটি অস্ট্রেলিয়ার জাতীয় বিমান সংস্থা কোয়ান্টাসের প্রজেক্ট সানরাইজের একটি গুরুত্বপূর্ণ ধাপ। প্রকল্পটির উদ্দেশ্য বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক ননস্টপ যাত্রীবাহী ফ্লাইট চালু করা, যাতে অস্ট্রেলিয়া ও ইউরোপের মধ্যে যাত্রাবিরতি ছাড়াই সরাসরি বিমানসেবা দেওয়া সম্ভব হয়।
উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস জানিয়েছে, বিশেষভাবে পরিবর্তিত এ৩৫০-১০০০ইউএলআর উড়োজাহাজটি ২০২৭ সালের এপ্রিলে কোয়ান্টাসের কাছে হস্তান্তর করবে। একই বছরের অক্টোবর থেকে সিডনি ও লন্ডনের মধ্যে প্রতিদিন ননস্টপ ফ্লাইট পরিচালনার আশা করছে সংস্থাটি।
এয়ারবাস জানিয়েছে, অতিরিক্ত জ্বালানি বহনের জন্য বিশেষভাবে নকশা করা ট্যাংকযুক্ত উড়োজাহাজটি ২৪ ঘণ্টা ২৪ মিনিট আকাশে ছিল। এ সময় এটি কানাডার আকাশপথসহ নির্ধারিত পরীক্ষামূলক রুটে মোট ২৩ হাজার ৭৫ কিলোমিটার (১৪ হাজার ৩৩৮ মাইল) পথ অতিক্রম করে ফ্রান্সের তুলুজে অবতরণ করে।
ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, এই যাত্রাটি তাদের প্লাটফর্মের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক অনুসরণ করা ফ্লাইটে পরিণত হয়। প্রায় ৩৬ লাখ মানুষ অনলাইনে এর গতিপথ অনুসরণ করে। এর আগে ২০০৫ সালে একটি বোয়িং ৭৭৭-২০০এলআর ওয়ার্ল্ডলাইনার হংকং থেকে লন্ডন পর্যন্ত ২১ হাজার ৬০১ দশমিক ৭ কিলোমিটার পথ ২২ ঘণ্টা ৪২ মিনিটে অতিক্রম করে দীর্ঘপাল্লার উড্ডয়নের নজির গড়েছিল।
এই সেবা চালু হলে একসময়ের ঐতিহাসিক ‘ক্যাঙ্গারু রুট’-এ অস্ট্রেলিয়া থেকে লন্ডনের যাত্রা, যা আগে একাধিক যাত্রাবিরতিসহ প্রায় পাঁচ দিন সময় নিত, তা মাত্র ১৯ থেকে ২১ ঘণ্টার একটি ননস্টপ ফ্লাইটে সম্পন্ন করা সম্ভব হবে। তবে উড্ডয়নের প্রকৃত সময়, রুট এবং অনুকূল বা প্রতিকূল বায়ুপ্রবাহের ওপর নির্ভর করবে।