ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভূ-বিজ্ঞান প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। ছবি: এক্স (সাবেক টুইটার)
ভারতের লোকসভায় প্রশ্নফাঁস ও সরকারি পরীক্ষায় অনিয়ম ঠেকাতে পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬ পাস হয়েছে।
বিরোধী দলের স্লোগান ও বিক্ষোভের মধ্যেই বুধবার বিলটি অনুমোদন দেয় নিম্নকক্ষ।
এর আগে সোমবার ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভূ-বিজ্ঞান প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বিলটি লোকসভায় উত্থাপন করেন।
সাম্প্রতিক সময়ে প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। এরপরই সরকার আইনটি আরও কঠোর করার উদ্যোগ নেয়।
লোকসভায় বিলটি নিয়ে বক্তব্য দিতে গিয়ে জিতেন্দ্র সিং বলেন, “২০২৪ সালে প্রশ্নফাঁস বিরোধী আইন কার্যকর হওয়ার পর থেকে নিট প্রশ্নফাঁস সংক্রান্ত ঘটনায় সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং এ পর্যন্ত ৫২টি এফআইআর দায়ের করা হয়েছে”।
নতুন সংশোধনী অনুযায়ী, পরীক্ষা পরিচালনায় যুক্ত সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে সর্বোচ্চ জরিমানার পরিমাণ ১ কোটি রুপি থেকে বাড়িয়ে ৫ কোটি রুপি করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।
এ ছাড়া পরীক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তাদের জন্যও শাস্তি আরও কঠোর করা হয়েছে। তাদের ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচ বছর থেকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫ কোটি রুপি জরিমানার বিধান রাখা হয়েছে। আগের আইনে এ ক্ষেত্রে কারাদণ্ড ছিল তিন থেকে ১০ বছর এবং জরিমানার সর্বোচ্চ সীমা ছিল ১ কোটি রুপি।
জিতেন্দ্র সিং বলেন, “এই সংশোধনী প্রমাণ করে সরকার বাস্তব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আইন আরও কার্যকর করার চেষ্টা করছে”।
তিনি দাবি করেন, গত কয়েক বছরে প্রশ্নফাঁস-সংক্রান্ত ঘটনার হারও কমেছে।
বিলের ওপর আলোচনায় তিনি লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীরও সমালোচনা করেন। তার অভিযোগ, রাহুল গান্ধীর সংসদীয় রীতি-নীতি ও সরকারের কার্যপ্রণালি সম্পর্কে পর্যাপ্ত ধারণা নেই।
বিলটি পাস হওয়ার পর লোকসভার অধিবেশন ওই দিনের জন্য মুলতবি ঘোষণা করা হয়।