প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ২০:৩৭ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৬ ২০:৩৮ পিএম
ওয়াইকোর সদস্য সংখ্যা হবে ২৯। ছবি: সিজিটিএন
এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি খাতে ভারত ও যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে চায় চীন। আর এটা করতে গিয়েই তার বলয়ের সব দেশকে এক ছাতার নিচে আনতে চাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গড়ে তুলছেন ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কো-অপারেশন অর্গানাইজেশন বা ওয়াইকো।
সম্প্রতি এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা করেছেন তিনি। ওয়াইকোর সদস্য সংখ্যা হবে ২৯। এই উদ্যোগের ফলে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিধাবিভক্ত হবে এআই বিশ্ব।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, চলতি বছরের জুলাইয়ের তৃতীয় সপ্তাহে কৃত্রিম বুদ্ধিমত্তার শীর্ষ সম্মেলনের আয়োজন করে চীন। সাংহাইতে হওয়া ওই সম্মেলনে গঠিত হয় ওয়াইকো জোট। সেখানে হাজির ছিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সংশ্লিষ্ট সংগঠনের জন্ম হতেই এআই নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন প্রেসিডেন্ট শি। একে অত্যন্ত বাস্তব ভূ-রাজনৈতিক বার্তা হিসেবেই দেখা হচ্ছে।
সাংহাই সম্মেলনে জিনপিং বলেন, “ওয়াইকোর উদ্দেশ্য হলো- কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে সহযোগিতা। এই প্রযুক্তির ওপর সুনির্দিষ্ট কোনো রাষ্ট্রের আধিপত্য থাকা উচিত নয়”।
বিশেষজ্ঞদের দাবি, এই বক্তব্যের মধ্য দিয়ে নাম না বলেও যুক্তরাষ্ট্রকে খোঁচা দিয়েছেন তিনি। অনুষ্ঠানে নিজেদের শক্তি দেখাতে বেশ কিছু অত্যাধুনিক প্রযুক্তি প্রদর্শনও করতে দেখা যায় বেইজিংকে।
খবরে বলা হয়েছে, গত কয়েক বছর ধরেই কৃত্রিম বুদ্ধিমত্তার লড়াইতে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও চীন। সাম্প্রতিক সময়ে বেইজিংয়ের এআই মডেলগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। তাই কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে নিজেকে বিশ্বনেতা হিসেবে তুলে ধরতে মরিয়া চেষ্টা চালাচ্ছে চীন। সেখানে এখনও এক নম্বর স্থানটি ধরে রেখেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র ও চীনের কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলগুলোর মধ্যে মূল পার্থক্য হলো খরচ। যে এআই প্রযুক্তি তৈরিতে কোটি কোটি ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র, অত্যন্ত সস্তায় সেটা বাজারে আনতে দেখা যাচ্ছে বেইজিংয়ের কোম্পানিকে। ওয়াশিংটনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন এটাই।
প্রেসিডেন্ট শি বলেন, “চীন এআইয়ের ব্যাপারে ঐতিহাসিক অবিচার বন্ধ করার পক্ষপাতী। ওপেন সোর্স থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলগুলো চলছে। সেই সুযোগ গ্রহণের জন্য ওয়াইকোর সদস্যদের আহ্বান জানাচ্ছি। এই প্রযুক্তির উন্নতি এবং তাতে সবার ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করতে বেইজিং বদ্ধপরিকর”।
বর্তমানে আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং এশিয়ার বেশ কিছু দেশে চালু আছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি। সেই সহযোগিতা অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে জিনপিং প্রশাসন।
প্রেসিডেন্ট শির কথায়, উন্নত এআই প্রযুক্তির বিকাশ কোনো একটি দেশের একক কৃতিত্ব হওয়া উচিত নয়। একাধিক রাষ্ট্রের যোগদানের মাধ্যমে তাকে এগিয়ে নিয়ে যাওয়াই ভালো।
চীনের অভিযোগ, এআই মডেল সবার সঙ্গে সমানভাবে ভাগ করে নিতে নারাজ যুক্তরাষ্ট্র। মাঝে মধ্যেই জাতীয় নিরাপত্তার অজুহাত দিয়ে বহু রাষ্ট্রের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রযুক্তিটি ব্যবহারে বাধা সৃষ্টি করে থাকে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এমন স্বার্থপর নীতির প্রবল বিরোধী বেইজিং। সেই কারণেই ২৯টি বন্ধু রাষ্ট্রকে নিয়ে গঠিত ওয়াইকো জোটকে শক্তিশালী করার মরিয়া চেষ্টা চালাচ্ছে চীন।
গত বছরের জুলাইতে প্রথমবার ওয়াইকো গঠনের নকশা প্রকাশ্যে আনেন চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং। বর্তমানে এই জোটে রয়েছে রাশিয়া, ইন্দোনেশিয়া, ব্রাজিল, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল এবং পাকিস্তানসহ ২৯টি দেশ। মূলত দক্ষিণ গোলার্ধের প্রায় সমস্ত দেশকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে বেইজিং।
ওয়াইকো গঠনে চীনের উদ্যোগী হওয়ার নেপথ্যে একাধিক কারণ রয়েছে। প্রথমত, আগামী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি নিয়ে বেশ কিছু আন্তর্জাতিক আইন তৈরির পরিকল্পনা রয়েছে জাতিসংঘের। তাতে মার্কিন প্রভাব থাকার সম্ভাবনা ষোলো আনা। ২৯ রাষ্ট্রের এই জোটকে সামনে রেখে সেটাকে আপাতত আটকাতে চাইছে বেইজিং। নিয়মকানুনও নিজেদের মতো করার ইচ্ছা আছে তাদের।
দ্বিতীয়ত, বেইজিংয়ের শিল্পনীতির বড় অংশজুড়ে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এই প্রযুক্তির জন্য চাই বিপুল পরিমাণের র্যাম ও স্টোরেজ চিপ। এর সিংহভাগ বর্তমানে তৈরি হয় চীনে। চিপ নির্মাণের অন্যতম কাঁচামাল বিরল খনিজের ওপরও শক্তিশালী নিয়ন্ত্রণ রয়েছে চীনের।