প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ২০:২৭ পিএম
ইরান-যুক্তরাষ্ট্রের পতাকা। ফাইল ছবি
জর্ডানে যুক্তরাষ্ট্রের ঘাঁটির ওপর ইরানের আকস্মিক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং এর জবাবে ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলার মধ্য দিয়ে ভেঙে গেছে যুদ্ধবিরতির সাময়িক বিরতি।
একঝাঁক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবির পাশাপাশি ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর অস্ত্র ও রসদ ঘাঁটিতে কড়া জবাব দেওয়ার মধ্য দিয়ে অঞ্চলটিতে নতুন করে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা।
এতে দুই পক্ষের মধ্যে নতুন করে ১৩ দিন ধরে চলা লড়াইয়ে যে বিরতি ঘটেছিল তার অবসান হলো। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা হরমুজ প্রণালিতে তিনটি তেল ট্যাংকারে আঘাত হেনেছে। খবর বিবিসি, আল জাজিরা/রয়টার্স ও নিউইয়র্ক টাইমস।
খবরে বলা হয়েছে, ইরানের স্থানীয় সময় বুধবার রাত ১টা ১৫ মিনিটের দিকে জর্ডানে হামলা চালানো হয়েছে। সব ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে। ইরান জানিয়েছে, তারা জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
ইরানের হামলার জবাবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও সৌদি আরবের বাহিনী ইরাকে ইরান সমর্থিত পুপুলার মোবিলাইজেশন ফ্রন্টের (পিএমএফ) বসরা সদর দপ্তরে বিমান হামলা চালায়। সৌদি আরবে ইরাক থেকে হওয়া ড্রোন হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে সৌদি আরব জানিয়েছে। এই হামলা নিয়ে ইরান এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করার দিনটিতে জর্ডানে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালাল ইরান।
এর আগে ট্রাম্প বলেছিলেন, তাদের সঙ্গে ইরানের ‘খুব বন্ধুত্বপূর্ণ আলোচনা’ চলছে। সংঘাত আবার উস্কে উঠতে পারেÑ এমন আশঙ্কায় বুধবার সকালে তেলের দাম আবার বেড়েছে। এশিয়ায় ব্রেন্টের অপরিশোধিত তেলের ব্যারেলপ্রতি মূল্য ৪ দশমিক ৩ শতাংশ বেড়ে ৮৭ ডলার ৭০ সেন্টে দাঁড়িয়েছে। আর যুক্তরাষ্ট্রে ৪ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি মূল্য ৮২ ডলার ৬২ সেন্ট হয়েছে।
ইরানকে বিমান প্রতিরক্ষা দিচ্ছে চীন
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে চীনের ৩০০ থেকে ৪০০টি কাঁধে বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র (ম্যানপ্যাডস) সংগ্রহ করছে ইরান। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই চালানের প্রথম অংশ তেহরানে পৌঁছাতে পারে।
রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বুধবার এই তথ্য উঠে এসেছে। চুক্তির বিষয়ে জানাশোনা তিনটি সূত্র রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, ৬ থেকে ৭ কোটি ডলার মূল্যের চীন নির্মিত ‘কিউডব্লিউ-১২’এবং ‘এফএন-১৬’মডেলের স্বল্পপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে ইরান। তবে রয়টার্সের প্রতিবেদনকে ‘ভিত্তিহীন’বলে দাবি করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সৌদি বিমান ভূপাতিত
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারি জানিয়েছেন, দেশটির সা’দা প্রদেশের আকাশে শত্রুতামূলক অভিযান পরিচালনার সময় সৌদি আরবের একটি গোয়েন্দা বিমান সফলভাবে ভূপাতিত করা হয়েছে। বুধবার ভোরে বিমানটি ভূপাতিত করা হয়েছে।
আলোচনায় তাড়া নেই ইরানের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় ফিরতে ইরানের মধ্যে কোনো তাড়া দেখা যাচ্ছে না। ইরানের দাবি, তারা বর্তমানে কৌশলগতভাবে শক্ত অবস্থানে রয়েছে। দেশটির সামরিক নেতারা যুদ্ধক্ষেত্রে সাফল্যের কথা তুলে ধরছেন। ট্রাম্প প্রশাসন বলছে, ইরান আলোচনায় ফিরতে মরিয়া হয়ে ওঠেছে। কিন্তু কূটনীতিকরা যুক্তরাষ্ট্রের এই দাবি প্রত্যাখ্যান করেছেন।
বিশ্লেষকদের মতে, ইরান মনে করছে বর্তমান অনিশ্চিত পরিস্থিতি— যেখানে পূর্ণ শান্তিও নেই, আবার পূর্ণাঙ্গ যুদ্ধও নেই— এমন পরিস্থিতি তাদের জন্য সুবিধাজনক। দেশটির মূল লক্ষ্য হলোÑ কৌশলগত হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণের স্বীকৃতি আদায় করা। যুক্তরাষ্ট্র এখনও মেনে নিতে রাজি নয়।
তবে এই অবস্থান ইরানের জন্যও ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় আবার সংঘাত শুরু হতে পারে। পাশাপাশি যুদ্ধ, অর্থনৈতিক অস্থিরতা ও মার্কিন নৌ-অবরোধের কারণে দেশটির অর্থনীতি আরও দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে।
ইরানের সামরিক বাহিনীর সাবেক মুখপাত্র রমজান শরিফ নিউইয়র্ক টাইমসকে জানান, ইরান আলোচনায় ফিরতে মরিয়া যুক্তরাষ্ট্রের এমন দাবি সঠিক নয়। দেশটি প্রতিটি পর্যায়ে কৌশলগত পরাজয়ের মুখে পড়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান আলোচনার জন্য বিরতি চেয়েছে এবং দুই দেশ আলোচনা করছে। তবে ইরান তা অস্বীকার করেছে। বিশ্লেষকদের মতে, ইরান বিশ্বাস করে সময় তাদের পক্ষেই রয়েছে। দীর্ঘমেয়াদি চাপ সহ্য করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের তুলনায় তাদের বেশি এবং শেষ পর্যন্ত ওয়াশিংটনই তাদের শর্ত মেনে নিতে বাধ্য হবে।