× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দাবানল নিয়ন্ত্রণে মরিয়া ফ্রান্স ও স্পেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১৯:৩৭ পিএম

আপডেট : ২৮ জুলাই ২০২৬ ২০:৩১ পিএম

স্পেনে মাদ্রিদ ও এর আশপাশের প্রদেশগুলোতে এখনও আগুন নিয়ন্ত্রণের বাইরে। ছবি: বিবিসি

স্পেনে মাদ্রিদ ও এর আশপাশের প্রদেশগুলোতে এখনও আগুন নিয়ন্ত্রণের বাইরে। ছবি: বিবিসি

ফ্রান্স ও স্পেনে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে মরিয়া চেষ্টা চালাচ্ছেন দেশ দুটোর দমকল কর্মীরা। এর মধ্যেই নজিরবিহীনভাবে কয়েক হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

দ্য গার্ডিয়ান বলছে, তীব্র গরম ও শুষ্ক গ্রীষ্মের কারণে আগে থেকেই বিপর্যস্ত এই অঞ্চলে দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। বুধবার থেকে নতুন করে তাপমাত্রা বাড়ার আগে আবহাওয়া কিছুটা অনুকূলে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা।

ফ্রান্সের বোর্দো অঞ্চলে প্রাণান্তকর চেষ্টায় ফায়ার সার্ভিস বনের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও স্পেনে মাদ্রিদ ও এর আশপাশের প্রদেশগুলোতে এখনও আগুন নিয়ন্ত্রণের বাইরে।

তবে স্পেনের কেন্দ্রীয় টলেডো প্রদেশের ১১টির মধ্যে ৯টি শহরের বাসিন্দাদের নিজ নিজ বাড়িতে ফেরার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। তারপরও পরিস্থিতি নিয়ে উচ্চ সতর্কতা জারি রয়েছে। 

বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হওয়া মহাদেশ ইউরোপে এ বছর রেকর্ডভাঙা তাপপ্রবাহ চলছে। বিজ্ঞানীদের মতে, মানুষের তৈরি জলবায়ু পরিবর্তনের কারণেই এই তীব্র গরম ও খরা দেখা দিচ্ছে, যা দাবানলকে দ্রুত ছড়াতে, দীর্ঘ সময় ধরে জ্বলতে এবং আরও ধ্বংসাত্মক হতে সাহায্য করছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, “আজ আমরা যে পরিস্থিতি মোকাবিলা করছি, তা আমাদের রেকর্ড অনুযায়ী সবচেয়ে তীব্র এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ”।

সোমবার রাতে বোর্দোতে জরুরি কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমরা সম্পূর্ণ নজিরবিহীন এক দাবানলের মুখোমুখি হয়েছি”।

২০০৬ সালের পর থেকে বছরের এই সময়ে ফ্রান্সে এর আগে এত বেশি এলাকা পুড়ে যাওয়ার ঘটনা ঘটেনি।

ফ্রান্সের একটি আশ্রয়কেন্দ্রে ক্যাম্প বেডে বসে নিজের বিড়ালকে আদর করতে করতে ৬৩ বছর বয়সী কনসালট্যান্ট সিলভি মিশেল দ্য গার্ডিয়ানকে বলেন, “কর্তৃপক্ষ তাদের ও পোষা প্রাণীদের প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করায় তিনি কৃতজ্ঞ।

তিনি বলেন, “আমরা ফ্রান্সে একটু বেশিই সমালোচনা করতে পছন্দ করি। তবে সত্যি বলতে, এর সাথে যুক্ত সবাইকে কুর্নিশ জানাই”।

পূর্ব স্পেনের লা ভল দ'উইক্সোর বাসিন্দা ৫৩ বছর বয়সী হোসে মিগুয়েল এনসিনাস ওই সময়কার ‘চরম বিশৃঙ্খল’ পরিস্থিতির কথা স্মরণ করে বলেন, “এটা অনেকটা সিনেমার মতো ছিল। যেন মাটি ফেটে নরক বেরিয়ে আসছে। নিজের চোখে সেই লাল নরক দেখছি যেন”।

তবে, স্পেনে চলমান ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে শিগগির সুখবর পাওয়ার আশা করছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

মাদ্রিদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দাবানল মোকাবিলার ক্ষেত্রে কর্তৃপক্ষ এখন ‘সুড়ঙ্গের শেষপ্রান্তে আশার আলো দেখতে পাচ্ছে’।

তবে আসন্ন চতুর্থ তাপপ্রবাহের কারণে সামনের দিনগুলো অত্যন্ত জটিল হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

সানচেজ বলেন, “জলবায়ু পরিবর্তনকে অস্বীকার করাটাই এই সংকটের সবচেয়ে বড় জ্বালানি”।

বিজ্ঞানীরা যে সতর্কতা দিচ্ছেন, তা অস্বীকার করলে সাধারণ মানুষ আরও বেশি ঝুঁকির মুখে পড়বে বলে স্থানীয় সরকারগুলোকে সতর্ক করেন স্প্যানিশ প্রধানমন্ত্রী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা