প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১৭:২০ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৬ ১৭:২২ পিএম
জাপানে শক্তিশালী ভূমিকম্পে একটি শপিং সেন্টারে বিস্ফোরণ হয়েছে এবং ভেতরে অনেকে আটকা পড়েছে। ছবি: এনএইচকে
জাপানে শক্তিশালী ভূমিকম্পে একটি শপিং সেন্টারে বিস্ফোরণ হয়েছে এবং ভেতরে অনেকে আটকা পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ও গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার বিকাল ৪টা ২৭ মিনিটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপের স্থলভাগে ৭.১ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এরপর এক লাখ ৫০ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ভূমিকম্পের পর সংক্ষিপ্ত সময়ের জন্য সুনামি সতর্কতা জারি করা হলেও এক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করা হয়।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ভূমিকম্পে কুমামোতোর এইওন মলে ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েছে। এ ছাড়া ভূমিকম্পের পর ওই মলে বিস্ফোরণ ঘটেছে বলেও স্থানীয় কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
কুমামোতো অঞ্চলের এইওন মলের ভেতরে ‘অনেক মানুষ’ আটকা পড়েছে উল্লেখ করে দেশটির ফায়ার সার্ভিস এক বিবৃতিতে জানায়, কাশিমা শহরে একটি শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলা ধসে পড়েছে, এতে বহু মানুষ ভেতরে আটকা পড়েছে।
জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। দেশটিতে প্রতিবছর গড়ে প্রায় দেড় হাজার ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া সংস্থা জানিয়েছে, এবারের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাত্র ১০ কিলোমিটার গভীরে। তাই শক্তিশালী আফটারশকের আশঙ্কা রয়েছে।
জাতীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের সম্প্রচারিত ফুটেজে সড়ক ও সেতুতে ফাটল এবং কয়েকটি ভবনে আগুন জ্বলতেও দেখা গেছে। ভূমিকম্পের কারণে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে এবং হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে।
প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি মঙ্গলবার বলেন, ‘আহত ও সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও মূল্যায়ন করা হচ্ছে। তবে ইতোমধ্যে কয়েকজন আহত হওয়ার তথ্য আমাকে জানানো হয়েছে।’
এনএইচকের খবরে বলা হয়েছে, আহতদের মধ্যে প্রায় ১০ জন একটি বৃদ্ধ নিবাসের বাসিন্দা। এ ছাড়া অন্তত ৫০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, ভূমিকম্পে উৎপত্তিস্থল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত সেন্দাই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো ক্ষতি বা নিরাপত্তাজনিত সমস্যা দেখা দেয়নি এবং কেন্দ্রটি স্বাভাবিকভাবে চালু রয়েছে। তারা পরিস্থিতির ওপর নজরদারি অব্যাহত রাখবে।