প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১৪:১২ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৬ ০০:৩৯ এএম
জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ক্ষুদ্র মডুলার পারমাণবিক চুল্লি উন্নয়নের পরিকল্পনা আরও এগিয়ে নিয়েছে ভারত। দেশটি ২০৩৩ সালের মধ্যে অন্তত পাঁচটি দেশীয় প্রযুক্তিতে নির্মিত ক্ষুদ্র পারমাণবিক চুল্লি চালুর লক্ষ্য নির্ধারণ করেছে।
ভারতের পারমাণবিক গবেষণা প্রতিষ্ঠান ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার বর্তমানে ২২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ভারত স্মল মডুলার রিঅ্যাক্টর, ৫৫ মেগাওয়াটের একটি ক্ষুদ্র চুল্লি এবং হাইড্রোজেন উৎপাদনের উপযোগী উচ্চ-তাপমাত্রার গ্যাস-শীতলীকৃত রিঅ্যাক্টর উন্নয়নে কাজ করছে।
বুধবার ভারতের পার্লামেন্টে লিখিত জবাবে কেন্দ্রীয় পারমাণবিক শক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানান, তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মহারাষ্ট্রকে ২২০ মেগাওয়াট ও ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রকল্পগুলোর জন্য অনুমোদিত স্থান হিসেবে নির্বাচন করেছে অ্যাটমিক এনার্জি কমিশন।
পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে আগ্রহী ভারত গত বছর বেসরকারি খাতে দেশীয় ও বিদেশি কোম্পানির জন্য পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন খাত উন্মুক্ত করে। বর্তমানে দেশটির পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ৮ দশমিক ৮ গিগাওয়াট। ২০৪৭ সালের মধ্যে তা ১০০ গিগাওয়াটে উন্নীত করার লক্ষ্য নিয়েছে সরকার।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০৩১-৩২ সালের মধ্যে স্থাপিত পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ২২ গিগাওয়াটে উন্নীত করা হবে। এ লক্ষ্য অর্জনে ক্ষুদ্র মডুলার রিঅ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন মন্ত্রী।
বিশ্বের বিভিন্ন দেশ—যেমন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও দক্ষিণ কোরিয়াও ক্ষুদ্র মডুলার রিঅ্যাক্টর প্রযুক্তি উন্নয়নে কাজ করছে। শিল্প খাতে নিরবচ্ছিন্ন ও পরিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে এ প্রযুক্তিকে সম্ভাবনাময় বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন নিউক্লিয়ার পাওয়ার করপোরেশন অব ইন্ডিয়া, যা বর্তমানে দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান, ভবিষ্যতে ৫০ গিগাওয়াট উৎপাদন সক্ষমতা অর্জনের লক্ষ্য নিয়েছে। এছাড়া রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান এনটিপিসি ৩০ গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা করেছে।
এদিকে আদানি গ্রুপ, টাটা পাওয়ারএবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-সহ বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানও ভারতের পারমাণবিক জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।