× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিএনএনের বিশ্লেষণ

ইরান যুদ্ধের ভবিষ্যৎ কৌশল নিয়ে হিমশিম খাচ্ছেন ট্রাম্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ২০:১৫ পিএম

আপডেট : ২৭ জুলাই ২০২৬ ২০:১৭ পিএম

 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: নিউ ইয়র্ক টাইমস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: নিউ ইয়র্ক টাইমস

ইরান যুদ্ধ নিয়ে বেশ বিপাকেই পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের ভবিষ্যৎ কৌশলগত সমীকরণ কী হবে তার সঠিক দিশা পেতে হিমশিম খেতে হচ্ছে ট্রাম্প ও তার প্রশাসনকে।

কূটনৈতিক পথটি বাস্তবে অত্যন্ত কঠিন ও জটিল। একইভাবে মসৃণ নয় সামরিক পথও।

সাম্প্রতিক দিনগুলোতে ওমানের মধ্যস্থতায় তেহরান কিছু আলোচনার ইঙ্গিত দিলেও, তাদের মূল দাবিতে কোনো পরিবর্তন আনেনি। তীব্র হামলা চালিয়ে ইরানকে নতিস্বীকার করানোর কৌশল পূর্বে যেমন কার্যকর হয়নি, এখনও তেমনি ফল দিচ্ছে না।

ফলে ট্রাম্পের সামনে এখন যে কয়েকটি বিকল্প রয়েছে, তার প্রতিটিই মারাত্মক ঝুঁকিপূর্ণ। যেকোনো সিদ্ধান্তই ট্রাম্পকে নিতে হচ্ছে খুবই ভেবেচিন্তে।

মার্কিন গণমাধ্যম সিএনএনের জ্যেষ্ঠ প্রতিবেদক স্টিফেন কলিনসন তার বিশেষ বিশ্লেষণে ট্রাম্প প্রশাসনের এই ক্রমবর্ধমান কৌশলগত জট ও কঠিন দিকগুলো তুলে ধরেছেন।

হামলার তীব্রতা বাড়িয়ে দেওয়া

ট্রাম্প প্রশাসন ইরানের তেল অবকাঠামো, বিদ্যুৎকেন্দ্র এবং পরিবহনব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ নাগরিক বা অর্থনৈতিক স্থাপনায় বড় ধরনের হামলা চালাতে পারে। এতে ইরানের অর্থনীতি পুরোপুরি পঙ্গু হয়ে যেতে পারে। যুদ্ধের শুরুতে ট্রাম্প ইরানি জনগণকে সাহায্য করার যে কথা বলেছিলেন, এই পদক্ষেপ তার সম্পূর্ণ বিপরীত হবে। গোয়েন্দা সংস্থা সিআইএর মূল্যায়নে দেখা গেছে, এ ধরনের টানা বোমাবর্ষণেও তেহরানের কট্টরপন্থী শাসকদের অবস্থান পরিবর্তন করা সম্ভব হবে না।

অর্থনৈতিক নিষেধাজ্ঞা

ইরানের জাহাজ ও বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ আরোপ করে দেশটির সরকারের অর্থপ্রবাহ এবং আইআরজিসির সামরিক রাজস্ব সম্পূর্ণ বন্ধ করে দেওয়া । এই কৌশল সফল হতে কয়েক মাসÑ এমনকি কয়েক বছর লেগে যেতে পারে। ট্রাম্পের ব্যক্তিগত ধৈর্য বা আমেরিকার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে এত দীর্ঘ সময় নেওয়ার সুযোগ নেই।

স্থলসেনা মোতায়েন

মার্কিন সামরিক বাহিনীর প্রযুক্তিগত ও শক্তিমত্তার সুবাদে যুদ্ধক্ষেত্রে পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এটিই সবচেয়ে কার্যকর উপায় হতে পারে। কিন্তু সেখানে বিপুল সেনার প্রাণহানি এবং দীর্ঘমেয়াদি ও রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়ার চরম ঝুঁকি থাকবে। মার্কিন জনগণ এমনিতে এই যুদ্ধের বিরুদ্ধে। তাই এমন সিদ্ধান্ত রাজনৈতিকভাবে ট্রাম্পের জন্য আত্মঘাতী হতে পারে।

চুক্তি পুনরুজ্জীবিত করা

ট্রাম্পের জন্য আরেকটি বিকল্প হতে পারে ভেঙে যাওয়া প্রাথমিক সমঝোতা স্মারক (এমওইউ) পুনর্বহাল করা। কিন্তু সেখানে তেহরান তখনই রাজি হবে, যখন তাদের হরমুজ প্রণালীতে নিজস্ব আইন প্রয়োগ ও শুল্ক আদায়ের দাবি মেনে নেওয়া হবে। এটিতে রাজি হলে তা যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের কৌশলগত পরাজয় হিসেবে গণ্য হবে। ইরানকে এমন ছাড় দিলে ওয়াশিংটনের পররাষ্ট্রনীতির হার্ডলাইনার এবং রিপাবলিকান দলের ভেতরই ট্রাম্প তীব্র সমালোচনার মুখে পড়বেন।

ট্রাম্পের বিরুদ্ধে জনমত

সর্বশেষ জনমত সমীক্ষা অনুযায়ী, ৭৬ শতাংশ সাধারণ মার্কিন নাগরিক মনে করেন ইরান যুদ্ধ ট্রাম্প প্রশাসনের প্রাথমিক ধারণার চেয়ে অনেক বেশি কঠিন ও জটিল রূপ নিয়েছে। যুদ্ধের আসল বাস্তবতা হচ্ছে, যতক্ষণ ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ এবং সমুদ্রপথে আঘাত হানা বজায় রাখতে পারছে, ততক্ষণ তারা যুক্তরাষ্ট্রকে এক নিরবচ্ছিন্ন চাপের মুখে রাখতে সক্ষম হচ্ছে। পাঁচ মাসের সংঘাত শেষেও ট্রাম্পকে বিজয়ী হিসেবে বের করে আনতে পারে, এমন কোনো কৌশলগত সমাধান আপাতত মার্কিন প্রশাসনের হাতে নেই।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা