বিবিসি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ২২:২৫ পিএম
বার্লিমে শনিবার চালানো হামলার প্রধান সন্দেহভাজন আব্দুল বাল্লুতের এই ছবি প্রকাশ করেছে দেশটির পুলিশ। ছবি: বিবিসি
জার্মানির বার্লিনে সমকামীদের বার্ষিক প্রাইড শোভাযাত্রায় গাড়ি তুলে দেওয়ার ঘটনায় প্রধান সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করেছে দেশটির পুলিশ।
অভিযুক্ত ওই ব্যক্তির নাম আব্দুল বাল্লুত, যিনি লেবানন বংশোদ্ভূত একজন জার্মান নাগরিক বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে তাকে এখনও গ্রেপ্তার করা যায়নি।
বাল্লুতের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। একটি মামলায় এক বছর ১০ মাসের কারাদণ্ডও দেওয়া হয়েছিল তাকে। কিন্তু পরে সেই সাজা কমিয়ে বাল্লুতকে প্যারোলে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন বার্লিন পুলিশের কর্মকর্তারা।
চরমপন্থি মতাদর্শে দিক্ষিত হয়ে বাল্লুত হামলাটি ঘটিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। হামলার সময় আব্দুল বাল্লুতের সঙ্গে কোনো সহযোগী ছিল কি না, সেটি এখনও নিশ্চিত নয় পুলিশ।
এ ঘটনায় এখনও বেশ কয়েক জনকে আটক রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারী কর্মকর্তারা।
বার্লিনে সমকামীদের বার্ষিক প্রাইড শোভাযাত্রায় শনিবার রাতে গাড়ি তুলে দেওয়ার ওই ঘটনায় একজন নিহত ও অন্তত ১৬ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রাত ১০টার দিকে টিয়ারগার্টেন পার্ক এলাকায় ঘটনাটি ঘটেছে। শোভাযাত্রাটি ক্রিস্টোফার স্ট্রিট ডে প্রাইড শোভাযাত্রা নামেও পরিচিত।
প্রতিবছর কয়েক লাখ মানুষের সমাগম ঘটে এ অনুষ্ঠানে। এটি আয়োজনের উদ্দেশ্য হলো এলজিবিটিকিউ (সমকামী) বা কুইয়ার সম্প্রদায়ের অধিকারের প্রতি সমর্থন ও তাদের জীবন উদযাপন করা। এটি জার্মানিজুড়ে অনুষ্ঠিত অনুরূপ আয়োজনগুলোর মধ্যে সবচেয়ে বড়। শহর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এবার এতে প্রায় ১০ লাখ মানুষের অংশগ্রহণ আশা করা হয়েছিল।