× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরান যুদ্ধ

সেনা হতাহতের তথ্য ধামাচাপা দিচ্ছে পেন্টাগন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ২২:৫৯ পিএম

পেন্টাগন

পেন্টাগন

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে জড়ালেও নিজেদের সেনা হতাহতের প্রকৃত তথ্য যুক্তরাষ্ট্রের জনগণের কাছ থেকে আড়াল করছে পেন্টাগন। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে রাজনৈতিক ভরাডুবি ও জনরোষের আশঙ্কায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই লুকোচুরির আশ্রয় নিয়েছে বলে অভিযোগ উঠেছে। খোদ যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা এই ঘটনাকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়েছেন।

আড়াই মাস ধরে পেন্টাগনে কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন নেই, উল্টো মূলধারার সাংবাদিকদের প্রবেশে দেওয়া হয়েছে নজিরবিহীন সব বিধিনিষেধ। শনিবার এক বিশেষ প্রতিবেদনে এসব কথা তুলে ধরে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর থেকে প্রতিদিনই উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। ‘চিরস্থায়ী যুদ্ধ’ এড়ানোর নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা ট্রাম্প এখন নিজেই এক চোরাবালিতে আটকে গেছেন। 

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহান্ত পর্যন্ত এই যুদ্ধে ১৮ জন মার্কিন সেনা নিহত ও প্রায় ৪৩০ জন আহত হয়েছেন। কিন্তু পেন্টাগন উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই পরিসংখ্যান গোপন রেখেছে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য ফাঁসের পর তারা দায়সারাভাবে সামাজিক মাধ্যমে হতাহতের খবর স্বীকার করে। এমনকি পেন্টাগনের ওয়েবসাইটে নিহতের সংখ্যা ১৮ থেকে কমিয়ে ১৪ দেখানো হয়েছিল, যাকে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল ‘সাময়িক তথ্যগত ত্রুটি’ বলে দাবি করেন।

আফগান ও ইরাক যুদ্ধের সময় সাপ্তাহিক ব্রিফিং করা সাবেক প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা বলেন, ‘মার্কিন জনগণের কাছ থেকে ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করা হচ্ছে। এটি যুদ্ধে লড়াইয়ের সম্মিলিত দায়িত্ববোধের সঙ্গে এক লজ্জাজনক প্রতারণা।’

তথ্য ধামাচাপা দিতে গণমাধ্যমের ওপর নজিরবিহীন দমনপীড়ন চালাচ্ছে পেন্টাগন। নিউইয়র্ক টাইমস, এনপিআর ও পলিটিকোর মতো প্রথম সারির গণমাধ্যমগুলোকে বাদ দিয়ে সেখানে ট্রাম্পপন্থী ব্রেইটবার্ট ও নিউইয়র্ক পোস্টের মতো মাধ্যমকে জায়গা দেওয়া হয়েছে। সাংবাদিকদের পেন্টাগনে ঘোরাঘুরির ওপর কঠোর নিয়ম চাপানো হয়েছে। এই নিয়মের প্রতিবাদে গত অক্টোবরে অনেক সাংবাদিক তাদের অ্যাক্সেস ব্যাজ ফেরত দিয়ে বেরিয়ে আসেন। ন্যাশনাল প্রেস ক্লাবের সভাপতি মার্ক শোয়েফ বলেছেন, ‘গত ৩৪ বছরে পেন্টাগনে এমন গণমাধ্যম-বিদ্বেষী আচরণ আমি দেখিনি। উপসাগরীয় বা আফগান যুদ্ধেও এমনটা হয়নি।’

জ্বালানির মূল্যবৃদ্ধি ও মূল্যস্ফীতির কারণে এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের ভেতরে ইতিমধ্যেই চরম অজনপ্রিয় হয়ে উঠেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মুখপাত্র নেড প্রাইসের মতে, এর মূল উদ্দেশ্য হলো যুদ্ধের প্রকৃত চড়া মূল্য থেকে মার্কিন জনগণকে অন্ধকারে রাখা।

প্রথম দিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বড় গলায় ‘ইরানি সামরিক বাহিনীকে নিশ্চিহ্ন’ করার কথা বললেও এখন তিনি একেবারে নিশ্চুপ। উল্টো সাংবাদিকদের তিনি ভণ্ড বলে আখ্যা দিয়েছেন। ইতিমধ্যে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৩ হাজার ৭৫০ কোটি ডলার খরচ হয়েছে। সম্প্রতি মার্কিন সিনেটের এক শুনানিতে হেগসেথকে ডেমোক্র্যাট সিনেটর গ্যারি পিটার্স সরাসরি ‘ব্যর্থ’ আখ্যা দিয়ে বলেন, ‘আপনাদের কোনো কৌশল নেই, যুদ্ধ জেতার কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনাও নেই।’

প্রখ্যাত অধিকারকর্মী জ্যানেসা গোল্ডবেকের মতে, ভোটের আগে রাজনৈতিক আখ্যান নিজেদের নিয়ন্ত্রণে রাখতেই পেন্টাগন এই লুকোচুরি খেলছে। সাবেক গোয়েন্দা কর্মকর্তা স্টিভেন ক্যাশ বলেছেন, ট্রাম্প প্রশাসন গণমাধ্যমকে জনগণের তথ্য জানার মাধ্যম নয়, বরং ‘শত্রু’ মনে করে। তবে প্যানেট্টা সতর্ক করে বলেছেন, ‘তারা যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক, দিন শেষে সত্য ঠিকই বেরিয়ে আসবে। গণমাধ্যম এখন আরও আক্রমণাত্মকভাবে আসল ঘটনা উদঘাটন করবে।’

পারমাণবিক অস্ত্র তৈরির সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে একতরফা সামরিক অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল দুই পক্ষের মধ্যে প্রথমে ১৪ দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। অনেক আলোচনা ও বিতর্কের পর ১৭ জুন ইসলামাবাদ সমঝোতা স্মারকে ইলেকট্রনিক সই করেন ইরান ও যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্ট। কিন্তু ৭ জুলাই দুই দেশই যুদ্ধবিরতি ভেঙে আবার পাল্টাপাল্টি হামলা শুরু করে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা