× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেসিডেন্টের কাছে আনুষ্ঠানিক চিঠি

তামিলদের স্বার্থরক্ষায় একজোট শ্রীলঙ্কার ৬ দল

জাহাঙ্গীর ‍সুর

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ২২:০৫ পিএম

পার্লামেন্ট কমপ্লেক্সে শুক্রবার বৈঠক করেন তামিলভাষী জোটের আহ্বায়ক ও সংসদ সদস্য শানাকিয়ান রাসামানিকামসহ অন্য নেতারা। ছবি : শানাকিয়ান রাসামানিকাম

পার্লামেন্ট কমপ্লেক্সে শুক্রবার বৈঠক করেন তামিলভাষী জোটের আহ্বায়ক ও সংসদ সদস্য শানাকিয়ান রাসামানিকামসহ অন্য নেতারা। ছবি : শানাকিয়ান রাসামানিকাম

রাজনৈতিক মতাদর্শ ও স্বকীয়তা আলাদা হলেও নিজেদের সম্প্রদায়ের অধিকার এবং বৃহত্তর স্বার্থরক্ষায় এবার একজোট হলো শ্রীলঙ্কার তামিলভাষী ছয়টি রাজনৈতিক দল।

তামিল জনগোষ্ঠীর ওপর প্রভাব ফেলে, এমন অভিন্ন সংকট নিরসন এবং একটি ন্যায্য ও স্থায়ী রাজনৈতিক সমাধানের লক্ষ্যে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়ে বৈঠকের প্রস্তাব দিয়েছেন দলগুলোর নেতারা। প্রতিদিনের বাংলাদেশের কাছে সংসদ সদস্য শানাকিয়ান রাসামানিকামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

শুক্রবার শ্রীলঙ্কার পার্লামেন্ট কমপ্লেক্সে দল ছয়টির নেতা ও প্রতিনিধিরা এক বিশেষ বৈঠকে মিলিত হন। চলতি মাসের শুরুতেই একযোগে কাজ করার যে ঘোষণা তারা দিয়েছিলেন, এই বৈঠকে তারই পুনরুল্লেখ করা হয়। এক যৌথ বিবৃতিতে দলগুলোর পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, প্রতিটি দল তাদের নিজস্ব রাজনৈতিক অবস্থান, নীতি এবং পরিচয় বজায় রেখে আগের মতোই স্বাধীনভাবে কাজ করবে। তবে তামিলভাষী জনগোষ্ঠীর বৃহত্তর স্বার্থে যেসব বিষয়ে তাদের মতৈক্য রয়েছে, সেসব অভিন্ন ইস্যুতে তারা কাঁধে কাঁধ মিলিয়ে গঠনমূলক প্রক্রিয়ায় কাজ করবে।


এই ঐকমত্যের ভিত্তিতেই দলগুলোর প্রতিনিধিরা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তামিলভাষী সম্প্রদায়ের ওপর প্রভাব ফেলা জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য প্রেসিডেন্টের কাছে সময় চাওয়া হয়েছে। জোটের নেতারা জানিয়েছেন, প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পর তারা দেশটির বিরোধীদলীয় নেতা এবং বিদেশি কূটনীতিকদের সঙ্গেও মতবিনিময়ের পরিকল্পনা করেছেন। গণতান্ত্রিক কাঠামোর মধ্যে থেকে গঠনমূলক আলোচনার মাধ্যমে একটি ঐক্যবদ্ধ সমাধান গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

তামিল দলগুলোর এই জোটের আহ্বায়ক এবং সংসদ সদস্য শানাকিয়ান রাসামানিকাম জানান, তারা প্রেসিডেন্টের ইতিবাচক সাড়া পাওয়ার অপেক্ষায় আছেন। একটি ন্যায্য, শান্তিপূর্ণ ও দীর্ঘস্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য একযোগে কাজ করতে তারা বদ্ধপরিকর।

নতুন এই উদ্যোগে জোটবদ্ধ হওয়া ছয়টি রাজনৈতিক দল হলো—অল সিলন মাক্কাল কংগ্রেস (এসিএমসি), সিলন ওয়ার্কার্স কংগ্রেস (সিডব্লিউসি), ডেমোক্রেটিক তামিল ন্যাশনাল অ্যালায়েন্স (ডিটিএনএ), ইলাঙ্কাই তামিল আরসু কাচ্চি (আইটিএকে), শ্রীলঙ্কা মুসলিম কংগ্রেস (এসএলএমসি) এবং তামিল প্রগ্রেসিভ অ্যালায়েন্স (টিপিএ)। শ্রীলঙ্কার রাজনীতিতে সংখ্যালঘু তামিল ও মুসলিম জনগোষ্ঠীর অধিকার আদায়ে এই দলগুলোর একজোট হওয়াকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা