× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ককরোচদের আন্দোলন প্রত্যাহার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ২০:১০ পিএম

দিল্লির যন্তর মন্তরে আন্দোলকারীদের উল্লাস। ছবি: বিবিসি

দিল্লির যন্তর মন্তরে আন্দোলকারীদের উল্লাস। ছবি: বিবিসি

প্রশ্নপত্র ফাঁস কাণ্ডকে ঘিরে ভারতের দিল্লিতে চলা আন্দোলন অবশেষে প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

সরকার ও সিজেপির যৌথ সংবাদ সম্মেলনে শনিবার সন্ধ্যায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ সরকার সব দাবি মেনে নেওয়ার পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সিজেপি। দিল্লির যন্তর মন্তরে অবস্থানরত আন্দোলনকারীদের বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা সংবাদ সম্মেলনে জানান, সরকার তাদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় তারা আন্দোলন শেষ করছেন। এসময় তাদের পাশে বসে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং।

সৌরভ দাস বলেন, “সরকার আমাদের দাবি মেনে নিয়েছে। আমরা সব আন্দোলনকারীদেরকে অনুরোধ করছি, শান্তিপূর্ণভাবে আন্দোলনস্থল ছেড়ে বাড়ি ফিরে যান”।

তিনি আরও জানান, প্রশ্নফাঁসের ঘটনায় যেসব শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে, সেগুলো প্রত্যাহার করা হবে। ভবিষ্যতে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলেও সরকার আশ্বাস দিয়েছে।

এছাড়া নিটকাণ্ডে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণের ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন তারা।

সিজেপি জানিয়েছে, তাদের পাঁচ দফা দাবির মধ্যে অন্যতম ছিল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ। সরকার জানিয়েছে, প্রচলিত নিয়ম ও বিধির মধ্যে থেকে সম্মানজনক ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

গত ৬ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে এই আন্দোলন চলছিল। প্রায় ৩৬ দিন ধরে চলা এই বিক্ষোভে অংশগ্রহণকারীদের সংখ্যা ধীরে ধীরে বাড়লেও পরে কমতে শুরু করে। আন্দোলনের কারণে আশপাশের বাজারে প্রভাব পড়ে, যান চলাচলে পরিবর্তন আনা হয় এবং কয়েকটি মেট্রো স্টেশনের কার্যক্রমেও ব্যাঘাত ঘটে।

জুলাই মাসের ২০ তারিখ সংসদ অভিযানের পর বিভিন্ন রাজ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছিল। সিজেপির দাবি ছিল, শুধু দিল্লি নয়, বিজেপি শাসিত ও বিজেপি সমর্থিত রাজ্যগুলিতেও দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার করতে হবে। সরকার এই দাবিতেও সম্মতি জানিয়েছে বলে সংগঠনটি জানিয়েছে।

সৌরভ দাস বলেন, “আমরা সরকারের কাছে লিখিত নিশ্চয়তার খসড়া জমা দিয়েছি। সরকার জানিয়েছে, মঙ্গলবারের মধ্যে এফআইআর প্রত্যাহার এবং ভবিষ্যৎ পদক্ষেপ সংক্রান্ত লিখিত নিশ্চয়তা আমাদের দেওয়া হবে”।

দলটির আরেক মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, “৩৬ দিনের আন্দোলনের পর সরকার আমাদের সব দাবি মেনে নিয়েছে। সবাইকে শান্তিপূর্ণভাবে আন্দোলনস্থল ত্যাগ করার আহ্বান জানাচ্ছি। আমাদের দাবিগুলো মৌলিক ছিল, উগ্র কোনো দাবি ছিল না”।

এর আগে, শনিবার বিকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন ধর্মেন্দ্র প্রধান।

নিজের পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান বলেন, “চার দশকেরও বেশি সময় ধরে আমি শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা সংস্কারের জন্য কাজ করেছি। একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও দূরদর্শী শিক্ষা ব্যবস্থা একটি শক্তিশালী দেশের ভিত্তি-আমি সবসময় এই বিশ্বাসে কাজ করেছি”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা