প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৭:২৬ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৬ ০১:২৩ এএম
চলমান অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের এক্সচেঞ্জ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট ফ্যাসিলিটি চেয়েছে পাকিস্তান। দেশটির অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের সঙ্গে বৈঠকে এ অনুরোধ জানান বলে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজ জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত এই সহায়তা পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, ঋণের চাপ কমানো এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে।
ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসের কর্মকর্তারা সহায়তার অনুরোধের বিষয়টি নিশ্চিত করলেও ১০ বিলিয়ন ডলারের নির্দিষ্ট অঙ্ক সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
দূতাবাসের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, অর্থমন্ত্রী আওরঙ্গজেব পাকিস্তানের অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন কামনা করেছেন। তিনি আন্তর্জাতিক পুঁজিবাজারে উন্নত প্রবেশাধিকার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং দেশের সার্বভৌম ঋণমান (সোভরেন ক্রেডিট রেটিং) উন্নয়নের বিষয়েও আলোচনা করেন। তবে বিবৃতিতে ১০ বিলিয়ন ডলারের অনুরোধের উল্লেখ ছিল না।
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় জানায়, বৈঠকে আওরঙ্গজেব যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারিকে পাকিস্তানের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। তিনি সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, টেকসই প্রবৃদ্ধি এবং রপ্তানিনির্ভর অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে সরকারের পদক্ষেপ তুলে ধরেন।
ডন নিউজ জানায়, প্রস্তাবিত এক্সচেঞ্জ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট ফ্যাসিলিটি অনুমোদিত হলে যুক্তরাষ্ট্রের ট্রেজারির এক্সচেঞ্জ স্ট্যাবিলাইজেশন ফান্ড থেকে ঋণ বা অন্যান্য আর্থিক সহায়তা প্রদান করা হতে পারে। এর মাধ্যমে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, ঋণসংক্রান্ত চাপ হ্রাস এবং অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদারের লক্ষ্য রয়েছে।
ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তানের ১০ বিলিয়ন ডলারের এই অনুরোধ অনুমোদনের সম্ভাবনা "জোরালো"। একটি সূত্রের দাবি, ট্রাম্প প্রশাসন পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক সম্পৃক্ততা বজায় রাখতে আগ্রহী এবং দেশটির অর্থনীতি শক্তিশালী করার উদ্যোগে একাধিকবার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।