প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৩:৪৬ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৬ ১৩:৪৮ পিএম
আইসিসি প্রধান কৌঁসুলি করিম খান। ছবি: সংগৃহীত
যৌন অসদাচরণের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খানকে অপসারণ করা হয়েছে।
তবে করিম খানের আইনজীবীরা এই সিদ্ধান্তকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
আইসিসি সদস্য রাষ্ট্রগুলোর পরিষদ (অ্যাসেম্বলি অব স্টেটস পার্টিস) শুক্রবার ভোটাভুটির মাধ্যমে এই সিদ্ধান্ত নেয়।
এমন সময় এ সিদ্ধান্ত এলো, যখন ২০২৪ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র চাপের মুখে রয়েছে আইসিসি।
করিম খানের প্রধান আইনজীবী তাইয়াব আলী জানান, জাতিসংঘের অভ্যন্তরীণ তদারকি দপ্তরের তদন্তে করিম খানের বিরুদ্ধে অসদাচরণ বা দায়িত্ব লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়নি।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জেরে করিম খানসহ আইসিসির কয়েকজন কর্মকর্তা ও বিচারকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
তাইয়াব আলী বলেন, “এই সিদ্ধান্ত শুধু করিম খানের ব্যক্তিগত বিষয় নয়; এর প্রভাব আরও সুদূরপ্রসারী। রাজনৈতিক উদ্দেশ্যে, অন্যায্য প্রক্রিয়ায় বা স্বাধীন বিচারিক সংস্থার সিদ্ধান্ত উপেক্ষা করে যদি নির্বাচিত কর্মকর্তাদের অপসারণ করা হয়, তবে আইসিসির স্বাধীনতাই প্রশ্নের মুখে পড়বে।”
তিনি অভিযোগ করেন, রাজনৈতিক চাপ ও নিষেধাজ্ঞার মধ্যেই ভোটের মাধ্যমে করিম খানকে অপসারণ করা হয়েছে এবং এই সিদ্ধান্ত মামলার প্রমাণ বা স্বাধীন বিচারকদের পর্যবেক্ষণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
অভিযোগ প্রকাশ্যে আসার প্রায় দুই বছর পর সদস্য রাষ্ট্রগুলো তার অপসারণ অনুমোদন করে।
৫৬ বছর বয়সী ব্রিটিশ ব্যারিস্টার করিম খান গত জুনে স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন, যখন একটি তদারকি প্যানেল তাকে ‘গুরুতর অসদাচরণে’ জড়িত বলে মত দেয়।
আইসিসি জানিয়েছে, আপাতত উপ-প্রধান কৌঁসুলি নাজহাত শামিন খান ও মামে মান্দিয়ায়ে নিয়াং যৌথভাবে কৌঁসুলির কার্যালয়ের দায়িত্ব পালন করবেন।
তাইয়াব আলী বলেন, “করিম খানকে আত্মপক্ষ সমর্থনের ন্যায্য সুযোগ দেওয়া হয়নি। স্বাধীন বিচারকদের পূর্ণাঙ্গ পর্যালোচনার সিদ্ধান্ত উপেক্ষা করেই তাকে অপসারণ করা হয়েছে।”
এদিকে, অভিযোগকারী নারী ‘সারা’ সম্প্রতি সিএনএনকে জানান, করিম খানের আচরণ ধীরে ধীরে আরও আগ্রাসী হয়ে ওঠে। তার দাবি, এক পর্যায়ে তিনি ঘুমানোর ভান করে থাকলেও করিম খান তাকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেছিলেন।
করিম খান সব অভিযোগ অস্বীকার করেছেন। তার আইনজীবীদের দাবি, তাকে অপসারণের পুরো প্রক্রিয়া ছিল প্রক্রিয়াগতভাবে অন্যায্য এবং যথেষ্ট প্রমাণবিহীন।
করিম খান বিশ্বের বিভিন্ন সংঘাত নিয়ে তদন্তের নেতৃত্ব দিচ্ছিলেন। তবে ২০২৪ সালে গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়ার পর বিভিন্ন সরকার ও প্রভাবশালী মহল থেকে তার বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়।
ইউরোপীয় ইউনিয়নের সাবেক পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল এক সম্পাদকীয়তে লিখেছেন, করিম খানের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ ‘স্পষ্টতই আইসিসির বিরুদ্ধে বৃহত্তর একটি আক্রমণের অংশ।’
করিম খানের অপসারণের ফলে নতুন প্রধান কৌঁসুলি নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। তবে আগামী বছরের আগে এ বিষয়ে ভোট হওয়ার সম্ভাবনা নেই।
তবে তার অপসারণে ২০২৪ সালে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ওপর তাৎক্ষণিক কোনো প্রভাব পড়বে না। কারণ, এসব পরোয়ানা প্রত্যাহারের ক্ষমতা কেবল আইসিসির বিচারকদের রয়েছে।
এদিকে, ইসরায়েলি কর্মকর্তারা এ ঘটনাকে কাজে লাগিয়ে আইসিসির তদন্তের সমালোচনা করেছেন।
যুক্তরাষ্ট্রে ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার কোনো প্রমাণ ছাড়াই দাবি করেন, করিম খান নিজের বিরুদ্ধে যৌন অপরাধের অভিযোগ থেকে দৃষ্টি সরাতেই ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, “এখন তার নিজের কেলেঙ্কারি প্রকাশ হওয়ায় নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে করা মামলারও বৈধতা প্রশ্নবিদ্ধ হয়েছে। আইসিসির বিশ্বাসযোগ্যতা তলানিতে পৌঁছেছে। এই ‘ক্যাঙ্গারু কোর্ট’ বন্ধ করে দেওয়ার সময় এসেছে।”
অন্যদিকে, নেদারল্যান্ডসের হেগে অবস্থিত ফিলিস্তিনি মিশন এসব মন্তব্যের তীব্র সমালোচনা করেছে।
এক বিবৃতিতে তারা বলেছে, “আইসিসির কৌঁসুলিকে অপসারণের সিদ্ধান্তকে ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে চলমান স্বাধীন তদন্ত এবং ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার সঙ্গে যুক্ত করার চেষ্টা অত্যন্ত নিন্দনীয় ও উদ্দেশ্যপ্রণোদিত।”
করিম খানের অপসারণের পর আইসিসি এক বিবৃতিতে জানায়, আদালতের কৌঁসুলির দপ্তর রোম সংবিধির আওতাভুক্ত সব পরিস্থিতিতে স্বাধীন, নিরপেক্ষ ও পেশাদার তদন্ত এবং বিচারিক কার্যক্রম অব্যাহত রাখবে, যাতে ভুক্তভোগীরা ন্যায়বিচার পান।”
সূত্র: আল জাজিরা