× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেমিকন্ডাক্টর শিল্পে তাইওয়ানের বিকল্প হতে পারবে ভারত?

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ ১৫:৩২ পিএম

আপডেট : ২৬ জুলাই ২০২৬ ০০:৩৯ এএম

সেমিকন্ডাক্টর শিল্পে তাইওয়ানের বিকল্প হতে পারবে ভারত?

বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর সরবরাহ ব্যবস্থায় বৈচিত্র্য আনার লক্ষ্য নিয়ে ভারত দেশীয় চিপ শিল্প গড়ে তুলতে বড় ধরনের বিনিয়োগের পথে এগোচ্ছে। তাইওয়ানের ওপর বৈশ্বিক নির্ভরতা কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে নয়াদিল্লি ১৩.২ বিলিয়ন ডলারের ‘সেমিকন ২.০’ কর্মসূচি অনুমোদন করেছে।

বর্তমানে বিশ্বের ৯০ শতাংশেরও বেশি অত্যাধুনিক সেমিকন্ডাক্টর চিপ তাইওয়ানে উৎপাদিত হয়। যুক্তরাষ্ট্র-চীন ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রে থাকা দ্বীপটিতে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি হলে স্মার্টফোন, বৈদ্যুতিক যান (ইভি), বিমান, প্রতিরক্ষা সরঞ্জামসহ আধুনিক প্রযুক্তিনির্ভর শিল্পে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।

কোভিড-১৯ মহামারির সময় চিপের ঘাটতির কারণে বিশ্বের বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছিল। ওই সংকটের পর থেকেই যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিজস্ব সেমিকন্ডাক্টর উৎপাদন সক্ষমতা বাড়াতে বহু বিলিয়ন ডলারের কর্মসূচি গ্রহণ করেছে। ভারতও এবার সেই প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।

ভারতের নতুন সেমিকন ২.০ কর্মসূচি ২০২১ সালে চালু হওয়া ৯ বিলিয়ন ডলারের ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন (আইএসএম)-এর সম্প্রসারিত রূপ। এর আওতায় চিপ ডিজাইন, উৎপাদন (ফ্যাব্রিকেশন), উন্নত প্যাকেজিং, বিশেষায়িত উপকরণ, যন্ত্রপাতি উৎপাদন এবং দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্ব দেওয়া হবে।

বর্তমানে বেঙ্গালুরু, হায়দরাবাদ ও নয়ডায় এনভিডিয়া, এএমডি, কোয়ালকম এবং টেক্সাস ইনস্ট্রুমেন্টসের মতো প্রতিষ্ঠানে হাজার হাজার ভারতীয় প্রকৌশলী বিশ্বের অত্যাধুনিক চিপ ডিজাইনের কাজে যুক্ত রয়েছেন। তবে বিশেষজ্ঞদের মতে, চিপ ডিজাইনে দক্ষতা থাকলেও বৃহৎ পরিসরে উৎপাদনের ক্ষেত্রে ভারত এখনও পিছিয়ে রয়েছে।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) মাদ্রাজের পরিচালক ভি. কামাকোটি বলেন, ভারতীয় প্রকৌশলীরা ইতোমধ্যে জটিল সেমিকন্ডাক্টর চিপ ডিজাইনে সক্ষমতার প্রমাণ দিয়েছেন। তবে প্রকৃত চ্যালেঞ্জ হলো দেশীয় উৎপাদন অবকাঠামো গড়ে তোলা, যাতে সেই নকশাগুলো বাণিজ্যিকভাবে উৎপাদন করা যায়।

বর্তমানে ভারতের অগ্রগতি মূলত চিপের অ্যাসেম্বলি, প্যাকেজিং ও টেস্টিং পর্যায়ে সীমাবদ্ধ। দেশটি এখন নিজস্ব ফ্যাব্রিকেশন বা চিপ উৎপাদন সক্ষমতা গড়ে তুলতে চায়।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মেমোরি চিপ নির্মাতা মাইক্রন টেকনোলজি, ভারতের কেইনস সেমিকন এবং সিজি সেমি প্রথম ধাপের কর্মসূচির আওতায় ইতোমধ্যে বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে।

ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, নতুন কর্মসূচির মাধ্যমে সেমিকন্ডাক্টর শিল্পের আরও বড় অংশ দেশীয়ভাবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

অন্যদিকে, ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের প্রধান নির্বাহী অমিতেশ কুমার সিনহা জানান, এখন বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোকে ভারতে বিনিয়োগে রাজি করানো আগের তুলনায় অনেক সহজ হয়েছে। ইতোমধ্যে ১২টি ফ্যাব্রিকেশন ও প্যাকেজিং প্রকল্প অনুমোদন পেয়েছে, যার মধ্যে তিনটি বাণিজ্যিক উৎপাদনে প্রবেশ করেছে।

ভারত সরকার ২০৩০ সালের মধ্যে ১০০ থেকে ১১০ বিলিয়ন ডলারের দেশীয় সেমিকন্ডাক্টর বাজার গড়ে তোলা এবং দেশের ইলেকট্রনিক্স খাতের প্রায় ৭৫ শতাংশ চাহিদা দেশেই নকশা ও উৎপাদিত চিপের মাধ্যমে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে। বিশ্লেষকদের মতে, এই লক্ষ্য অর্জিত হলে ভারত বৈশ্বিক সেমিকন্ডাক্টর সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা