প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আসা সিজেপির একজন সমর্থক চলমান বিক্ষোভস্থলে একটি ভারতীয় জাতীয় পতাকা ধরে আছেন। ছবি: রয়টার্স
প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে চলমান সংকট নিরসনে ভারতের সরকার ও ‘ককরোচ’ আন্দোলনের নেতারা শুক্রবার আলোচনায় বসছেন।
তবে এ আলোচনার কারণে দেশজুড়ে চলমান বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হবে না বলে জানিয়েছেন আন্দোলনের এক মুখপাত্র।
আন্দোলনের কর্মী সোনম ওয়াংচুক টানা ২৬ দিনের অনশন বৃহস্পতিবার গভীর রাতে শেষ করার কয়েক ঘণ্টা পর এ ঘোষণা আসে।
এর ফলে সংকট সমাধানে সরকার ও আন্দোলনকারীদের মধ্যে ইতিবাচক অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এ খবর প্রকাশ করেছে।
প্রশ্নপত্র ফাঁসের কেলেঙ্কারির জেরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজার হাজার তরুণ দিল্লিতে জড়ো হয়ে টানা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকে এটিকে তার সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় যুব আন্দোলন হিসেবে দেখা হচ্ছে
আন্দোলনের দাবির প্রতি সমর্থন জানিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলোও।
বৈঠকটি সরকারের মন্ত্রীদের সঙ্গে একটি নিরপেক্ষ স্থানে অনুষ্ঠিত হবে বলে বৃহস্পতিবার গভীর রাতে সাংবাদিকদের জানান সিজেপির মুখপাত্র সৌরভ দাস।
সৌরভ দাস বলেন, “আমরা আশা করি, সরকার খোলা মন নিয়ে আলোচনায় আসবে এবং দীর্ঘদিন ধরে রাস্তায় থাকা এ দেশের মানুষের কথা শুনবে।”
তিনি আরও বলেন, “আমরা আমাদের দাবিগুলো তাদের সামনে আরও বিস্তারিতভাবে তুলে ধরব। আশা করি, সরকার আমাদের কথা শুনবে।”
তবে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান সৌরভ দাস।
তিনি বলেন, “আমরা পিছু হটছি না। কারণ প্রকৃত জাগরণ শুরু হয় তৃণমূল থেকে, আর সেটিই এখন সবচেয়ে বেশি প্রয়োজন।”