প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ২১:১০ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৬ ২১:১১ পিএম
লোহিত সাগরে হুতিদের হামলার শিকার হওয়া ‘এনসেলিয়া’ ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
লোহিত সাগরে সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। একই সময়ে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় টানা ১২তম রাতের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারির বরাতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, সৌদি আরবের বন্দর অবরোধ অমান্য করায় সৌদি পতাকাবাহী এনসেলিয়া ও লায়লা নামের দুটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।
ইয়াহইয়া সারির বলেছেন, “সৌদি আরবের বিরুদ্ধে তাদের নৌ-অভিযান অব্যাহত থাকবে”।
তবে সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে, বুধবার রাতে লোহিত সাগরে এনসেলিয়া ট্যাংকারে হামলা হলেও সব নাবিক নিরাপদে রয়েছেন। হামলায় জাহাজের সামনের অংশে আগুন লেগেছে বলে জানিয়েছে তারা।
যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটিতে আগুন লাগে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অন্য ট্যাংকার লায়লা হামলার শিকার হয়েছে কি না, তা এখনো নিশ্চিত করা যায়নি।
এদিকে বৃহস্পতিবার হুতিদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, “তারা যদি আবারও সৌদি জাহাজে হামলা চালায়, তাহলে হুতিদের পাশাপাশি ইরানকেও বড় ধরনের সামরিক শাস্তির মুখোমুখি হতে হবে”।
ট্রাম্পের দাবি, হুতিরা ইরানের প্রক্সি বাহিনী হিসেবে কাজ করছে এবং তাদের কর্মকাণ্ডের দায় তেহরানকেই নিতে হবে।
হামলার কিছুক্ষণ পরই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে নতুন করে বিমান হামলা চালানো হয়েছে।
হামলায় সামুদ্রিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম, উপকূলীয় নজরদারি কেন্দ্র এবং আকাশ প্রতিরক্ষা স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, বুধবার রাতের মার্কিন হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। একই সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনী কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে।
তবে কুয়েত ও জর্ডন কর্তৃপক্ষ বলেছে, তারা এসব হামলা প্রতিহত করেছে।
অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে।
তাদের ভাষ্য, হরমুজের একটি মাইন পাতা রুট দিয়ে চলাচলের সময় একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণে আগুন লাগে এবং আরও দুটি ট্যাংকার ফিরে যেতে বাধ্য হয়।