× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের আহ্বান মামদানির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ১৮:০৮ পিএম

আপডেট : ২৩ জুলাই ২০২৬ ১৯:১৯ পিএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের আহ্বান জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।

মামদানি বলেছেন, নিউইয়র্ক সিটি প্রশাসনের নিজস্বভাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানা কার্যকর করার আইনি ক্ষমতা নেই।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক ভিডিও বার্তায় মামদানি বলেন, “বেঞ্জামিন নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী। তিনি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত ভয়াবহ গণহত্যার অন্যতম পরিকল্পনাকারী।”

তিনি অভিযোগ করেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ৭৩ হাজারের বেশি মানুষের মৃত্যুর জন্য নেতানিয়াহু দায়ী। পাশাপাশি হাসপাতাল লক্ষ্য করে হামলা, ফিলিস্তিনিদের চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করা এবং খাদ্য ও মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়ার অভিযোগও তোলেন তিনি।

মামদানির ভাষায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক মাস পরও ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রয়েছে। “আর এসব হত্যাযজ্ঞে ব্যবহৃত বোমার অর্থ জোগাচ্ছি আমরা, মার্কিন জনগণ,” বলেন তিনি।

আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার প্রসঙ্গে মামদানি বলেন, “আইসিসি কেন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তার যথেষ্ট কারণ রয়েছে। যার চোখ, হৃদয় ও বিবেক আছে, তিনি গাজায় সৃষ্ট ধ্বংসযজ্ঞ দেখলে বুঝবেন নেতানিয়াহুর বিচার আদালতেই হওয়া উচিত।”

তবে আইনি অবস্থান ব্যাখ্যা করে নিউইয়র্কের মেয়র বলেন, “আমরা আইনের আওতায় সম্ভাব্য সব পথ পর্যালোচনা করেছি। কিন্তু এই পরোয়ানা কার্যকর করার স্বাধীন আইনি ক্ষমতা আমাদের নেই। সেই ক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের। আমি তাদের আইসিসিতে যোগ দিয়ে এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার আহ্বান জানাই।”

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে মামদানি বলেন, “নেতানিয়াহু নিউইয়র্ক সিটিতে স্বাগত নন।”

উল্লেখ্য, এর আগে নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেছিলেন, আইসিসির পরোয়ানা কার্যকর করার সম্ভাবনা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তার ‘সক্রিয় আলোচনা’ চলছে। তবে পরবর্তীতে আইনি পর্যালোচনার পর তিনি জানান, সিটি প্রশাসনের পক্ষে ওই পরোয়ানা বাস্তবায়ন করা সম্ভব নয়।

২০২৪ সালে গাজায় কথিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। যদিও ইসরায়েল এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা