ভারতের জন্তর-মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি: এনডিটিভি
ভারতের বিভিন্ন প্রান্তে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থন প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে প্রকাশিত ভিডিওগুলো অপসারণের নির্দেশ দিয়েছে ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান, আইআইটি মাদ্রাজ।
মাদ্রাজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ইনস্টাগ্রামে প্রকাশিত ‘জন্তর মন্তর’ আন্দোলন-সমর্থিত ভিডিও সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
একজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের আন্দোলনের সমর্থনে পোস্ট করা ভিডিওগুলো মুছে ফেলতে বলেছে।
তিনি বলেন, “ডিনের (অনুষদের প্রধান) নির্দেশনা অনুযায়ী আমাদের পোস্টগুলো সরিয়ে নিতে বলা হয়েছে”।
শিক্ষার্থীদের কাছে পাঠানো এক বার্তায় বলা হয়, ডিন এবং সংশ্লিষ্ট ফ্যাকাল্টি অ্যাডভাইজারের নির্দেশে ‘জন্তর মন্তর’ আন্দোলন ও অনশন কর্মসূচি-সংক্রান্ত সব পোস্ট, এমনকি সমর্থন জানিয়ে তৈরি করা যেকোনো ভিডিও সরিয়ে ফেলা হবে।
নির্দেশনায় আরও বলা হয়, যেহেতু অনেক শিক্ষার্থী ওই ভিডিও তৈরিতে অংশ নিয়েছিলেন, তাই বিষয়টি তাদের জানানো জরুরি ছিল।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে কয়েকজন শিক্ষার্থী “জন্তর মন্তর আন্দোলনের প্রতি সমর্থন, “ওয়াংচুক ও অনশনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন” এবং “শিক্ষার্থীদের জীবন গুরুত্বপূর্ণ” লেখা ব্যানার হাতে দাঁড়িয়ে ছিলেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পরই আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে পদক্ষেপ নেয়।
প্রসঙ্গত, ‘ককরোচ জনতা পার্টি’ নামে একটি ব্যঙ্গাত্মক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে এই প্রতিবাদের সূচনা হলেও বর্তমানে ভারতের জাতীয় একটি ইস্যুতে পরিণত হয়েছে এই আন্দোলন। শিক্ষাবিদ সোনম ওয়াংচুক জন্তর মন্তরে তার অনশন কর্মসূচির পর গত ২০ জুলাই থেকে হাজারো শিক্ষার্থী এই আন্দোলনে অংশ নিচ্ছে। দেশটির বিভিন্ন প্রদেশ থেকে আন্দোলনে যোগ দিচ্ছে সাধারণ মানুষরাও।