প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ১০:৫৮ এএম
তেহরানে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স মিউজিয়ামে ২০২৫ সালের ১২ নভেম্বর একটি ইরানি ড্রোন প্রদর্শন করা হয়। ছবি: রয়টার্স
উপসাগরীয় অঞ্চলে সিআইএর বিভিন্ন স্থাপনায় ইরানের নিখুঁত ও বিধ্বংসী ড্রোন হামলার পর উদ্বেগ বেড়েছে যুক্তরাষ্ট্রের।
দেশটির গোয়েন্দা বিশ্লেষকেরা জানিয়েছেন, হামলার লক্ষ্য নির্ধারণে রাশিয়া কোনো তথ্য বা উন্নত ড্রোন প্রযুক্তি সরবরাহ করেছিল কি না- তা তদন্ত করা হচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত চারটি সূত্র এ তথ্য জানিয়েছে।
জাতীয় নিরাপত্তাজনিত সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, এখনো রাশিয়ার সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। তবে হামলার কার্যকারিতা, নিখুঁত লক্ষ্যভেদ এবং ইরানকে রাশিয়ার দীর্ঘদিনের প্রযুক্তিগত সহায়তাকে সম্ভাব্য প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন।
এর আগে রয়টার্সসহ বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছিল, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুর ওপর ইরানের হামলায় রাশিয়া লক্ষ্য নির্ধারণসহ নানা ধরনের সহায়তা দিয়েছে। তবে সিআইএর স্থাপনাগুলোর ওপর হামলার ক্ষেত্রে রাশিয়ার সম্ভাব্য ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তদন্তের বিষয়টি আগে প্রকাশ্যে আসেনি।
রয়টার্স ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত মার্চে অন্তত দুটি সিআইএ স্থাপনায় হামলা হয়। এর একটি ছিল সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে অবস্থিত সিআইএ স্টেশন। অন্যটি ছিল ইরাকের পূর্বাঞ্চলের একটি স্থাপনা।
কয়েকটি সূত্র জানায়, আরও কিছু সিআইএ স্থাপনাও হামলার শিকার হয়েছিল, তবে তারা সেসবের বিস্তারিত প্রকাশ করেনি।
গোয়েন্দা প্রতিবেদনে রাশিয়ার সংশ্লিষ্টতার ইঙ্গিত
পশ্চিমা একটি গোয়েন্দা সংস্থার অভ্যন্তরীণ এক প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক সিআইএ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু নির্ধারণে রাশিয়া সম্ভবত ভূমিকা রেখেছে। নথিটি সম্পর্কে অবগত মধ্যপ্রাচ্যের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তবে তিনি প্রতিবেদনের উৎস প্রকাশ করতে রাজি হননি।
উপসাগরীয় অঞ্চলের দুই পশ্চিমা কর্মকর্তা জানান, গোয়েন্দা বিশ্লেষকদের ধারণা, সৌদি আরবে হামলায় ইরান রাশিয়ার প্রযুক্তিতে উন্নত করা শাহেদ ড্রোন ব্যবহার করেছে।
তাদের ভাষ্য অনুযায়ী, দুটি ড্রোনের একটি দূতাবাসের বাইরের দেয়ালের দুর্বল অংশে আঘাত করে একটি বড় ছিদ্র তৈরি করে। এরপর দ্বিতীয় ড্রোনটি সেই ছিদ্র দিয়ে ভেতরে ঢুকে বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ নিহত বা আহত হয়নি।
বিশ্লেষকদের মতে, ইরানকে রাশিয়ার সহায়তা নতুন নয়। তবে সিআইএর মতো স্পর্শকাতর স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে সরাসরি সহযোগিতা করলে তা ইঙ্গিত দেয় যে, ওয়াশিংটন যখন ইরান-সংকট নিরসনের চেষ্টা করছে, তখন মস্কো যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কার্যক্রম ব্যাহত করতে আরও সক্রিয় ভূমিকা নিতে প্রস্তুত।
সম্প্রতি জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দুই সেনা নিহত হওয়ার পর রাশিয়া লক্ষ্য নির্ধারণে সহায়তা দিচ্ছে- এমন আশঙ্কা আরও জোরালো হয়েছে।
এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে হোয়াইট হাউস বিষয়টি সিআইএর কাছে পাঠিয়ে দেয়। তবে সিআইএ কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সৌদি সরকারও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
গোপন স্থাপনাগুলো কীভাবে লক্ষ্যবস্তু হলো
পশ্চিমা দুই কর্মকর্তা জানান, রাশিয়ার সহায়তায় ইরান তাদের শাহেদ ড্রোনের পাল্লা ও নির্ভুলতা বাড়িয়েছে। তাদের সন্দেহ, রিয়াদের হামলায় সেই উন্নত সংস্করণের ড্রোনই ব্যবহার করা হয়েছে।
আরেকটি সূত্র জানায়, রাশিয়া ইরানের শাহেদ-১৩৬ ড্রোনে কোমেতা-এম নামে একটি স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা সরবরাহ করেছে। বিশেষজ্ঞদের মতে, এটি ইরানের নিজস্ব ব্যবস্থার তুলনায় অনেক বেশি নির্ভুল এবং সহজে জ্যাম করা যায় না।
গত মার্চে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম এ তথ্য প্রকাশ করে। তবে ক্রেমলিন সেই প্রতিবেদনকে ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দেয়।
বিদেশে সিআইএর স্থাপনাগুলোর মধ্যে বিভিন্ন দেশে দূতাবাসভিত্তিক সিআইএ স্টেশন, নিরাপদ আশ্রয়কেন্দ্র (সেফ হাউস), লজিস্টিক হাব এবং নজরদারিসহ বিভিন্ন গোপন অভিযানের কেন্দ্র রয়েছে। এসব স্থাপনার অবস্থান অত্যন্ত গোপন রাখা হয়।
সূত্রগুলো হামলার শিকার সিআইএ স্থাপনার সুনির্দিষ্ট সংখ্যা বা অবস্থান জানাতে রাজি হয়নি। একটি সূত্রের ভাষ্য, আক্রান্ত স্থাপনার সংখ্যা ‘একটির বেশি, তবে ডজনখানেকের কম’। আরেকটি সূত্র জানিয়েছে, কয়েকটি স্থাপনায় হামলা হয়েছে।
লক্ষ্য নির্ধারণের রাশিয়ার তথ্য ব্যবহার করেছিল ইরান?
সূত্রগুলোর মতে, রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার ক্ষেত্রে ইরান রাশিয়ার দেওয়া লক্ষ্য নির্ধারণের তথ্য ব্যবহার করেছিল কি না, তা খতিয়ে দেখছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা।
তবে এ বিষয়ে এখনো সন্দেহ রয়ে গেছে। কয়েকটি সূত্র সতর্ক করে বলেছে, ইরানের মূল লক্ষ্য হয়তো পুরো মার্কিন দূতাবাসই ছিল, আর কাকতালীয়ভাবে হামলাটি সিআইএ স্টেশনে আঘাত হানে।
কিছু গোয়েন্দা বিশ্লেষকের ধারণা, যুক্তরাষ্ট্রের এমন সংবেদনশীল স্থাপনার অবস্থান শনাক্ত করে তা হামলার উপযোগী তথ্য হিসেবে সরবরাহ করার সক্ষমতা ও আগ্রহ রাশিয়া ছাড়া খুব কম দেশেরই রয়েছে।
সিআইএর সাবেক স্টেশন প্রধান ও আন্ডারকভার অপারেশন কর্মকর্তা ড্যানিয়েল হফম্যান বলেন, “মস্কো যদি তেহরানকে সিআইএর স্থাপনা লক্ষ্যবস্তু করতে সহায়তা করে থাকে, তবে তা মোটেও অস্বাভাবিক নয়।”
তার ভাষায়, “নিজ নিজ প্রভাব বলয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব কমিয়ে দেওয়া, এমনকি পুরোপুরি সরিয়ে দেওয়ার অভিন্ন লক্ষ্যই রাশিয়া ও ইরানকে এক করেছে।”