প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ১০:১২ এএম
আপডেট : ২৩ জুলাই ২০২৬ ১০:১৬ এএম
কানাডার দুগ্ধ সরবরাহ ব্যবস্থাপনা নীতি দেশটির অর্থনীতি ও গ্রামীণ সমাজের অন্যতম ভিত্তি। ছবি: সংগৃহীত
কানাডার দুগ্ধ সরবরাহ ব্যবস্থাপনা নীতিকে দেশটির রাজনৈতিকভাবে স্পর্শকাতর নীতিগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। তবে এটি দীর্ঘদিন ধরেই এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য কাঁটা হয়ে আছে।
সম্প্রতি কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া ২০ বিলিয়ন ডলারের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পক্ষে যে তিনটি প্রধান কারণ তুলে ধরেছেন ট্রাম্প, তার একটি এই দুগ্ধ সরবরাহ ব্যবস্থাপনা। নতুন এই শুল্ক আগামী আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা।
ট্রাম্পের অভিযোগ, দুধ, ডিম ও পোলট্রি খাতে উৎপাদন কোটা, নির্ধারিত মূল্য এবং আমদানি কোটাভিত্তিক এই ব্যবস্থা যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য অন্যায্য। কারণ, তারা তাদের পণ্য সহজে কানাডার বাজারে বিক্রি করতে পারেন না।
এ পরিস্থিতিতে কানাডার নীতিনির্ধারকরা স্পষ্টভাবে জানিয়েছেন- দুগ্ধ খাত নিয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
কানাডার সবচেয়ে বড় দুগ্ধ উৎপাদনকারী প্রদেশ কুইবেকের প্রিমিয়ার ক্রিস্টিন ফ্রেশেত মঙ্গলবার বলেছেন, “সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কোনো আপস হবে না।”
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যমন্ত্রী ডমিনিক ল্যাব্ল্যাঙ্ক বিবিসিকে বলেন, “এই ব্যবস্থা কানাডার অর্থনীতি ও গ্রামীণ সমাজের অন্যতম ভিত্তি। এটি কানাডার মানুষের জন্য দেশীয় খামারিদের উৎপাদিত উচ্চমানের দুগ্ধজাত পণ্য নিশ্চিত করে।
কানাডার দাবি, এই নীতি স্থানীয় কৃষকদের সুরক্ষা দেয় এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম ও সরবরাহে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে।
বাণিজ্য আলোচনায় এই ব্যবস্থায় ছাড় দেওয়ার ইঙ্গিত এলেই দুগ্ধ খামারিরা অতীতে ট্রাক্টর ও গবাদিপশু নিয়ে পার্লামেন্ট হিলে বিক্ষোভও করেছেন।
আন্তর্জাতিক ভোক্তা অধিকারবিষয়ক সংগঠন কনজিউমার চয়েস সেন্টারের কানাডা নীতিবিষয়ক পরিচালক ডেভিড ক্লেমেন্ট বলেন, “এটি দেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক লবি, যার প্রভাব প্রায় সব বড় রাজনৈতিক দলেই রয়েছে।”
কানাডার এই সরবরাহ ব্যবস্থাপনা চালু হয় ১৯৭০-এর দশকের শুরুতে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো কয়েকটি কমনওয়েলথ দেশ একই ধরনের নীতি তুলে নিলেও কানাডা এখনো তা বহাল রেখেছে।
এই ব্যবস্থায় কৃষকদের জন্য নির্দিষ্ট উৎপাদন কোটা নির্ধারণ করা হয়, যা তাদের কতটুকু দুধ উৎপাদন করা যাবে তা ঠিক করে দেয়। পাশাপাশি প্রতিটি প্রদেশের বিপণন বোর্ড দুধের দাম নির্ধারণ করে, ফলে কৃষকেরা নিশ্চিত আয় পান এবং দেশীয় বাজারেও স্থিতিশীল সরবরাহ বজায় থাকে।
নির্ধারিত কোটার মধ্যে সীমিত পরিমাণ বিদেশি দুগ্ধজাত পণ্য শুল্কমুক্ত বা কম শুল্কে কানাডায় প্রবেশ করতে পারে। কিন্তু কোটা অতিক্রম করলে ২০০ থেকে প্রায় ৩০০ শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হয়, যা বিদেশি উৎপাদকদের জন্য কানাডার বাজারে প্রবেশ প্রায় অসম্ভব করে তোলে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের দুগ্ধজাত পণ্য কানাডার বাজারের মাত্র ৩ দশমিক ৫ শতাংশে শুল্কমুক্ত প্রবেশাধিকার পায়। অথচ কানাডাই যুক্তরাষ্ট্রের অন্যতম বড় দুগ্ধপণ্য আমদানিকারক দেশ।
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কানাডা যুক্তরাষ্ট্র থেকে প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের দুগ্ধজাত পণ্য আমদানি করেছে।
যুক্তরাষ্ট্রের দুগ্ধ খামারিরা দীর্ঘদিন ধরেই কানাডার বাজারে আরও বেশি প্রবেশাধিকার দাবি করে আসছেন। কারণ, যুক্তরাষ্ট্রে বর্তমানে দুগ্ধ উৎপাদন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, যা দেশীয় চাহিদার তুলনায় অনেক বেশি। ফলে উৎপাদকরা অতিরিক্ত উৎপাদনের জন্য নতুন বাজার খুঁজছেন, আর প্রায় ৪ কোটি মানুষের কানাডার বাজারকে তারা সম্ভাবনাময় গন্তব্য হিসেবে দেখছেন।