× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ১৩:২৫ পিএম

গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: দ্য গার্ডিয়ান

গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: দ্য গার্ডিয়ান

সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ দিতে একটি দীর্ঘমেয়াদি চুক্তিতে অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল, দ্য নিউ ইয়র্ক টাইমস এবং রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চুক্তির মেয়াদ হবে ৩০ বছর। এ সময়ে সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচি উন্নয়নে মার্কিন কোম্পানিগুলো প্রযুক্তি, যন্ত্রপাতি ও পরামর্শ সহায়তা দেবে। বিনিময়ে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে কয়েক হাজার কোটি ডলার পরিশোধ করবে বলে জানা গেছে।

চুক্তির আওতায় মার্কিন-সৌদি সমীক্ষার ভিত্তিতে সৌদি আরবে একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র স্থাপনের সুযোগও তৈরি হতে পারে। এর ফলে দেশটির পারমাণবিক শক্তি খাতে মার্কিন কোম্পানিগুলোর বিনিয়োগের পথ আরও উন্মুক্ত হবে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই চুক্তির খসড়া মার্কিন কংগ্রেসে উপস্থাপন করা হবে। কংগ্রেসের দুই কক্ষ- হাউস অব রিপ্রেজেন্টেটিভস ও সিনেটে অনুমোদন পেলেই এটি কার্যকর হবে। খসড়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক পারমাণবিক সহযোগিতাসংক্রান্ত ‘১২৩ এগ্রিমেন্ট’ ও জমা দেওয়া হবে।

তবে চুক্তিটি নিয়ে ইতোমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন অনেক মার্কিন আইনপ্রণেতা ও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে কাজ করা বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা, সৌদি আরবকে নিজস্ব ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ দিলে মধ্যপ্রাচ্যে পারমাণবিক প্রতিযোগিতা আরও তীব্র হতে পারে এবং ভবিষ্যতে অস্ত্র তৈরির ঝুঁকি বেড়ে যাবে।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প অনুমোদিত এই চুক্তিতে পারমাণবিক সহযোগিতার ক্ষেত্রে বহুল আলোচিত ‘গোল্ড স্ট্যান্ডার্ড’ নীতি অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে সৌদি আরব চাইলে চুক্তির আওতায় থেকেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ব্যবহৃত পারমাণবিক জ্বালানির পুনঃপ্রক্রিয়াজাতকরণ চালিয়ে যেতে পারবে।

এ ছাড়া চুক্তিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ‘অ্যাডিশনাল প্রটোকল’ অন্তর্ভুক্ত করা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই প্রটোকল কার্যকর থাকলে আইএইএ আরও বিস্তৃত পরিদর্শন, নজরদারি ও যাচাই কার্যক্রম পরিচালনা করতে পারে। পরিবর্তে প্রকল্পের নিরাপত্তা ও তদারকির বিষয়গুলো যুক্তরাষ্ট্র ও সৌদি আরব দ্বিপাক্ষিকভাবে নির্ধারণ করবে।

এই চুক্তির ঘোষণা এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে। 

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান অতীতে একাধিকবার বলেছেন, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জন করে, তাহলে সৌদি আরবও নিজস্ব পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করবে। ফলে নতুন এই চুক্তি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে কী প্রভাব ফেলবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর আলোচনা শুরু হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা