তেহরানের ভালিআসর চত্বরে মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ব্যানারের পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন এক নারী। ছবি: দ্য গার্ডিয়ান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক সংঘাত দিনে দিনে আরও ভয়াবহ রূপ নিচ্ছে। টানা দশম রাতের মতো ইরানে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে পেন্টাগন।
অন্যদিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে মঙ্গলবার সকালেও একটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী, যার ফলে নাবিকরা বাধ্য হয়ে জাহাজ ছেড়ে পালিয়ে যান। ওমানের অদূরে সংঘটিত এই হামলার দায় স্বীকার করেছে ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী (আইআরজিসি)। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক অনিয়ন্ত্রিত ও পূর্ণাঙ্গ সংঘাতের দিকে ধাবিত হচ্ছে। খবর দ্য গার্ডিয়ানের।
যুক্তরাষ্ট্রের টানা বিমান হামলার জবাবে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি শেখ ঈসায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। এ ছাড়া কুয়েত ও জর্ডানে অবস্থানরত যুক্তরাষ্ট্রের বাহিনীর সামরিক ও রাডার স্থাপনা লক্ষ্য করেও পাল্টা হামলা চালিয়েছে তেহরান।
পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানিয়েছেন, গত দুই সপ্তাহে ইরানি হামলায় প্রায় ১০০ জন যুক্তরাষ্ট্রের সেনা আহত হয়েছেন। এর আগে গত সপ্তাহে ইরাক ও জর্ডানে যুক্তরাষ্ট্রের তিন সেনা নিহত হন। ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সেনাহত্যাকাণ্ডের জন্য ইরানকে ‘কয়েক গুণ বেশি মূল্য’ চোকাতে হবে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা চালানোর সক্ষমতা ধ্বংস করতেই তাদের এই হামলা। তারা ইরানের বন্দর আব্বাস, তাবরিজ এবং দেশটির একমাত্র বেসামরিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে থাকা বুশেহরের সামরিক লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হেনেছে।
সামরিক উত্তেজনার মধ্যেও মঙ্গলবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা থমকে দাঁড়ায়। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ০.৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮.৮৭ ডলারে নেমে এসেছে।
যুদ্ধ থামানোর লক্ষ্যে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানে জোর কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। আলোচনার জন্য ইসলামাবাদ পৌঁছেছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি। তিনি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই সংঘাত থেকে নিজেদের দূরে রাখার ইঙ্গিত দিয়েছে ইসরায়েল। দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ এক সম্মেলনে জানান, ওয়াশিংটন ও তেহরানের এই সীমিত সংঘাতে ইসরায়েলের যুক্ত হওয়ার কোনো ইচ্ছা বা আগ্রহ নেই। অন্যদিকে ওয়াশিংটন সফরে থাকা লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন আজ হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করছেন। দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও হিজবুল্লাহর অস্ত্রসমর্পণের চুক্তি কার্যকর করতেই এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
পারমাণবিক অস্ত্র তৈরির সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে একতরফা সামরিক অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল দুই পক্ষের মধ্যে প্রথমে ১৪ দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। অনেক আলোচনা ও বিতর্কের পর ১৭ জুন ইসলামাবাদ সমঝোতা স্মারকে ইলেকট্রনিক সই করেন ইরান ও যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্ট। কিন্তু ৭ জুলাই দুই দেশই যুদ্ধবিরতি ভেঙে আবার পাল্টাপাল্টি হামলা শুরু করে।