প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১৭:১৯ পিএম
চিলির ভিনিয়া দেল মার উপকূলে আছড়ে পড়ছে বিশালাকার ঢেউ। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস/এএফপি
চিলির উত্তরাঞ্চলে গত কয়েক দিনের রেকর্ড বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।
এতে ১ হাজারেও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সোমবার ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ত।
এএফপির এক খবরের বরাত দিয়ে মঙ্গলবার ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে।
দেশটির জাতীয় জরুরি পরিষেবা সংস্থা জানায়, দুর্যোগে ১০ জন নিহতের পাশাপাশি ১৭ জন আহত এবং ৪ জন নিখোঁজ রয়েছেন। সাধারণত শুষ্ক হিসেবে পরিচিত কোকিম্বো ও আতাকামা অঞ্চলে গত এক সপ্তাহ ধরে এই অস্বাভাবিক বৃষ্টিপাত চলছে।
চিলির আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত দুই দশকের মধ্যে দেশটিতে এমন ভয়াবহ বৃষ্টি আর দেখা যায়নি।
উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মাক্সিমো পাভেজ বলেন, “এক মাসে যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা, তা মাত্র এক ঘণ্টায় হয়েছে।”
জরুরি অবস্থা জারির ফলে এখন দুর্গত এলাকায় সেনাবাহিনী মোতায়েন ও দ্রুত ত্রাণ পৌঁছানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে উদ্ধারকারী দল নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।