× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিল্লিতে ককরোচ পার্টির সংসদমুখী মিছিল, পুলিশের টিয়ার গ্যাস ও লাঠিচার্জ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ১৬:৩৪ পিএম

আপডেট : ২০ জুলাই ২০২৬ ১৬:৫৬ পিএম

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলাকালে ‘ককরোচ জনতা পার্টি’র কর্মী ও সমর্থকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করছে পুলিশ। ছবি: এএফপি

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলাকালে ‘ককরোচ জনতা পার্টি’র কর্মী ও সমর্থকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করছে পুলিশ। ছবি: এএফপি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি, পরীক্ষার প্রশ্নফাঁসের বিরুদ্ধে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যুবনেতৃত্বাধীন ‘ককরোচ’ আন্দোলনের সমর্থকদের ওপর পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে।

ভারতের সংসদের দিকে সোমবার অগ্রসর হওয়া এ বিক্ষোভে ১০ হাজারেরও বেশি মানুষ অংশ নেন, যা এখন পর্যন্ত আন্দোলনের সবচেয়ে বড় সমাবেশ বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

দ্য গার্ডিয়ান বলছে, পুলিশের অনুমতি না পেলেও হাজারো শিক্ষার্থী, মানবাধিকারকর্মী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী সংসদের বর্ষাকালীন অধিবেশন চলাকালে বিক্ষোভে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

বিগত কয়েকমাস ধরে চলে আসা এই আন্দোলন নতুন গতি পায় গত শনিবার অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে পুলিশ জোরপূর্বক হাসপাতালে নিয়ে যাওয়ার পর। এরপর থেকেই তার প্রতি সংহতি জানিয়ে জন্তর মন্তরে বিক্ষোভকারীদের উপস্থিতি বাড়তে থাকে। অনেকের হাতে ছিল ওয়াংচুকের ছবি ও পোস্টার; কেউ কেউ শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারের দাবিও জানান।

আন্দোলনকারীদের অভিযোগ, তাদের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে পুলিশ আটক করেছে।

এর আগে রবিবার রাত থেকেই হাজারো মানুষ দিল্লির জন্তর মন্তরে জড়ো হন। সোমবার সকাল থেকে তারা সংসদের উদ্দেশে পদযাত্রা শুরু করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এদিনই ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হয়েছে।

আল জাজিরার দিল্লি প্রতিনিধি নেহা পুনিয়া জানান, সংসদ এলাকায় যাওয়ার পথে কয়েকটি মেট্রো স্টেশনের বের হওয়ার পথ বন্ধ করে দেওয়া হলেও বিক্ষোভকারীরা দূরের স্টেশনে নেমে হেঁটে সমাবেশস্থলে পৌঁছান। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দাঙ্গা পুলিশকে লাঠি ব্যবহার করে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে দেখা গেলেও দিল্লি পুলিশ সংঘর্ষের খবর অস্বীকার করেছে।

দিল্লির উপ-পুলিশ কমিশনার সচিন শর্মা বলেন, “জন্তর মন্তরের নির্ধারিত স্থান পূর্ণ হয়ে গেছে এবং অতিরিক্ত ভিড় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে পারে”।

তিনি আন্দোলনকারীদের বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানান।

কেন শুরু হলো এই আন্দোলন

ভারতের শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি ও পরীক্ষা পরিচালনায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করেই এই আন্দোলনের সূচনা। গত মে মাসে অনুষ্ঠিত মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রায় ২২ লাখ পরীক্ষার্থীকে কঠোর নিরাপত্তার মধ্যে পুনরায় পরীক্ষা দিতে হয়। প্রশ্নফাঁস ঠেকাতে সরকার সাময়িকভাবে টেলিগ্রাম অ্যাপও নিষিদ্ধ করেছিল।

পরীক্ষা বাতিল হওয়ায় দীর্ঘদিনের প্রস্তুতি ও মানসিক চাপে থাকা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ সময় একাধিক শিক্ষার্থী আত্মহত্যা করেন।

এদিকে ভারতের সুপ্রিম কোর্টের এক প্রধান বিচারপতি বেকার তরুণদের প্রসঙ্গে ‘ককরোচ’ শব্দ ব্যবহার করলে আন্দোলনকারীরা সেই অপমানজনক শব্দকেই প্রতিবাদের প্রতীক হিসেবে গ্রহণ করেন। প্রথমে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ও মিমের মাধ্যমে শুরু হওয়া এই প্রচারণা ধীরে ধীরে একটি বৃহৎ গণআন্দোলনে রূপ নেয়, যার সর্বশেষ প্রকাশ দেখা গেল সোমবারের এই বিশাল মিছিলে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা