প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ১৬:১৮ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৬ ০১:৩৮ এএম
শ্রীলঙ্কা ও পাকিস্তানের পরিস্থিতি বিবেচনা করে চীনের সঙ্গে যেকোনও ধরনের সমঝোতা করার আগে বাংলাদেশের পক্ষে বাড়তি সতর্কতা জরুরি। চীনা ঋণের ফাঁদে এই দুই দেশ প্রায় দেউলিয়া। বাংলাদেশের আর্থিক অবস্থাও খুব ভালো নয়। এই অবস্থায় অতিরিক্ত চীন নির্ভরতায় যুক্তরাষ্ট্রের পাশাপাশি পশ্চিমাদের সঙ্গেও সম্পর্ক খারাপ হতে পারে। চীনের প্রস্তাবিত চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর (সিএমবিসি) নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে দক্ষিণ এশিয়ায়। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কও বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকছে। সেইসঙ্গে মিয়ানমারের অভ্যন্তরীন অস্থিরতার প্রভাব পড়তে পারে বাংলাদেশেও। বাড়তে পারে রোহিঙ্গা সমস্যা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর সিএমবিসি বাস্তবায়ণে বেজিংয়ের সক্রিয়তা অনেকটাই বেড়েছে। ভারত মহাসাগরে নিজেদের দখলদারির স্বার্থে তারা বাংলাদেশকে ব্যবহার করতে চায়। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে জিম্মি রেখে চীনা ঋণের ফাঁদে পড়লে আমাদের অবস্থাও শ্রীলঙ্কা বা পাকিস্তানের মতোই হবে। বিআরই বা সিএমবিসির আসল লক্ষ্যই হচ্ছে চীনা আধিপত্য বিস্তার।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সিএমবিসি বাস্তবায়ণে বদ্ধপরিকর। তাই নানা উপায়ে বাংলাদেশে তারা চাপ সৃষ্টি করছে। তবে এবিষয়ে সতর্ক বাংলাদেশ সরকার। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, ‘সিএমবিসির প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট ইস্যুতে সরকার কোনও অবস্থান নেয়নি।’ মিয়ানমারের গৃহযুদ্ধের বিষয়েও তিনি ওয়াকিবহাল। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মিয়ানমারের মধ্যে দিয়ে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার আগে রাখাইন প্রদেশে ‘শান্তি ও স্থিতিশীলতা’ ফিরে আসা জরুরি।
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকেই বাংলাদেশ থেকে মিয়ানমার এবং চীন হয়ে একটি অর্থনৈতিক করিডোর তৈরির বিষয়ে প্রস্তাবটি নতুন করে এসেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, তারেক রহমানের চীন সফরে বিসিআইএম (বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার) অর্থনৈতিক করিডোর, চট্টগ্রাম বন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলা এবং মোংলা বন্দরের আধুনিকায়নের মাধ্যমে আঞ্চলিক কানেক্টিভিটি বাড়ানোর বিয়ে আলোচনা হয়েছে।
ভারত এই প্রকল্পে নেই। ভারতকে বাদ দিয়ে চীন নতুন প্রস্তাব তৈরি করে বাংলাদেশকে আকৃষ্ট করতে নানাধরনের কৌশল হাতে নিয়েছে। মিয়ানমারের কিয়াউকপিউ বন্দরকে কেন্দ্র করে চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডর দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। এই অঞ্চলের সামরিক শক্তিরও পুনর্বিন্যাস ঘটিয়ে চীন নিজের একক আধিপত্য বিস্তারে মরিয়া। সিএমবিসি আসলে চীনের জন্য মালাক্কা প্রণালীর বিকল্প ও ভারত মহাসাগরে পৌঁছানোর গুরুত্বপূর্ণ পথ হিসাবে উঠে আসবে। ইউনান থেকে রাখাইন পর্যন্ত বিস্তৃত এ করিডরে রেল, সড়ক ও জ্বালানি পাইপলাইন বসানোর পরিকল্পনা রয়েছে তাদের।
চীনা পরিকল্পনা অনুযায়ী তাদের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং থেকে এই করিডোর যাবে মিয়ানমারের মান্দালয়। মান্দালয় থেকে করিডোরের যাত্রা পথ দুদিকে ধাবিত হবে। একটি পথ শেষ হবে ইয়াঙ্গনে। অন্যটি রাখাইনের মধ্যে দিয়ে কিয়াউকফিউ গভীর সমুদ্রবন্দরে গিয়ে মিশবে। চীনের এই দীর্ঘমেয়াদি পরিকল্পনায় প্রকাশ্যে বাণিজ্যিক সুবিধার কথা বলা হলেও শ্রীলঙ্কার মতোই তারা এখানেও সামরিক ঘাঁটি গড়ে তুলে নিজেদের আধিপত্য বিস্তার করতে চায় বেজিং।
চীনা পরিকল্পনা অনুযায়ী মিয়ানমারের রাখাইন রাজ্যের মধ্যে দিয়ে বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজারের মিশবে সিএমবিসি। গোটা প্রকল্প বাস্তবায়িত হলে মোংলা বন্দর সড়কপথে সরাসরি বেজিংয়ের সঙ্গে যুক্ত হবে। বঙ্গোপসাগরেও বাড়বে চীনা আধিপত্য।
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন নিয়মিত বিভিন্ন মাধ্যমকে কাজে লাগিয়ে প্রভাবশালীদের সমর্থন আদায়ের চেষ্টা করে চলছেন। তিনি নিজেই বলেছেন, ‘প্রায় ১৫ বছর আগে আমরা চিন-মায়ানমার-বাংলাদেশ-ভারত আর্থিক করিডরের প্রস্তাব দিয়েছিলাম। প্রাথমিক পর্যায়ে এই নিয়ে কথাবার্তাও কিছুটা এগিয়েছিল। কিন্তু, তাতে তেমন কোনও সাফল্য পাওয়া যায়নি। এখন দিল্লিকে বাদ দিয়ে নতুন করে চেষ্টা করা হচ্ছে। তবে তারা যদি নতুন করে এই প্রকল্পে যুক্ত হতে চায়, তাতে আমাদের কোনও আপত্তি নেই।’
আসলে দক্ষিণ চীন সাগরে নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করতে চাইছে চীন। বহু দেশ এখন চীন সম্পর্কে বাড়তি সতর্ক। বিভিন্ন দেশের সঙ্গে চীনের বানিজ্যিক সম্পর্কও শীতল হচ্ছে। এমনকী তাদের বিআরআই থেকেও বেড়িয়ে আসতে চাইছে বহু দেশ। পাকিস্তানের সাধারণ মানুষের অভিযোগ, ভূগর্ভস্থ খণিজ ও রত্নভান্ডার চীনা সংস্থাগুলো লুট করছে। শ্রীলঙ্কার অভিজ্ঞতা আরও ভয়াবহ। এই অবস্থায় বাংলাদেশকেও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে কূটনৈতিকমহল। চীনের সাবেক প্রেসিডেন্ট হু জিনতাওয়ের তৈরি ফাঁদ ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ (বিআরআই)। তার সেই ফাঁদকেই আরও তীব্র আকাড়ে ব্যবহার করছেন প্রেসিডেন্ট শি জিনপিং। অবকাঠামোর ব্যাপক উন্নয়নের নামে রয়েছে বিপুল পরিমান চীনা ঋণের ফাঁদ। তাই বিআরআই থেকে বেরিয়ে আসতে চাইছে অনেকে। আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা বলছেন, বিআরআইয়ের থেকেও ভয়ঙ্কর সিএমবিসির শর্ত।
এমনিতেই ২০১৭ সাল থেকে রোহিঙ্গা সমস্যায় ভুগছে বাংলাদেশ। প্রস্তাবিত সিএমবিসি মিয়ানমারের রাখাইন রাজ্যের মধ্যে দিয়ে যাবে। চলমান গৃহযুদ্ধের কারণে সেই এলাকার উপর কোনও নিয়ন্ত্রণ নেই সামরিক সরকারের। রাখাইন এখন পুরোপুরি বিদ্রোহী আরাকান আর্মির দখলে রয়েছে। অর্থনৈতিক করিডরের প্রস্তাব তারা মানবে না, এমনটাই ইঙ্গিত মিলছে বিভিন্ন সূত্র থেকে। যোগাযোগ ও অর্থনীতির ‘ব্যাপ্তি বাড়াতে’ চীন আসলে মিয়ানমারকে তাদের অধীনস্থ করে তুলতে চাইছে। সেখানে তারা সামরিক ঘাঁটি বানিয়ে বিদ্রোহীদের দমন করে নিজেরাই শাসন করতে চায় মিয়ানমার। লুঠ করতে চায় সেখানকার প্রাকৃতিক সম্পদ ও নৌ পরিবহণ বন্দোবস্তকে।
অন্যদিকে, নিজেদের উত্তর-পূর্বের রাজ্যগুলির পণ্য পরিবহণ বাড়াতে রাখাইন রাজ্যের সিট্টাওয়ে বন্দর পর্যন্ত একটি রাস্তা নির্মাণের কাজ হাতে নিয়েছে ভারত। এই সড়ক প্রকল্পের নাম ‘কালাদান মাল্টি মডেল ট্রানজ়িট ট্রান্সপোর্ট প্রজেক্ট’। সংশ্লিষ্ট প্রকল্পের মাধ্যমে কলকাতা বা হলদিয়া বন্দর থেকে সিট্টাওয়ে বন্দর হয়ে কালাদান নদী পেরিয়ে সড়কপথে মিজোরাম পর্যন্ত গড়ে উঠবে যোগাযোগ ব্যবস্থা। মিয়ানমারের বিদ্রোহীরাও ভারতকে এই সড়ক নির্মাণে সম্মতির ইঙ্গিত দিয়েছে। কারণ ভারতের এই প্রকল্পটি পুরোপুরি বানিজ্যিক যোগাযোগ ব্যবস্থার কারণেই গড়ে উঠেছে। কোনও সামরিক উদ্দেশ্য নয়াদিল্লির নেই।
চলতি বছরেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলি দেশটির ৪২ শতাংশ জমি কব্জা করে রেখেছে। এই অবস্থায় কুনমিং থেকে মিয়ানমারের সামুদ্র বন্দর পর্যন্ত ১ হাজার ৭০০ কিমি দীর্ঘ সড়ক, রেল ও পাইপলাইন সংযোগ স্থাপন করে অর্থনৈতিক করিডোর গড়ে তোলা এমনিতেই বেশ কঠিন। এরসঙ্গে বাংলাদেশ যুক্ত হলে রাখাইন সমস্যাও সরাসরি বাংলাদেশে এসে পড়বে। বাড়বে রোহিঙ্গা শরণার্থীদের সংখ্যাও।
১৯৯৯ সালে প্রথমে শুরু হয় বিসিআইএম নিয়ে পরিকল্পনা। কিন্তু ভারত সবদিক বিবেচনা করে উৎসাহ দেখায়নি। কারণ দিল্লি কখনও নিজেদের দেশের জন্য বিপজ্জনক কোনও প্রকল্পে সামিল হয় না। এখন তাই দিল্লিকে বাদ দিয়েই ঢাকাকে সঙ্গে নিয়ে বেজিং চাইছে সিবিএমসি।
চীনের সঙ্গে বাড়তি সম্পর্ক গড়ে তোলা কিন্তু আমাদের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এই সখ্যতায় অখুশি হতেই পারে। বাংলাদেশের সেন্ট মার্টিন প্রবালদ্বীপে সামরিক ঘাঁটি গড়তে চেয়েছিল তারা। স্বাভাবিক কারণেই আমরা তাতে সম্মতি দিইনি। এখন বেজিংয়ের কাছে নিজেদের নিরাপত্তা ব্যবস্থা বন্দক রেখে দক্ষিণ এশিয়ায় চীনা আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ করে দিলে চটবেই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মনে রাখতে হবে, দেশের আর্থিক পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক মুদ্রাভান্ডার (আইএমএফ) থেকে ৪০০-৪৫০ কোটি ডলার ঋণ চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আইএমএফের সম্পূর্ণ নিয়ন্ত্রণ কিন্তু যুক্তরাষ্ট্রের হাতে। চীনের সঙ্গে বাড়তি বন্ধুত্ব সেই ঋণের সম্ভাবনাকেও কিন্তু হাতছাড়া করতে পারে। সঙ্গে রয়েছে পশ্চিমাদের সঙ্গে সম্পর্কের অবনতির আশঙ্কাও।